ক্রেমলিনের হতাশা: “ওয়াশিংটন-মস্কো সম্পর্ক উন্নত হওয়ার নয়”
-
দিমিত্রি পেসকভ
আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্ক উন্নত হবে না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ।তিনি বলেছেন, সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যে সাক্ষাৎ করেছেন তা দু’দেশের সম্পর্কের উন্নতির লক্ষন নয়।
ল্যাভরভ মঙ্গলবার ২৪ ঘণ্টারও কম সময়ের জন্য আমেরিকা সফরে যান। ওই সংক্ষিপ্ত সফরে তিনি ট্রাম্পের পাশাপাশি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গেও সাক্ষাৎ এবং বিভিন্ন বিষয়ে দু’দেশের মধ্যকার মতবিরোধ নিয়ে আলোচনা করেন।
সাক্ষাতের পর মস্কোয় ফিরে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু বিশেষ করে সিরিয়া, লেবানন ও ইরাক পরিস্থিতি নিয়ে আমেরিকার সঙ্গে রাশিয়ার তীব্র মতপার্থক্যের কথা জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, আমেরিকার বিরোধিতা সত্ত্বেও ওই তিন দেশের জনগণের পক্ষে অবস্থান নেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।
পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে রাশিয়া ও আমেরিকার মধ্যকার আইএনএফ চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে বের করে নেয়ার যে পদক্ষেপ নিয়েছেন তারও তীব্র সমালোচনা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ আবারো প্রত্যাখ্যান করেন।তিনি বলেন, তার সাম্প্রতিক ওয়াশিংটন সফরে বিষয়টি নিয়ে কোনো কথা হয়নি এবং এ ব্যাপারে হোয়াইট হাউজ যে দাবি করেছেন তা সত্য নয়।#
পার্সটুডে/এমএমআই/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।