ইরানের পরমাণু কর্মসূচিতে নতুন পদক্ষেপ ঝুঁকি তৈরি করে নি: রাশিয়া
-
প্রেসিডেন্ট হাসান রুহানিকে ইরানের পরমাণু কর্মসূচির নানা উন্নয়নের বর্ণনা দিচ্ছেন আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি
ইসলামি প্রজাতন্ত্র ইরান সম্প্রতি তার পরমাণু রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট কর্মসূচি নতুন করে শুরুর যে ঘোষণা দিয়েছে তাতে কোনো ঝুঁকি তৈরি হয় নি। কারণ ইরান এখনো আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র সঙ্গে পরিপূর্ণভাবে সহযোগিতা করে যাচ্ছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (সোমবার) এক বিবৃতিতে এসব কথা বলেছে। গত বুধবার ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ইউরোপের দেশগুলো পরমাণু সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে আন্তরিক কোনো পদক্ষেপ না নেয়ায় তেহরান পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত করার তৃতীয় ধাপে রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্টের কাজ শুরু করবে। এরপর শুক্রবার থেকে ইরান উন্নতমানের নতুন সেন্ট্রিফিউজ স্থাপন করেছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ও সীমা এখন থেকে আর মানবে না বলে ঘোষণা দিয়েছে।
অর্থাৎ ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা অনুসারে ইরান যে নির্দিষ্ট মাত্রার এবং নির্দিষ্ট পরিমাণের ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত সেই প্রতিশ্রুতি থেকে সরে আসার পর ইরানের ওপর এখন আর এসব সীমাবদ্ধতা থাকবে না। সম্প্রতি
রুশ মন্ত্রণালয় বলেছে, পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি'র দৃষ্টিকোণ থেকে ইরানের এই সেন্ট্রিফিউজ গবেষণা এবং উন্নয়নের কাজের কারণে কোন ধরনের ঝুঁকি তৈরি হয় নি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ইরান রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যে কাজ করুক না কেন তার সবকিছুই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র অব্যাহত নজরদারিতে হবে।
রুশ বিবৃতিতে বলা হয়েছে, এ সম্পর্কিত একটি রিপোর্ট আইএইএ’র বোর্ড অব গভর্নরসে উপস্থাপন করা হয়েছে তাতে দেখা গেছে- ইরানের পরমাণু রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট কর্মসূচির কারণে কোনো রকমের ঝুঁকি তৈরি হয় নি; ইরান পরিপূর্ণভাবে এনপিটি মেনে চলছে।
আইএইএ'র ভারপ্রাপ্ত মহাপরিচালক করনেল ফেরুতা সম্প্রতি ইরান সফর করেছেন এবং তেহরান থেকে ফিরে গতকাল তিনি সংস্থার বোর্ড অব গভর্নরসকে জানিয়েছেন- ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তাদের পরিদর্শন এবং নজরদারি অব্যাহত থাকবে।
২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয় কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এ সমঝোতা থেকে আমেরিকা কে বের করে নেন। এর এক বছর পর গত মে মাস থেকে ইরান পরমাণু সমঝোতার কিছু কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করেছে। এ পদক্ষেপের আওতায় গত শুক্রবার ইরান নতুন করে রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট এর কাজ শুরু করেছে।#
পার্সটুডে/এসআইবি/১০