ক্ষেপণাস্ত্র স্থাপনা পুনর্নির্মাণের কাজ প্রায় শেষ করেছে উ. কোরিয়া: সিউল
উত্তর কোরিয়া একটি দূরপাল্লার রকেট উৎক্ষেপণ কেন্দ্র পুনর্নির্মাণের কাজ প্রায় শেষ করে ফেলেছে বলে দক্ষিণ কোরিয়া জানিয়েছে। এই স্থাপনাটি এক সময় বন্ধ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার একদল সংসদ সদস্য সেদেশের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যে গতমাসে ভিয়েতনামে এক ব্যর্থ বৈঠক অনুষ্ঠিত হওয়ার এক মাস পর সিউলের পক্ষ থেকে এ তথ্য জানানো হলো। এ খবরের সত্যতা নিশ্চিত হলে তার ফলে উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়া আরেক ধাপ পিছিয়ে যাবে।
ফেব্রুয়ারি মাসে ভিয়েতনাম শীর্ষ বৈঠক ব্যর্থ হওয়ার পরপরই স্যাটেলাইট থেকে নেয়া ছবিতে দেখা যায়, উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ‘সোহাই’তে কর্মযজ্ঞ বেড়ে গেছে। ওই ছবির ভিত্তিতে পর্যবেক্ষকরা বলে আসছিলেন, উত্তর কোরিয়া হয়ত শিগগিরই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা মহাকাশযান নিক্ষেপ করবে।
দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্য কিম মিন-কি রুদ্ধদ্বার বৈঠকের পর সাংবাদিকদের জানান, “উত্তর কোরিয়া ওই স্থাপনা পুনর্নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। গত বছরের জুলাই থেকে ওই স্থাপনা অকার্যকর করার কাজ শুরু হয়েছিল এবং তা গতমাসের ব্যর্থ শীর্ষ বৈঠক পর্যন্ত অব্যাহত ছিল।”তিনি আরো জানান, “স্থাপনাটি পুনর্নির্মাণের কাজ প্রায় শেষ; এখন শুধুমাত্র রক্ষণাবেক্ষণের কিছু কাজ বাকি রয়েছে।”
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা মহাকাশযান নিক্ষেপের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান/৩০