যুদ্ধবিরতির খবর নাকচ করেছে তালেবান
-
শান্তি আলোচনার জন্য তালেবানের প্রতিনিধিদল
আমেরিকার সঙ্গে শান্তি আলোচনা চলার মধ্যেই দেশটিতে সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হওয়ার বিষয়ে যে খবর বেরিয়েছে তা নাকচ করেছে তালেবান। আজ (সোমবার) তালেবান এক বিবৃতিতে বলেছে, গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যম যুদ্ধবিরতির ব্যাপারে অসত্য খবর প্রচার করছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, আমেরিকার সঙ্গে এ মুহূর্তে যুদ্ধবিরতির কোনো পরিকল্পনা নেই।
গতকাল সন্ধ্যায় বার্তা সংস্থা এপি খবর দিয়েছে যে, আমেরিকার সঙ্গে তালেবানের যুদ্ধবিরতি হয়েছে তবে তালেবানের রুলিং কাউন্সিল এখনো সিদ্ধান্ত দেয় নি যে কখন থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। এপি’র রিপোর্টে বলা হয়- যুদ্ধবিরতি ১০ দিন স্থায়ী হবে। এপি ওই রিপোর্টে আশা প্রকাশ করেছে যে, তালেবান প্রধানের পক্ষ থেকে এই যুদ্ধবিরতিতে অনুমোদন দেয়া হবে।
বার্তা সংস্থা এপি দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আগে তালেবানের আলোচক প্রতিনিধিদলের চার সদস্য রুলিং কাউন্সিলের সঙ্গে এক সপ্তাহ ধরে আলোচনা করে।
আমেরিকার সঙ্গে তালেবানের দীর্ঘদিন ধরে শান্তি আলোচনা চলে এবং এক পর্যায়ে চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছে। কিন্তু রাজধানী কাবুলে এক বোমা হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে তালেবানের সঙ্গে আলোচনা বন্ধ করে দেযন এবং সম্ভাব্য চুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। বেশ কিছুদিন বিরতির পর সম্প্রতি তালেবানের সঙ্গে আমেরিকার আবার আলোচনা শুরু হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৩০