সংঘাত নয়, ইরানের সঙ্গে সংলাপ চায় ইউরোপ: জার্মান পররাষ্ট্রমন্ত্রী
-
জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস
জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো ম্যাস বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সংঘাত নয় বরং সংলাপ চায় ইউরোপীয় ইউনিয়ন। তিনি বলেন, অব্যাহতভাবে বাগাড়ম্বর ও উসকানি প্রত্যাখ্যান করে যাবে এ জোট এবং এর বিপরীতে ইউরোপ সংলাপের মাধ্যমে ইরানের সঙ্গে পরমাণু বিরোধ নিরসনের চেষ্টা করবে।
গতকাল (শনিবার) জার্মানির একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ম্যাস আরো বলেন, “গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন তাতে জার্মানি এখনো হতবুদ্ধি। কীভাবে আমেরিকা একটি আন্তর্জাতিক চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে গেল জার্মানির কাছে তা এখনো বোধগম্য নয়।”
জার্মানির এ শীর্ষ কূটনীতিক বলেন, “পরমাণু সমঝোতায় সই করা ইউরোপীয় ইউনিয়নের সদস্য ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি মনে করে যে, তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের যে নীতি গ্রহণ করেছে আমেরিকা তা ইতিবাচক কোনো ফল বয়ে আনবে না। সমস্যা সমাধানে এ নীতি কোনো সাহায্যও করবে না। আমরা উসকানির পরিবর্তে সংলাপ চাই।”
জার্মান পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, অদৃশ্য কোনো ঘটনা ইরান ও আমেরিকার মধ্যে সামরিক সংঘাত অনিবার্য করতে তুলতে পারে।#
পার্সটুডে/এসআইবি/১৯