ইরানের পরমাণু সমঝোতা থেকে উত্তর কোরিয়ার শিক্ষা হয়ে গেছে: রাশিয়া
-
ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ
রাশিয়া বলেছে, উত্তর কোরিয়া ইরানের পরমাণু সমঝোতা থেকে এই শিক্ষা পেয়েছে যে, আমেরিকাকে কোনো অবস্থাতেই বিশ্বাস করা যায় না। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন।
ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি লিখেছেন, পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার গৃহিত নীতি ওয়াশিংটনের প্রতি পিয়ংইয়ংয়ের আস্থা শূন্যের কোঠায় নিয়ে গেছে।
এর আগে পর্যবেক্ষকরাও বলেছেন, পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়ার ফলে বিশ্বের কোনো দেশ আর ওয়াশিংটনের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো চুক্তি করতে চাইবে না। বিশেষ করে উত্তর কোরিয়া আমেরিকার সঙ্গে সহজে কোনো চুক্তি সই করতে রাজি হবে না।
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বুধবার ঘোষণা করেন, তার দেশ ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিত রাখার যে সিদ্ধান্ত নিয়েছিল তা থেকে সরে এসেছে। তিনি আরো বলেছেন, আমেরিকা তার দেশের প্রতি বিদ্বেষী নীতি পরিহার না করলে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার স্বপ্ন কোনোদিনও বাস্তবায়ন হবে না।
২০১৮ সালের জুন মাসে উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে শীর্ষ আলোচনা শুরু হলে সব ধরনের সমরাস্ত্র পরীক্ষা স্থগিত রাখে পিয়ংইয়ং। কিন্তু তারপর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং-উন তিনবার সাক্ষাৎ করলেও তাতে কোনো ফল বয়ে আসেনি।সম্প্রতি উত্তর কোরিয়া ঘোষণা করেছিল, ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে আমেরিকা সদিচ্ছার মনোভাব নিয়ে আলোচনায় না এলে আর ওয়াশিংটনের সঙ্গে সংলাপে বসবে না পিয়ংইয়ং। দেশটির দেয়া ওই চূড়ান্ত সময়সীমা দু’দিন আগে পার হয়ে গেছে।#
পার্সটুডে/এমএমআই/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।