ইরানের ওপর নতুন করে ‘কঠোর’ নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i71474-ইরানের_ওপর_নতুন_করে_কঠোর’_নিষেধাজ্ঞা_আরোপ_করল_আমেরিকা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে আরো নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তিনি এ নিষেধাজ্ঞাকে ‘কঠোর’ আখ্যায়িত করে বলেছেন, ওয়াশিংটন তেহরানের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে লক্ষ্যে তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৫, ২০১৯ ০১:৩১ Asia/Dhaka
  • ক্যামেরা অন করে ইরান বিরোধী নিষেধাজ্ঞায় সই করছেন ট্রাম্প
    ক্যামেরা অন করে ইরান বিরোধী নিষেধাজ্ঞায় সই করছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে আরো নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তিনি এ নিষেধাজ্ঞাকে ‘কঠোর’ আখ্যায়িত করে বলেছেন, ওয়াশিংটন তেহরানের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখবে। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে সে লক্ষ্যে তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

ট্রাম্প এমন সময় এ হাস্যকর দাবি করলেন যখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা গত প্রায় চার বছরে ১৫টি ত্রৈমাসিক প্রতিবেদনে এ কথার সত্যতা নিশ্চিত করেছে যে, ইরান সামরিক কাজে তার পরমাণু কর্মসূচিকে ব্যবহার করছে না এবং দেশটি পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে।

ডোনাল্ড ট্রাম্প ইরান বিরোধী নিষেধাজ্ঞা ঘোষণা করার কিছুক্ষণ পর মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানুচিন এক সংবাদ সম্মেলনে বলেন, ওয়াশিংটন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দপ্তরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সেইসঙ্গে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র আট শীর্ষস্থানীয় কর্মকর্তাকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বলে তিনি জানান। ওই আট কর্মকর্তার মধ্যে রয়েছেন আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাংসিরি, আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরআলী হাজিযাদে এবং আইআরজিসি’র  স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর।

হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মার্কিন অর্থমন্ত্রী

মার্কিন অর্থমন্ত্রী আরো জানান, আগামী সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফকেও নিষেধাজ্ঞার আওতায় আনবে আমেরিকা।  মানুচিন দাবি করেন, নতুন করে এ নিষেধাজ্ঞা আরোপ করার ফলে ইরানের শত শত কোটি ডলারের সম্পদ জব্দ করা হবে। একইসঙ্গে তিনি স্ববিরোধী বক্তব্য দিয়ে ঘোষণা করেন, ইরান আমেরিকার সঙ্গে আলোচনায় বসলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের যে সিদ্ধান্ত নিয়েছে তারই অংশ হিসেবে নতুন করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

আমেরিকা এমন সময় এ নিষেধাজ্ঞা আরোপ করল যখন ইরানের সর্বোচ্চ নেতা চলতি বছরের গোড়ার দিকে এক ভাষণে বলেন, মার্কিন সরকার দাবি করছে তেহরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা ইতিহাসে নজিরবিহীন। কিন্তু আমরাও একথা ঘোষণা করছি যে, ইরান আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের নীতিকে এমনভাবে পরাজিত করবে যা হবে ইতিহাসে নজিরবিহীন।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২৫