হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না: আমেরিকাকে চীন
https://parstoday.ir/bn/news/world-i72681-হংকংয়ের_অভ্যন্তরীণ_বিষয়ে_হস্তক্ষেপ_করবেন_না_আমেরিকাকে_চীন
চীন আবারো হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিষয়ে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে। হংকংয়ে সরকার-বিরোধী বিক্ষোভকারীরা শুক্রবার যখন তিনদিনব্যাপী বিক্ষোভের কর্মসূচি নিয়ে বিমানবন্দরে জড়ো হয়েছে তখন এ হুঁশিয়ারি দিল চীন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১০, ২০১৯ ০৩:১০ Asia/Dhaka
  • চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং
    চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং

চীন আবারো হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিষয়ে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে। হংকংয়ে সরকার-বিরোধী বিক্ষোভকারীরা শুক্রবার যখন তিনদিনব্যাপী বিক্ষোভের কর্মসূচি নিয়ে বিমানবন্দরে জড়ো হয়েছে তখন এ হুঁশিয়ারি দিল চীন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার ক্রমাগত হস্তক্ষেপের বিষয়টি চীনের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। এমনকি হংকংয়ের দেশপ্রেমিক জনগণও বিষয়টি ভালো চোখে দেখছে না বলে তিনি মন্তব্য করেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগ্যান ওরট্যাগসের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় হুয়া চুনিং এ মন্তব্য করলেন। চীন হংকংয়ের সরকার বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সাক্ষাৎকারী একজন মার্কিন কূটনীতিকের ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দেয়ার পর ওরট্যাগস বেইজিংকে হিংস্র সরকার বলে অভিহিত করেছিলেন।

মার্কিন মুখপাত্র এক বিবৃতিতে বলেছিলেন, একজন মার্কিন কূটনীতিকের ব্যক্তিগত তথ্য, ছবি, তার সন্তানদের নাম ইত্যাদি প্রকাশ করে দেয়া একটি হিংস্র সরকারের পক্ষেই সম্ভব।

এর প্রতিক্রিয়ায় চীনা মুখপাত্র হুয়া চুনিং আরো বলেন, হংকং হচ্ছে চীনের অংশ। কাজেই চীনা জনগণের আকাঙ্ক্ষা নিয়ে কাউকে বলদর্পিতা দেখানো বা অবমাননা করার অধিকার দেয়া হবে না।

এর আগে বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের হংকং বিষয় অধিদপ্তর ওই নগরীর মার্কিন কনস্যুলেটের সিনিয়র কর্মকর্তাদের তলব করে এবং বিক্ষোভকারীদের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে তাদেরকে সতর্ক করে দেয়।

গত ১০ সপ্তাহ ধরে চলা বিক্ষোভের অংশ হিসেবে হংকং-এর আন্তর্জাতিক বিমানন্দরে অবস্থান নিয়েছে সরকা বিরোধী বিক্ষোভকারীরা। তিন দিন ধরে সেখানে অবস্থানের মাধ্যমে বিমানবন্দরে আগত বিদেশিদের কাছে আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরে সমর্থন আদায়ে এই কর্মসূচি শুরু করেছে বিক্ষোভকারীরা। শুক্রবার দুপুরে কর্মসূচি শুরুর পর হাজার হাজার বিক্ষোভকারী বিমানবন্দরের মূল টার্মিনালের আগমনী হলে ঢুকে পড়ে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রী ও কর্মীদের নিরাপত্তায় সহায়তা করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।