ইরানি ধাতু শিল্পের ওপর মার্কিন নিষেধাজ্ঞা; প্রতিবাদ করছে চীন
-
চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গাও ফেং
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ধাতু শিল্প তথা স্টিল ও খনি খাতের ওপর মার্কিন সরকার নতুন করে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার প্রতিবাদ করেছে চীন।
চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গাও ফেং আজ (বৃহস্পতিবার) বলেছেন, তেহরান ও বেইজিং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। তেহরানের ওপর বেড়ে চলা মার্কিন চাপের মোকাবেলায় চীনা কোম্পানিগুলোর অধিকার রক্ষা করবে বেইজিং।
গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের স্টিল ও খনি খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশে সই করেছেন। এর একদিন পর চীন এসব কথা বলল।
ইরানের রাজস্ব খাতকে আরো কঠিন অবস্থার মুখে ফেলে দেয়ার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন। স্টিল রপ্তানি খাত থেকে ইরান মোট রাজস্বের শতকরা ১০ ভাগ আয় করে থাকে।
এছাড়া, ইরানি তেল কেনার বিষয়ে মার্কিন ছাড় বাতিল করারও সমালোচনা করেন চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, মার্কিন সরকারের এ পদক্ষেপে আন্তর্জাতিক জ্বালানি বাজার আরো বেশি অস্থিতিশীল হয়ে উঠবে।#
পার্সটুডে/এসআইবি/৯