নিষেধাজ্ঞা দিয়ে ইরানি জাতিকে স্বাভাবিক জীবনে ফেরাতে চায় আমেরিকা!
https://parstoday.ir/bn/news/world-i69547-নিষেধাজ্ঞা_দিয়ে_ইরানি_জাতিকে_স্বাভাবিক_জীবনে_ফেরাতে_চায়_আমেরিকা!
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ পর্যায়ের চাপ প্রয়োগ অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি দাবি করেছেন, হোয়াইট হাউজের পাশাপাশি মার্কিন সিনেটররাও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শক্তিশালী করতে চান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৪, ২০১৯ ০০:৩০ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ পর্যায়ের চাপ প্রয়োগ অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি দাবি করেছেন, হোয়াইট হাউজের পাশাপাশি মার্কিন সিনেটররাও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা শক্তিশালী করতে চান।

পম্পেও শনিবার ওয়াশিংটনে এক বক্তৃতায় হাস্যকরভাবে ইরানকে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় সমর্থক হিসেবে উল্লেখ করে দাবি করেন, নিষেধাজ্ঞা ও চাপ প্রয়োগের মাধ্যমে ইরানি জাতিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছে মার্কিন প্রশাসন।

পম্পেও এমন সময় ইরানকে সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যখন ইরাক ও সিরিয়া থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) উৎখাতে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে তেহরান।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন। এরপর তিনি ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। ট্রাম্পের এ পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিবাদ ও নিন্দার ঝড় তোলে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গত ৯ জানুয়ারি এক জনসমাবেশে দেয়া ভাষণে বলেন, “মার্কিনীরা সন্তুষ্টচিত্তে দাবি করছে, এবার তারা ইরানি জাতির বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা ইতিহাসে নজিরবিহীন। কিন্তু আমরা বলতে চাই ইনশা আল্লাহ ইরানি জাতি এবার মার্কিনীদেরকে যে পরাজয়ের সম্মুখীন করবে তা হবে ইতিহাসে নজিরবিহীন।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফও সম্প্রতি এক টুইটার বার্তায় বলেন, ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্যাপারে যে নীতি গ্রহণ করেছেন তা ব্যর্থ হতে বাধ্য। ট্রাম্প ইরানের বিরুদ্ধে নিজের ব্যর্থতাকে সাফল্য হিসেবে তুলে ধরার যত চেষ্টাই করুন না কেন তা কোনো ফল বয়ে আনবে না। ইরানি জনগণ কখনোই মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪