করোনার আঘাতে আমেরিকা কার্যত এক মৃত্যু উপত্যকা, প্রাণহানি ৫০ হাজার
-
করোনায় মৃত্যু এক ব্যক্তির কফিন
আমেরিকায় করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা ৫০ হাজারের মাইলফলক ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন দুই হাজার ৩৪২ জন আর আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৯০০ জন। এ নিয়ে শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা আট লাখ ৮৬ হাজার ৭০৯ জন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। ওয়ার্ল্ডোমিটার বলছে, আমেরিকার ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি নিউইয়র্কে। সেখানে নতুন করে ৫০৭ জনের মৃত্যুসহ মোট মারা গেছেন মোট ২০ হাজার ৮৬১ জন। নিউজার্সিতে নতুন করে ৩৬৫ জন মারা যাওয়ায় সেখানে মৃতের সংখ্যা পাঁচ হাজার ৪২৮ জনে দাঁড়িয়েছে।
এ ছাড়া, নতুন করে ম্যাসাচুসেটসে ১৭৮, ক্যালিফোর্নিয়ায় ১০৪, পেনসিলভানিয়ায় ১১১, ইলিনয়ে ১২৩, মিশিগানে ১৬৪ ও লুইজিয়ানায় ১২৬ জন মারা গেছেন। দেশটিতে মোট সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৯২২ জন। তবে, একটানা অনেকদিন ধরেই করোনাভাইরাসের প্রকোপে শীর্ষে রয়েছে দেশটি। তাছাড়া, প্রতিদিনই এখানে গড়ে করোনায় দুই থেকে আড়াই হাজার মানুষের মৃত্যু হচ্ছে। চলমান মৃত্যুর মিছিল দীর্ঘ হতে হতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করেছে। এই মৃত্যু কতদূর গিয়ে ঠেকবে তা এখনই বলা যাচ্ছে না।
মহামারির শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, করোনার মরণ ছোবলে আমেরিকায় যদি মানুষের প্রাণহানি এক লাখের মধ্যে রাখতে পারে, তবে সেটাকে সফলতা হিসেবে অভিহিত করতে হবে। দিনে দিনে করোনায় মৃত্যুর পরিসংখ্যানে দেশটি যেন সেদিকেই এগিয়ে চলেছে। সবাইকে ছাড়িয়ে মৃত্যু আর আক্রান্তের ভয়াল এক উপত্যকায় এক দাঁড়িয়ে আছে আমেরিকা।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।