উহান ভাইরাসে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক: গবেষকদের অভিমত
https://parstoday.ir/bn/news/world-i76833-উহান_ভাইরাসে_আক্রান্তের_সংখ্যা_উদ্বেগজনক_গবেষকদের_অভিমত
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নতুন নিউমোনিয়া সদৃশ ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দেশটির সরকারি হিসাবের তুলনায় কয়েকগুণ বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২০, ২০২০ ১৪:৫৩ Asia/Dhaka
  • উহান ভাইরাসে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক: গবেষকদের অভিমত

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নতুন নিউমোনিয়া সদৃশ ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দেশটির সরকারি হিসাবের তুলনায় কয়েকগুণ বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।

নতুন এ ‘উহান ভাইরাসটিতে’ এখন পর্যন্ত  ৪৫ জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হলেও, এ সংখ্যা এক হাজার ৭০০-র কাছাকাছি হতে পারে বলে ব্রিটিশ গবেষকরা ধারণা করছেন। ব্রিটিশ গণমাধ্যম এ খবর দিয়েছে।

 ডিসেম্বরে চীনের উহান শহরে ভাইরাসটির প্রথম দেখা মেলে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে দুই জন মারা গেছে। উহান থেকে জাপান ও থাইল্যান্ড  যাওয়া আরও তিন ব্যক্তির দেহেও ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

সুনির্দিষ্ট করে কতজন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে, তা বলতে না পারলেও, ভাইরাসের প্রকৃতি, জনঘনত্ব এবং ফ্লাইটের তথ্যের ওপর ভিত্তি করে বিজ্ঞানীরা নিউমোনিয়া সদৃশ ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনুমান করছেন।

ইম্পেরিয়াল লন্ডন কলেজের এমআরসি সেন্টার ফর গ্লোবাল ইনফেকশাস ডিজিজ অ্যানালিসিস এ ‘উহান ভাইরাসে’ আক্রান্তের সংখ্যার একটা আনুমানিক হিসাব দাঁড় করিয়েছে। এ সেন্টারটি বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বিষয়ে যুক্তরাজ্যের সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে পরামর্শ দেয়।#

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।