পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করতে তেহরানে জার্মান পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i71087-পরমাণু_সমঝোতা_নিয়ে_আলোচনা_করতে_তেহরানে_জার্মান_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ‘হেইকো মাস’ আজ (সোমবার) তেহরানে পৌঁছেছেন। ইরাক সফর শেষ করে তিনি সোমবার ভোররাতে তেহরানে পৌঁছান। আজ আরো পরে প্রথমে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও পরে প্রেসিডেন্ট হাসান রুহানি’র সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১০, ২০১৯ ০১:৪৯ Asia/Dhaka
  • জার্মান পররাষ্ট্রমন্ত্রী ‘হেইকো মাস’
    জার্মান পররাষ্ট্রমন্ত্রী ‘হেইকো মাস’

ইরানের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ‘হেইকো মাস’ আজ (সোমবার) তেহরানে পৌঁছেছেন। ইরাক সফর শেষ করে তিনি সোমবার ভোররাতে তেহরানে পৌঁছান। আজ আরো পরে প্রথমে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ও পরে প্রেসিডেন্ট হাসান রুহানি’র সঙ্গে সাক্ষাৎ করবেন বলে কথা রয়েছে।

এসব সাক্ষাতে জার্মানিসহ পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা ও ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের জন্য ইউরোপের তৈরি বিশেষ ব্যবস্থা ‘ইন্সটেক্স’র সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

বহু মাস অপেক্ষার পর চলতি বছরের ৩১ জানুয়ারি ইউরোপের পক্ষ থেকে ‘ইন্সটেক্স’ ব্যবস্থা স্থাপনের ঘোষণা দেয়া হয়। কিন্তু প্রায় ছয় মাস পর আজও ওই ব্যবস্থা চালু হয়নি।

ইরান আসার আগে ইরাক সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন হেইকো মাস

২০১৮ সালের মে মাসে আমেরিকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পরপরই ইউরোপ ইরানকে এরকম একটি বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা চালু করার আশ্বাস দিয়ে তেহরানকে এ সমঝোতায় ধরে রাখার চেষ্টা করে। কিন্তু সে ব্যবস্থা তৈরি করতেই তাদের প্রায় আট মাস লেগে যায়।

ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি পরমাণু সমঝোতার আওতায় ইরানকে প্রয়োজনীয় আর্থিক সুবিধা দেয়ার মৌখিক প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তারা কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় ইরান সম্প্রতি ইউরোপকে সতর্ক করে দিয়ে বলেছে, তেহরান ইউরোপের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করতে পারবে না।

তেহরানের এ হুঁশিয়ারি নিয়ে আলোচনা করতেই দৃশ্যত জার্মান পররাষ্ট্রমন্ত্রী তেহরান সফরে এসেছেন। ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর জন্য তিনি কি বার্তা নিয়ে এসেছেন সেটিই এখন দেখার বিষয়।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৯