ইরান সীমান্তের ৩০ কিমিজুড়ে বেড়া দেওয়া শেষ: পাকিস্তান
-
আসিম সালিম বাজওয়া
পাকিস্তান ঘোষণা করেছে, তারা ইরান সীমান্তের ৩০ কিলোমিটারজুড়ে কাঁটা তারের বেড়া দেয়ার কাজ সম্পন্ন করেছে এবং আরও এলাকায় বেড়া দেওয়ার কাজ চলছে। পাকিস্তানের সামরিক কর্মকর্তা জেনারেল আসিম সালিম বাজওয়া এ তথ্য জানিয়েছেন।
দুই দেশের মধ্যে ৯৫৯ কিলোমিটার দীর্ঘ যৌথ সীমান্ত রয়েছে। পুরো সীমান্তেই বেড়া দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে পাকিস্তান।
এর আগে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গাফুর বলেছেন, তৃতীয় কোনো পক্ষ পৈশাচিক কাজের মাধ্যমে যাতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বসুলভ সম্পর্ক নষ্টের পায়তারা করতে না পারে, সে লক্ষ্যেই এ বেড়া দেওয়া হচ্ছে। পাকিস্তান সীমান্তে ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে সীমান্তরক্ষীদের ওপর হামলার ঘটনার পর এ সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ।
গত ১৩ ফেব্রুয়ারি ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের খাশ-জাহেদান মহাসড়কে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র সদস্যদের বহনকারী একটি বাসে ভয়াবহ আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২৭ জওয়ান শহীদ ও ১৩ জন আহত হন।
উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী জেইশুল আদল এ হামলার দায় স্বীকার করে। ইরানের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ইরান থেকে এই গোষ্ঠীসহ সকল উগ্র জঙ্গি গোষ্ঠীর মূলোৎপাটন করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাকিস্তানও এ ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে।#
পার্সটুডে/এসএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।