জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় ইরান দৃঢ়প্রতিজ্ঞ: পররাষ্ট্রমন্ত্রী আরাকচি
-
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকে মিলিত হন আরাকচি।
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরান তার জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালীতে বর্তমান অস্থিতিশীলতা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি লঙ্ঘন ও ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে সংঘটিত অপরাধের প্রত্যক্ষ ফল।
শুক্রবার কিরগিজিস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকের ফাঁকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকে আরাকচি ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি সামরিক হামলার নিন্দা জানানোর জন্য রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আরাকচি বলেন, হরমুজ প্রণালীতে বর্তমান অস্থিতিশীলতা "মার্কিন যুক্তরাষ্ট্রের কুটিলতা ও ইরানের বিরুদ্ধে সংঘটিত অপরাধের প্রত্যক্ষ ফল।"
যুদ্ধবিরতির সমঝোতা স্মারক-পর্যায়ে পৌঁছানো আলোচনার সময় ইরানের যে সদিচ্ছা ছিল, তা স্মরণ করে আরাকচি জোর দিয়ে বলেন, "ইসলামি প্রজাতন্ত্র ইরান যেমন কূটনীতিতে গুরুত্ব দেখিয়েছে, তেমনি এটি তার জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় এবং হরমুজ প্রণালীকে ইরানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ব্যবহার করতে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাধা দিতে দৃঢ়প্রতিজ্ঞ।"
অন্যদিকে লাভরভ ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে রাশিয়ার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি অঞ্চলের দেশগুলোর নেতৃত্বে একটি আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গঠনে সহযোগিতা ও আস্থা সৃষ্টির গুরুত্ব তুলে ধরেন এবং এ বিষয়ে যে কোনো ধরনের সহায়তা দিতে মস্কোর প্রস্তুতি রয়েছে জানান।
দুই মন্ত্রী রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্য, পরিবহন ও জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং এসসিও ও ব্রিকস-সহ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় পর্যালোচনা করেন। তারা তেহরান ও মস্কোর মধ্যে পূর্ববর্তী সমঝোতা বাস্তবায়নে কাজ চালিয়ে যেতে সম্মত হন। মন্ত্রীরা ওয়াশিংটনের ইসলামাবাদ যুদ্ধবিরতি সমঝোতা পুনরায় লঙ্ঘনের পর পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন।#
পার্সটুডে/ এমবিএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।