নিষেধাজ্ঞা ছাড়ের কথা নিশ্চিত করলেন বোল্টন
https://parstoday.ir/bn/news/world-i72435-নিষেধাজ্ঞা_ছাড়ের_কথা_নিশ্চিত_করলেন_বোল্টন
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন নিশ্চিত করেছেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু সহযোগিতা অব্যাহত রাখার জন্য ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনকে ৯০ দিনের নিষেধাজ্ঞা ছাড় দিতে যাচ্ছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০১, ২০১৯ ১১:২২ Asia/Dhaka
  • জন বোল্টন
    জন বোল্টন

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন নিশ্চিত করেছেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু সহযোগিতা অব্যাহত রাখার জন্য ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনকে ৯০ দিনের নিষেধাজ্ঞা ছাড় দিতে যাচ্ছেন।

ইরানের সঙ্গে ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা লঙ্ঘন করে আমেরিকা বেরিয়ে গেলেও এই পাঁচটি দেশ তা অনুসরণ করছে।   

মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে জন বোল্টন বলেন, “আমরা খুবই নিবিড়ভাবে তাদের পারমাণু কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছি। ফলে স্বল্প সময় ৯০ দিনের জন্য এই নিষেধাজ্ঞা ছাড় বাড়ানো হবে।” নিষেধাজ্ঞা ছাড় পেলে রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ইরানের বুশেহর, আরাক, ফোর্দো এবং তেহরান গবেষণা চুল্লিতে কাজ করার সুযোগ পাবে।

ডোনাল্ড ট্রাম্প

মঙ্গলবার ছয়জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, নিষেধাজ্ঞা ছাড়ের বিষয় নিয়ে ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প একটি বৈঠক করেছেন এবং যুদ্ধবাজ কর্মকর্তাদের বিরোধিতার মুখেও তার পরিকল্পনার প্রতি সমর্থন দিয়েছেন অর্থমন্ত্রী স্টিভেন নুচিন। নিষেধাজ্ঞা ছাড়ের বিরোধিতা করেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।

গত মে মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর পাঁচ দেশের জন্য তিন মাসের এই নিষেধাজ্ঞা ছাড় দিয়েছিল। বৈঠকে নুচিন বলেছেন, নিষেধাজ্ঞা ছাড় না দিলে আইন অনুসারে ১ আগস্টের মধ্যে রাশিয়া, চীন ও ইউরোপের বেশ কয়েকটি কোম্পানির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিতে হবে। ২০১৫ সালের পরমাণু সমঝোতা অনুযায়ী এসব কোম্পানি ইরানের পরমাণু প্রকল্পে যুক্ত হয়েছে।#   

পার্সটুডে/এসআইবি/১