পরমাণু সমঝোতা বাস্তবায়নই উত্তেজনা কমানোর একমাত্র পথ: চীন
-
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং
চীন বলেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আমেরিকার মধ্যে যে সামরিক উত্তেজনা বিরাজ করছে তা কমানোর একমাত্র পথ হচ্ছে পরমাণু সমঝোতা বাস্তবায়ন করা।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং গতকাল (বুধবার) বলেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার সব পক্ষ মাঝেমধ্যেই পরস্পরের সঙ্গে যোগাযোগ ও পরামর্শ করছে এবং সবাই এ সমঝোতা রক্ষা ও বাস্তবায়ন করার বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করছে।
লু ক্যাং বলেন, পরমাণু সমঝোতার পরিপূর্ণ ও কার্যকর বাস্তবায়ন শুধুমাত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাবের চাওয়া নয় বরং ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যে উত্তেজনা দেখা দিয়েছে তার বাস্তবধর্মী ও কার্যকর সমাধানের একমাত্র পথ হচ্ছে এটি। এ লক্ষ্য অর্জনের জন্য চীন সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে অব্যাহতভাবে কাজ করবে।
ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে রকেট হামলার বিষয়ে চীনের এ মুখপাত্র মঙ্গলবার বলেছেন, “আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি যে, দ্বন্দ্ব ও সংঘাত আমাদের জন্য কোনো সমাধান বয়ে আনবে না বরং সংলাপ ও পরামর্শই হচ্ছে সমস্যা সমাধানের একমাত্র পথ। আমরা আশা করি সব পক্ষ ধৈর্যধারণ করবে এবং সংলাপের প্রচেষ্টা জোরদার করবে।”#
পার্সটুডে/এসআইবি/২৩