করোনা: পাকিস্তান দিবসের কুচকাওয়াজ বাতিল, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
https://parstoday.ir/bn/news/world-i78253-করোনা_পাকিস্তান_দিবসের_কুচকাওয়াজ_বাতিল_সব_শিক্ষা_প্রতিষ্ঠান_বন্ধ
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বা এনএসসি আগামী ২৩ মার্চ অনুষ্ঠেয় কুচকাওয়াজ বাতিল করে দেয়ার পাশাপাশি দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৩, ২০২০ ১৮:২৩ Asia/Dhaka
  • করোনা: পাকিস্তান দিবসের কুচকাওয়াজ বাতিল, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বা এনএসসি আগামী ২৩ মার্চ অনুষ্ঠেয় কুচকাওয়াজ বাতিল করে দেয়ার পাশাপাশি দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দিয়েছে।

২৩ মার্চের কুচকাওয়াজের ফাইল ছবি

করোনাভাইরাসের বিস্তার রোধে এ সব পদক্ষেপের পাশাপাশি আফগানিস্তান ও ইরানের সঙ্গে দেশটির অভিন্ন সীমান্তও বন্ধ করে দেয়া হয়। আজ (শুক্রবার) পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এনএসসির বৈঠকে নেয়া হয় এ সব সিদ্ধান্ত । বৈঠকে পাকিস্তানের প্রদেশগুলোর মুখ্যমন্ত্রীরা এবং সামরিক ও বেসামরিক নেতারা অংশগ্রহণ করেন।

করোনাভাইরাস

পাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানায়, এ বৈঠকের সিদ্ধান্তের আলোকে আফগানিস্তান ও ইরানের অভিন্ন সীমান্ত দুই সপ্তাহের জন্য বন্ধ রাখা হবে। এ ছাড়া, টুইট বার্তায় পাক শিক্ষামন্ত্রী শাফকাত মেহমুদ জানান যে দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী মাসের ৫ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে।

পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি জানান, ২৩ মার্চ পাকিস্তান দিবসের কুচকাওয়াজ বাতিল করা হয়েছে।

পাকিস্তানে এ পর্যন্ত ২১ জন করোনা রোগী শনাক্ত করা গেছে। এর মধ্যে একমাত্র সিন্ধু প্রদেশেই পাওয়া গেছে  ১৫ জন রোগী।

পার্সটুডে/মূসা রেজা/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।