চীনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল: ২৬ অগ্নিনির্বাপন কর্মী নিহত
https://parstoday.ir/bn/news/world-i69286-চীনের_দক্ষিণাঞ্চলে_ভয়াবহ_দাবানল_২৬_অগ্নিনির্বাপন_কর্মী_নিহত
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের জঙ্গলে ভয়াবহ দাবানল প্রতিহত করার দায়িত্বে নিয়োজিত অন্তত ২৬ জন অগ্নিনির্বাপন কর্মী নিহত হয়েছেন। দাবানল প্রতিহত করার কাজে প্রায় ৭০০ কর্মী নিয়োগ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০১, ২০১৯ ১৪:২১ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের জঙ্গলে ভয়াবহ দাবানল প্রতিহত করার দায়িত্বে নিয়োজিত অন্তত ২৬ জন অগ্নিনির্বাপন কর্মী নিহত হয়েছেন। দাবানল প্রতিহত করার কাজে প্রায় ৭০০ কর্মী নিয়োগ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

 

চীনের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, প্রদেশের ‘মুলি' কাউন্টিতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,০০০ মিটার উঁচুতে অবস্থিত জঙ্গলে শনিবার আগুন ধরে যায়। সেই আগুন নেভাতে সেখানে শত শত দমকল কর্মী ছুটে যান।

মন্ত্রণালয় এক বিবৃতিতে আরো জানিয়েছে, এরপর গতকাল (রোববার) বিকেলে দাবানল হঠাৎ গতিপথ পরিবর্তন করলে ৩০ জন কর্মীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ২৬ দমকল কর্মীর লাশ উদ্ধার করেছেন এবং বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং পরিস্থিতি সামাল দেয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

এদিকে চীনের সরকারি বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় শানশি প্রদেশে পৃথক একটি দাবানল দু’দিনের প্রচেষ্টায় রোববার নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। ওই দাবানল থেকে রক্ষা পেতে অন্তত ৯,০০০ অধিবাসীকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে এবং সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় হেলিয়ংজিয়াং প্রদেশে ১৯৮৭ সালে দেশটির সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছিল। ওই ঘটনায় ১১৯ জন নিহত ও ১০২ জন আহত হন।  এ ছাড়া, বাস্তুহারা হয়েছিলেন ৫১‌,০০০ মানুষ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান১