ইরানের ওপর স্বেচ্ছাচারী নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করল চীন
https://parstoday.ir/bn/news/world-i76686-ইরানের_ওপর_স্বেচ্ছাচারী_নিষেধাজ্ঞার_কঠোর_সমালোচনা_করল_চীন
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকার পক্ষ থেকে চাপিয়ে দেয়া নিষেধাজ্ঞাকে ‘স্বেচ্ছাচারী নিষেধাজ্ঞা’ বলে মন্তব্য করেছে চীন। দেশটি এ ধরনের নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ১৪, ২০২০ ১২:৩৩ Asia/Dhaka
  • চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং
    চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকার পক্ষ থেকে চাপিয়ে দেয়া নিষেধাজ্ঞাকে ‘স্বেচ্ছাচারী নিষেধাজ্ঞা’ বলে মন্তব্য করেছে চীন। দেশটি এ ধরনের নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে আমেরিকা হত্যা করার পর ইরাকে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর আমেরিকা ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (বামে) ও অর্থমন্ত্রী

এ সম্পর্কে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং গতকাল (সোমবার) প্রেস ব্রিফিংয়ে বলেছেন, আমেরিকার পক্ষ থেকে চাপিয়ে দেয়া এই নিষেধাজ্ঞার সুস্পষ্ট বিরোধিতা করছে চীন। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি দায়িত্বজ্ঞানহীন ব্যবহার অথবা কোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়ার হুমকি সমস্যার সমাধান করতে পারেনা। রাষ্ট্র বনাম রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে আমরা জাতিসংঘের সনদ এবং মৌলিক নীতিমালা অনুসরণের পক্ষপাতী।”

ইরানের বিরুদ্ধে আমেরিকা সর্বশেষ যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার ঘোষণা দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। এ নিষেধাজ্ঞার কারণে চীনের একটি ব্যবসায়িক কোম্পানি, একটি জাহাজ কোম্পানি এবং ওমানভিত্তিক একটি কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে।

মার্কিন অর্থমন্ত্রী সে সময় বলেছেন, শুধুমাত্র ইরানের সঙ্গে আমেরিকার বাণিজ্যের উপরেই বিধি-নিষেধ আরোপ করা হবে না বরং ইরান যাতে তৃতীয় কোনো দেশের সঙ্গে লেনদেন করতে না পারে সে বিষয়টি ঠেকাতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৪