ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমসের পুলিৎজার পুরস্কার কেড়ে নিন: ট্রাম্প
-
ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের দৈনিক ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমসের পুলিৎজার পুরস্কার কেড়ে নেয়ার দাবি জানিয়েছেন। ২০১৬ সালের শেষ দিকে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প রাশিয়ার সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে জয়ী হয়েছিলেন বলে অনুসন্ধানি প্রতিবেদন প্রকাশ করে ওই পুরস্কার জিতেছিল দুই মার্কিন পত্রিকা। কিন্তু সম্প্রতি দীর্ঘ এক তদন্ত শেষে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের কোনো যোগসাজশ হয়নি।
ট্রাম্প এক টুইটার বার্তায় লিখেছেন, এটা অত্যন্ত হাস্যকর যে, ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস রাশিয়ার সঙ্গে যোগসাজশ সংক্রান্ত খবরের জন্য পুলিৎজার পুরস্কার লাভ করেছে যদিও খবরটি ছিল নেতিবাচক ও মিথ্যা। ট্রাম্প আরো লিখেছেন, পত্রিকা দু’টি হয় প্রতারণা করেছে অথবা দুর্নীতির আশ্রয় নিয়েছে। কাজেই পুলিৎজার কমিটির উচিত ওই দুই পত্রিকার পুরস্কার কেড়ে নেয়া।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার সঙ্গে রুশ সংযোগ ছিল না বলে গত ২৫ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেন এ ঘটনা তদন্তে নিযুক্ত বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার। ট্রাম্প বরাবর এই তদন্ত প্রক্রিয়াকে তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দাবি করে এসেছেন।
এর আগে ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস অনুসন্ধানি প্রতিবেদন প্রকাশ করে বলেছিল, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল এবং ট্রাম্পের নির্বাচনি প্রচারণা দলের সঙ্গে মস্কোর গোপন আঁতাত হয়েছিল। ওই প্রতিবেদনের জের ধরে ২০১৮ সালে দুই পত্রিকাকে পুলিৎজার পুরস্কার দেয়া হয়। পুলিৎজার মার্কিন যুক্তরাষ্ট্রে ছাপার সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীতের সর্বোচ্চ পুরস্কার হিসেবে বহুল সমাদৃত। নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত কলাম্বিয়া ইউনিভার্সিটি এর প্রশাসকের ভূমিকা পালন করে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান/৩০