ভাবনার জোরে প্রথম বারের মতো ড্রোন চালালেন একদল পাইলট
https://parstoday.ir/bn/news/world-i7795-ভাবনার_জোরে_প্রথম_বারের_মতো_ড্রোন_চালালেন_একদল_পাইলট
মার্কিন একদল পাইলট এই প্রথমবারের মতো কেবলমাত্র ভাবনার জোরে ড্রোন পরিচালনা করতে পেরেছেন। এ ভাবে ড্রোন পরিচালনার জন্য পাইলটদের মস্তিষ্কের তৎপরতাকে ইলেক্ট্রো এনসেপাফালোগ্রাফি বা ইইজি’র মাধ্যমে ধারণ করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৬, ২০১৬ ০৮:৩৭ Asia/Dhaka
  • ভাবনার জোরে প্রথম বারের মতো ড্রোন চালালেন একদল পাইলট

মার্কিন একদল পাইলট এই প্রথমবারের মতো কেবলমাত্র ভাবনার জোরে ড্রোন পরিচালনা করতে পেরেছেন। এ ভাবে ড্রোন পরিচালনার জন্য পাইলটদের মস্তিষ্কের তৎপরতাকে ইলেক্ট্রো এনসেপাফালোগ্রাফি বা ইইজি’র মাধ্যমে ধারণ করা হয়েছে।

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র এ কাজ সম্পন্ন করতে পেরেছেন। ইইজি ধারণ এবং তা রিয়েল টাইম বা তাৎক্ষণিক ভাবে ড্রোন পরিচালনার নির্দেশে অনুবাদের জন্য পাইলটদের মাথায় লাগানো ছিল হেডব্যান্ড। প্রতিটি মানুষের মস্তিষ্ক স্বতন্ত্রভাবে কাজ করে তাই ড্রোন নিয়ন্ত্রণে পাইলটদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রোগ্রাম তৈরি করতে হয়েছে। ব্রেন ড্রোন রেস নামের এ প্রতিযোগিতায় ১৬ জন পাইলট অংশ নিয়েছেন। আর আয়োজনের মধ্য দিয়ে কেবলমাত্র চিন্তা দ্বারা কাজ করার বিষয়কে বাস্তবের কাছাকাছি নিয়ে আসা হলো।

আয়োজকরা আশা করছেন, অন্যান্যরাও এ জাতীয় গবেষণায় অংশ গ্রহণ করতে এগিয়ে আসবেন। তারাও নতুন এ প্রযুক্তি নির্মাণে সহায়তা করবেন। আর এ ভাবেই ভবিষ্যতে হয়ত অন্য অনেক কাজ কেবলমাত্র চিন্তার মাধ্যমেই সম্পন্ন করা যাবে। এ ভাবেই একদিন হয়ত লেখালেখির কাজও কেবল ভাবনার মাধ্যমেই করতে সক্ষম হবো আমরা। এ জন্য অভ্র বা রিদমিকে কিছু প্রয়োজনীয় সংশেধানী আনতে হবে। আর আমরা মাথায় ইইজির হেডব্যান্ড লাগিয়ে বসে থাকব এবং নি:শব্দে আমাদের চিন্তাকে অক্ষর বন্দি করতে থাকবে কম্পিউটার। শুধু লেখালেখি নয় গাড়ি চালনা থেকে শুরু করে অন্যান্য অনেক ক্ষেত্রেও ভবিষ্যতে এ প্রযুক্তির জয় জয়কার দেখতে পাবো আমরা।#

মূসা রেজা/২৬