জাতিসংঘে কাশ্মির বিষয়ক আলোচনাকে স্বাগত জানালেন ইমরান খান
-
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে কাশ্মির পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার তিনি এমন সময় এ ঘটনায় সন্তোষ প্রকাশ করলেন যখন একদিন আগে ভারত নজিরবিহীন এ বৈঠকের ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল।
ইমরান খান শনিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, “আমি অধিকৃত জম্মু ও কাশ্মিরের কঠিন পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠককে স্বাগত জানাচ্ছি।”
এর আগে শুক্রবার রাতে নিউ ইয়র্কে চীনের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কাশ্মির পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ১৯৭১ সালের পর এই প্রথম জাতিসংঘে কাশ্মির নিয়ে কোনো আলোচনা হলো; যদিও সে আলোচনা থেকে পাকিস্তানের আকাঙ্ক্ষা অনুযায়ী ফল বের হয়ে আসেনি।
ইমরান খান তার পোস্টে আরো লিখেছেন, “কাশ্মিরি জনগণের দুর্দশা মোচন এবং কাশ্মির বিতর্কের অবসান ঘটানো এই বিশ্ব সংস্থার দায়িত্ব।”
ভারত শুরু থেকেই পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয়ভাবে কাশ্মির সংকটের সমাধান করার কথা বলে এসেছে যদিও ইসলামাবাদের দাবি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ভিত্তিতে এ সংকটের সমাধান করতে হবে। নিরাপত্তা পরিষদের প্রস্তাবে কাশ্মিরের প্রকৃত অধিবাসীদের গণভোটের ভিত্তিতে সেখানকার পুরনো এ বিতর্কের অবসান ঘটানোর কথা বলা হয়েছে।
চীনের আহ্বানে শুক্রবার জাতিসংঘে কাশ্মির নিয়ে বৈঠকের সূচি ঘোষিত হওয়ার পরপরই এই বিশ্ব সংস্থায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদ্দিন এ ব্যাপারে উষ্মা প্রকাশ করেন।
চলতি মাসের গোড়ার দিকে ভারত সরকার নয়াদিল্লি-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়ার পর ওই উপত্যকায় নতুন করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। পাকিস্তান সরকার তাৎক্ষণিকভাবে বিষয়টিতে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে; যদিও ভারত বলছে, এটি তার অভ্যন্তরীণ বিষয় এবং এখানে নাক গলানোর অধিকার কারো নেই।#
পার্সটুডে/এমএমআই/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।