হজের মৌসুমে সৌদি আরবে মার্কিন র্যাপ তারকার কনসার্ট; বিশ্বব্যাপী প্রতিক্রিয়া
সৌদি আরবে হজের মৌসুমে মার্কিন র্যাপ তারকা নিকি মিনাজের কনসার্ট নিয়ে খোদ সৌদিসহ বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আগামী ১৮ জুলাই জেদ্দায় এ কনসার্টের আয়োজন করা হচ্ছে।
মার্কিন র্যাপ তারকা নিকি মিনাজ অতিযৌনতাসূচক ভাবমূর্তির জন্য পরিচিত। তাকে সবসময়ই যৌন উত্তেজক মিউজিক ভিডিও তৈরি করতে দেখা যায়। তার লাইভ কনসার্টেও দেখা যায় একই চিত্র। নিকি মিনাজের গানের কথাও বেশিরভাগ যৌনতা সম্পর্কিত। কনসার্টে তিনি থাকেন একেবারেই খোলামেলা।
বুধবার কনসার্টের আয়োজকদের পক্ষ থেকে নিকি মিনাজের নাম ঘোষণা করার পর সৌদি আরবের সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়। অনেকেই বলছেন, মহানবী হজরত মোহাম্মাদ (স.)'র জন্মভূমিতে নিকি মিনাজের মতো শিল্পীর আগমন ও কনসার্ট কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হজের মওসুমে সৌদি আরবে এমন কনসার্টের বিষয়ে দেশটির অনেক নাগরিকই অসন্তুষ্ট। ওই কনসার্টে অংশ গ্রহণের কথা জানিয়ে নিকি মিনাজ নিজেও একটি টুইট করেছেন। এতে বিতর্ক আরও জোরালো হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসলমানরা যখন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন, ঠিক সে সময় জেদ্দায় মার্কিন র্যাপার নিকি মিনাজকে নিয়ে কনসার্ট আয়োজনকে রহস্যজনক হিসেবেও মন্তব্য করেছেন কেউ কেউ। সৌদি সরকারের এই পদক্ষেপকে গোটা বিশ্বের মুসলমান বিশেষকরে হজযাত্রীদের জন্য অপমানজনক হিসেবে গণ্য করা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কোনো হজযাত্রী লিখেছেন, সৌদি আরব রাসূল (স.)'র দেশে রাষ্ট্রীয়ভাবে নগ্নতার সংস্কৃতি চালু করার সিদ্ধান্ত নিয়ে থাকলে তাদের উচিত পবিত্রতম ভূমি মক্কা-মদিনার দায়িত্ব প্রকৃত মুসলমানদের হাতে ছেড়ে দেওয়া।#
পার্সটুডে/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।