আমেরিকায় ৩৫ বাংলাদেশিসহ করোনায় মৃত্যু ৪০৮০, আক্রান্ত ১ লাখ ৯০ হাজার
https://parstoday.ir/bn/news/world-i78724-আমেরিকায়_৩৫_বাংলাদেশিসহ_করোনায়_মৃত্যু_৪০৮০_আক্রান্ত_১_লাখ_৯০_হাজার
আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত ৩৫ জন বাংলাদেশির মৃত্যু হলো।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০১, ২০২০ ০৮:১৫ Asia/Dhaka
  • আমেরিকায় ৩৫ বাংলাদেশিসহ করোনায় মৃত্যু ৪০৮০, আক্রান্ত ১ লাখ ৯০ হাজার

আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত ৩৫ জন বাংলাদেশির মৃত্যু হলো।

৩১ মার্চ নিউইয়র্কে যারা মারা গেছেন তারা হলেন- বিএনপির নেতা তানভীর হাসান, মুনিম চৌধুরী, নুসরাত মজুমদার ও সুরুজ খান। এছাড়া, নিউজার্সির প্যাটারসনে ৭২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম জানা যায়নি।

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় এই অঙ্গরাজ্যে আরও ৪৯৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭১৪। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছে অন্তত ৯ হাজার ২৯৮ জন। এ নিয়ে ওই অঞ্চলে কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭৯৫।

আমেরিকার গণমাধ্যমের খবর বলা হয়েছে, নিউইয়র্ক নগরের বিভিন্ন এলাকায় বসবাসরত প্রায় প্রতিটি পরিবারের কেউ না কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারে অনেকেই আতঙ্কে ভুগছেন।

জনস হপকিনস করোনাভাইরাস রিসার্চ সেন্টারের হিসাব অনুযায়ী- আমেরিকায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ হাজার ৮০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬২৪ জন। এর মধ্য দিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যায় আমেরিকা চীনকেও ছাড়িয়ে গেল। করোনার উৎসভূমি হিসেবে পরিচিত চীনে মৃতের সংখ্যা ৩ হাজার ৩১০ জন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।