আমেরিকার সঙ্গে ‘অর্থহীন’ আলোচনায় আর আগ্রহী নয় উত্তর কোরিয়া
-
ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন
উত্তর কোরিয়া বলেছে, দেশটি আর আমেরিকার সঙ্গে ‘অর্থহীন’ আলোচনা করতে আগ্রহী নয়। পিয়ংইয়ংয়ের সঙ্গে সংলাপে বসতে চাইলে ওয়াশিংটনকে বিদ্বেষী আচরণ পরিহার করতে হবে বলেও জানিয়েছে উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট যখন আবার উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন তখন পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে একথা জানানো হলো।
এ ছাড়া, আমেরিকা উত্তর কোরিয়ার প্রতি ‘সদিচ্ছার নিদর্শন’ হিসেবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্ব পরিকল্পিত সামরিক মহড়া ‘অনির্দিষ্টকালের জন্য’ স্থগিত রাখার কয়েক ঘণ্টা পর সোমবার উত্তর কোরিয়া নিজের এ অবস্থানের কথা ঘোষণা করল।
প্রেসিডেন্ট ট্রাম্প রোববার উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে আরেকটি বৈঠক আয়োজনের জন্য পিয়ংইয়ংকে ‘দ্রুত ব্যবস্থা’ নেয়ার আহ্বান জানান। এর জবাবে উত্তর কোরিয়ার সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রভাবশালী কর্মকর্তা কিম কি গুয়ান সোমবার বলেন, আমেরিকার নীতিতে পরিবর্তন না আসলে ওয়াশিংটনের সঙ্গে সংলাপ অর্থহীন। তিনি বলেন, ট্রাম্প ১৭ নভেম্বর এক টুইটার বার্তায় আরেকটি শীর্ষ বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন অথচ ২০১৮ সালের জুন মাস থেকে এ পর্যন্ত তিনটি শীর্ষ বৈঠক থেকে কোনো ফল বয়ে আসেনি।
কিম কি গুয়ান সাফ জানিয়ে দেন, “যে আলোচনা আমাদের জন্য কোনো ফল বয়ে আনে না তাতে আমরা পুরোপুরি আগ্রহ হারিয়ে ফেলেছি।” তিনি আরো বলেন, “যতক্ষণ পর্যন্ত না আমরা কোনো কিছু পাচ্ছি ততক্ষণ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট যা চান তা আমরা তাকে দেব না। ট্রাম্প নিছক উত্তর কোরিয়াকে আলোচনায় বসাতে পারাকে নিজের সাফল্য হিসেবে প্রদর্শন করতে চান যে সুযোগ পিয়ংইয়ং আর ওয়াশিংটনকে দেবে না।”#
পার্সটুডে/এমএমআই/এআর/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।