আমেরিকায় করোনাভাইরাসে মৃত্যু ৫,১৩৮ জনের: সারাবিশ্বে মৃত ৪৭ হাজার
প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪৭ হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া, আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩৭ হাজার ৫৬৭ মানুষ। আর চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়েছেন এক লাখ ৮৪ হাজার ১১৩ জন।
আজ (বৃহস্পতিবার) আমেরিকার জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। জনস হপকিন্সের হিসাব অনুযায়ী- করোনাভাইরাসে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন আমেরিকায়। সেখানে এখন পর্যন্ত ২ লাখ ১৬ হাজার ৭২১ জন মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪৭৩ জন। এছাড়া, আমেরিকায় মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ১৩৮ জনে পৌঁছেছে। এদের মধ্যে নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৮৫ জন। আর এটা একদিনে আমেরিকায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ইউরোপের দেশ ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ১৫৫ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৭৪ জন।
ইউরোপের আরেক দেশ স্পেনে আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ১৭৯ জন এবং মারা গেছেন ৯ হাজার ১৩১ জন। এ ছাড়া, জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৫৫৮ জন এবং মারা গেছেন ৮৯১ জন, ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৯৮৯ জন এবং মারা গেছেন ৪ হাজার ৩২ জন। ব্রিটেনে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৪৭৪ জন এবং মারা গেছেন ২ হাজার ৩৫২ জন।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউওইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রোয়াসুস হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ১০ লাখ হয়ে যাবে। করোনাভাইরাস মোকাবিলার নীতিমালায় পরিবর্তন আনার আভাস দিয়েছেন তিনি।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২