সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে বাকি সেনা প্রত্যাহার করা হবে: পেন্টাগন
https://parstoday.ir/bn/news/world-i74462-সিরিয়ার_উত্তর_পূর্বাঞ্চল_থেকে_বাকি_সেনা_প্রত্যাহার_করা_হবে_পেন্টাগন
মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন বলেছে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মোতায়েন করা আরো এক হাজার সেনা প্রত্যাহার করা হবে। তুরস্ক যখন ওই অঞ্চলে সামরিক অভিযান চালাচ্ছে তখন মার্কিন প্রশাসন এ ঘোষণা দিল।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
অক্টোবর ১৪, ২০১৯ ১৪:২৪ Asia/Dhaka
  • সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনা
    সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনা

মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন বলেছে, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মোতায়েন করা আরো এক হাজার সেনা প্রত্যাহার করা হবে। তুরস্ক যখন ওই অঞ্চলে সামরিক অভিযান চালাচ্ছে তখন মার্কিন প্রশাসন এ ঘোষণা দিল।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার গতকাল (রোববার) সিবিএস টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুসারে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে বাকি এক হাজার সেনা প্রত্যাহার করা হবে। ওই এলাকার অবস্থা বর্ণনা করে তিনি বলেন, সেখানে মার্কিন সেনাদের জীবন ঝুঁকির মুখে রয়েছে এবং তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য এই ব্যবস্থা নেয়া হবে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সাক্ষাৎকারে আরো বলেন, সিরিয়ার গেরিলারা দেশটির সরকার এবং রাশিয়ার সঙ্গে আলোচনা করে একটি চুক্তিতে পৌঁছাতে চাইছে যাতে তুর্কি অভিযানকে তারা মোকাবেলা করতে পারে। মার্ক এসপার বলেন, গত ২৪ ঘন্টায় আমরা জানতে পেরেছি যে, তুরস্ক যে এলাকায় অভিযান চালাবে বলে পরিকল্পনা ঘোষণা করেছিল তার চেয়েও দক্ষিণ ও পশ্চিমে অভিযান চালাচ্ছে। এ অবস্থায় কুর্দি গেরিলারা সিরিয়ার সরকার ও রাশিয়ার সমর্থনে তুর্কি সেনাবাহিনীর মোকাবেলা করতে যাচ্ছেন। দুই বাহিনীর মাঝামাঝি পড়ে মার্কিন সেনারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্যই সেখান থেকে সেনা প্রত্যাহার করা হযবে বলে মার্ক এসপার উল্লেখ করেন।#

পার্সটুডে/এসআইবি/১৪