উত্তেজনা নিরসনের একমাত্র পথ পরমাণু সমঝোতায় ফিরে আসা: মার্কেল
https://parstoday.ir/bn/news/world-i73750-উত্তেজনা_নিরসনের_একমাত্র_পথ_পরমাণু_সমঝোতায়_ফিরে_আসা_মার্কেল
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনের একমাত্র পথ হচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতায় ফিরে আসা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৮, ২০১৯ ০৮:৩৩ Asia/Dhaka
  • জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল
    জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনের একমাত্র পথ হচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতায় ফিরে আসা।

গতকাল (মঙ্গলবার) রাজধানী বার্লিনে জার্মান সফররত জর্দানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন অ্যাঙ্গেলা মার্কেল। তিনি বলেন, ইউরোপের লোকজন বিশ্বাস করে- ইরানকে পরমাণু অস্ত্র বানানো থেকে বিরত রাখার একমাত্র পথ হচ্ছে পরমাণু সমঝোতায় ফিরে যাওয়া।

ইরানের পরমাণু কর্মসূচি

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার কথা উল্লেখ করে জার্মান চ্যান্সেলর বলেন, পরিস্থিতি শান্ত করার জন্য তার দেশ কূটনৈতিক প্রক্রিয়াকে সঠিক পথ বলে মনে করে। মার্কেল আরো বলেন, জার্মানি সবসময় উত্তেজনা নিরসনের পক্ষে এবং রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই একমাত্র দীর্ঘমেয়াদী সমাধান আসতে পারে বলে মনে করে।

গত বছরের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফা ও অবৈধভাবে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন এবং ইরানের বিরুদ্ধে দফায় দফায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর থেকে ইরান ও আমেরিকার মধ্যে তীব্র উত্তেজনা চলছে। আমেরিকার এসমস্ত পদক্ষেপের জবাবে ইরান ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার বেশকিছু ধারা বাস্তবায়ন স্থগিত করেছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে শুরু করে পরমাণু কর্মসূচির বেশকিছু তৎপরতা শুরু করেছে।#

পার্সটুডে/এসআইবি/১৮