কোনোভাবেই ভারতকে কাশ্মীরে অপরাধযজ্ঞের সুযোগ দেব না: পাক সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/world-i72764-কোনোভাবেই_ভারতকে_কাশ্মীরে_অপরাধযজ্ঞের_সুযোগ_দেব_না_পাক_সেনাবাহিনী
পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, কাশ্মীরে অবৈধ পদক্ষেপ থেকে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় নেয়ার চেষ্টা করছে ভারত। কিন্তু কোনোভাবেই ভারতকে কাশ্মীরে তাদের অপরাধযজ্ঞ চালানোর সুযোগ দেয়া হবে না। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৩, ২০১৯ ০৯:২৪ Asia/Dhaka
  • পাক সেনাদের সঙ্গে ঈদের নামায আদায় করছেন জেনারেল বাজওয়া (ডান থেকে দ্বিতীয়)
    পাক সেনাদের সঙ্গে ঈদের নামায আদায় করছেন জেনারেল বাজওয়া (ডান থেকে দ্বিতীয়)

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, কাশ্মীরে অবৈধ পদক্ষেপ থেকে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় নেয়ার চেষ্টা করছে ভারত। কিন্তু কোনোভাবেই ভারতকে কাশ্মীরে তাদের অপরাধযজ্ঞ চালানোর সুযোগ দেয়া হবে না। 

গতকাল (সোমবার) সীমান্তবর্তী বাগ সেক্টর পরিদর্শনের সময় জেনারেল বাজওয়া একথা বলেন। সেখানেই তিনি পাক সেনাদের সঙ্গে ঈদের নামায আদায় করেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে এ খবর দিয়েছে।

জেনারেল বাজওয়া বলেন, অধিকৃত জম্মু-কাশ্মির ইস্যু থেকে বিশ্ববাসীর দৃষ্টি সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় নিতে চাইছে মোদি সরকার। এ লক্ষ্য অর্জনের জন্য তারা যেকোনো কিছু করতে পারে। এ পরিস্থিতিতে জম্মু-কাশ্মিরে তাদেরকে আমরা গোপনে কোনো অপরাধযজ্ঞ চালাতে দেব না।”

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া

পাক সেনাপ্রধান বলেন, “আমাদের ধর্ম শান্তির শিক্ষা দেয় তবে সত্যের জন্য শক্তভাবে দাঁড়ানো এবং আত্মত্যাগের কথাও শিক্ষা দিয়েছে। আমরা আমাদের কাশ্মীরি ভাই-বোনদের পাশে দাঁড়াব; এজন্য যত সময় লাগুক আর যে প্রচেষ্টা চালানোর প্রয়োজন হয়- সেটা বিবেচ্য বিষয় নয়। আমরা এ চ্যালেঞ্জ মোকাবেলা করব, ইনশাল্লাহ।”

পাকিস্তান সেনাবাহিনী এবারের ঈদকে সম্পূর্ণভাবে কাশ্মীরের জনগণের জন্য উৎসর্গ করেছে।#

পার্সটুডে/এসআইবি/১৩