হিথরোতে যাত্রীবাহী বিমানকে আঘাত করেছে ‘ড্রোন’
লন্ডনের হিথরো বিমান বন্দরের দিকে এগিয়ে যাওয়ার সময় ড্রোন একটি বিমানকে আঘাত করেছে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য এ সত্ত্বেও বিমানটি নিরাপদে হিথরো বিমানবন্দরে নামতে পেরেছে।
ব্রিটিশ এয়ারওয়েজের এ ফ্লাইটে ১৩২ জন যাত্রী ছিল এবং এটি জেনেভা থেকে ফিরছিল। স্থানীয় সময়ে ১২টা ৫০ মিনিটের সময় এ ঘটনা ঘটেছে। নামার পর পাইলট জানান, বিমানবন্দরের দিকে এগিয়ে আসার সময়ে কোনো বস্তু এয়ারবাস এ৩২০কে আঘাত করেছে; বস্তুটি ড্রোন বলে ধারণা করা হচ্ছে।
হিথরোর এভিয়েশন পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এ পর্যন্ত কাউকে আটক করা হয় নি। এদিকে ব্রিটিশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, বিমানবন্দরের কাছে ড্রোন ওড়ানোর ঘটনা কোনো ভাবেই মেনে নেয়া হবে না। কেউ যদি এ আইন ভেঙ্গে থাকে তবে তাকে কঠোর শান্তি ভোগ করতে হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।#
মূসা রেজা/১৮