উত্তেজনা নিরসনে সহায়তা করতে ইরান সফরে ফরাসি দূত
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আমেরিকার মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে সহায়তা করতে তেহরান সফর করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরনের শীর্ষ কূটনৈতিক উপদেষ্টা ইমানুয়েল বোন।
ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছে, “ইমানুয়েল বোন প্রকৃতপক্ষে ১৯ জুন ইরান সফর করেন যাতে দেশটির শীষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা যায়। এসব বৈঠকের মূল উদ্দেশ্য ছিল আঞ্চলিক উত্তেজনা কমানোর ক্ষেত্রে সাহায্য করা।”
ফ্রান্সের এ কূটনীতিক মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ এবং এর আগে তিনি ইরানে থেকেছেন। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি তেহরানে ফরাসি দূতাবাসে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।
ইমানুয়েল বোনের তেহরান সফরের আগে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রাঁ ঘোষণা করেন যে, ইরান ও আমরিকার উত্তেজনা নিরসনে প্রচেষ্টা জোরদার করবে। গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করেন নেন। তারপর থেকে দু দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।#
পার্সটুডে/এসআইবি/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।