ইরানের ব্যাপারে আইএইএ’কে নিরপেক্ষতার পরিচয় দিতে হবে: চীন
-
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান
ইরানের পরমাণু সমঝোতা বাস্তবায়নে বাধা সৃষ্টি করার জন্য মার্কিন সরকারকে দায়ী করেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান। তিনি ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে নিরপেক্ষ অবস্থানে থেকে আইন অনুযায়ী প্রতিটি পদক্ষেপ নেয়ার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র প্রতি আহ্বান জানিয়েছেন।
আইএইএ ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে সর্বশেষ যে ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করেছে সে সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। লিজিয়ান বলেন, ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করার কাজে কূটনৈতিক দিক দিয়ে আইএইএ’কে দক্ষতার পরিচয় দিতে হবে বলেও মন্তব্য করেন চীনা এই মুখপাত্র।
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি চীনের পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে তিনি বলেন, এই সমঝোতায় স্বাক্ষরকারী প্রতিটি দেশের উচিত এটি বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতার পরিচয় দেয়া।
ইরান বিগত বছরগুলোতে আইএইএ’কে পূর্ণাঙ্গ সহযোগিতা করে আসলেও গত ৩ মার্চ এই সংস্থা যে ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশ করে তাতে বলা হয়, ইরান পরমাণু সমঝোতায় উল্লেখিত পরিমাণের চেয়ে পাঁচগুণ বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে। প্রতিবেদনে আরো বলা হয়, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে মাত্রা ও সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের দিক দিয়ে পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে। প্রতিবেদনে তিনটি অঘোষিত স্থানে ইউরেনিয়ামের কথিত উপস্থিতি সম্পর্কে প্রশ্ন তুলে বলা হয়, ইরান দু’টি স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়নি।#
পার্সটুডে/এমএমআই/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।