ইরানের উপরে নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ চাপ সৃষ্টি বন্ধ করুন: চীন
-
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে তেহরানের উপরে নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি পরিত্যাগ করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং গতকাল (সোমবার) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেন, আমরা বিশ্বাস করি আমেরিকার পক্ষ থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগের কারণে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান এই উত্তেজনা তৈরি হয়েছে। আমেরিকার উচিত ভুল পদ্ধতি বাদ দেয়া এবং এই ধরনের একতরফা নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পরিহার করা।
হুয়া চুনইং সংবাদ ব্রিফিংয়ে আরো বলেন, যেসব দেশ ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা অনুসরণ করছে তাদের উচিত এ সমঝোতা কার্যকর ও পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা। তিনি আশা করেন, পরমাণু সমঝোতার সব পক্ষ শিগগিরই এ বিষয়ে বৈঠকে বসবে এবং ইরানের পরমাণু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করবে। হুয়া চুনইং জানান, চলমান উদ্বেগ-উৎকণ্ঠা এবং উত্তেজনা নিরসনে চীন তার যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখবে।#
পার্সটুডে/এসআইবি/১০