রাশিয়া সফরের ব্যাপারে সতর্কতা জারি করেছে ইসরাইল
-
নাআমা ইসাচার
রাশিয়া সফরের ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের নাগরিকদের প্রতি সর্তকতা জারি করেছে তেল আবিব। মাদক সংক্রান্ত মামলায় ইসরাইলের ২৫ বছর বয়সী এক নারীকে রাশিয়ার একটি আদালত সাড়ে সাত বছর কারাদণ্ড দেয়ার পর এই সতর্কতা জারি করা হলো।
গত এপ্রিল মাসে নাআমা ইসাচার নামে এ নারীকে মস্কোর বিমানবন্দর থেকে আটক করে রুশ নিরাপত্তারক্ষীরা। ওই নারী ভারত থেকে রাশিয়া হয়ে ইসরাইলে যাচ্ছিলেন এবং সেসময় তার কাছে বেশ কিছু গাঁজা বা মারিজুয়ানা পাওয়া যায়। এ ঘটনায় রাশিয়ার আদালত নাআমাকে সাড়ে সাত বছর কারাদণ্ড দয়।
এর আগে তার মুক্তি দাবি করেছিল ইসরাইল। কিন্তু রুশ আদালত ইসরাইলের বক্তব্যকে আমলে না নিয়ে তাকে বিচার প্রক্রিয়ায় কারাদণ্ড দেয়। রুশ আদালতের রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলছে তেল আবিব এবং এরপরই ইসরাইলের নাগরিকদের প্রতি ভ্রমণ সর্তকতা জারি করা হলো।
নাআমার আটকের আগে রাশিয়ার একজন নাগরিককে ইসরাইল আটক করেছিল এবং সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগে তাকে আমেরিকার কাছে হস্তান্তর করবে বলে আলোচনা চলছে। এ পরিপ্রেক্ষিতে ইসরাইল দাবি করছে অ্যালেক্সি বুরকভ নামে ওই রুশ নাগরিকের মুক্তির জন্য দরকষাকষি করতে রাশিয়া নাআমা ঈসাচারকে আটক করেছে।
এ বিষয়ে ইসরাইলের প্রেসিডেন্ট রুভেন রিভলিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি চিঠি দিয়েছেন। ওই চিঠিতে তিনি বলেছেন, ‘নাআমা বড় ধরনের ভুল করেছেন এবং তিনি তার ভুল স্বীকার করেছেন। কিন্তু যে তরুণী নারী এর আগে এই ধরনের কোন অপরাধমূলক কর্মকাণ্ড করে নি তার বিরুদ্ধে আদালতের এমন রায় তার ব্যক্তিগত জীবনে ধ্বংসাত্মক প্রভাব ফেলবে।”
এর আগে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট পুতিনের কাছে ব্যক্তিগতভাবে ওই নারীর মুক্তির জন্য অনুরোধ জানিয়েছিলেন। রাশিয়া তা আমলে নেয় নি।#
পার্সটুডে/এসআইবি/১৪