বন্ধুত্বের জন্য ইরানি জনগণকে ধন্যবাদ: ভেনিজুয়েলার বিমান বাহিনী
https://parstoday.ir/bn/news/world-i80182-বন্ধুত্বের_জন্য_ইরানি_জনগণকে_ধন্যবাদ_ভেনিজুয়েলার_বিমান_বাহিনী
ভেনিজুয়েলার বিমানবাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে যাতে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনিজুয়েলায় জ্বালানিপণ্য সরবরাহ করার জন্য ইরানের ব্যাপক প্রশাংসা করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৬, ২০২০ ০৮:০৮ Asia/Dhaka
  • বন্ধুত্বের জন্য ইরানি জনগণকে ধন্যবাদ: ভেনিজুয়েলার বিমান বাহিনী

ভেনিজুয়েলার বিমানবাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে যাতে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনিজুয়েলায় জ্বালানিপণ্য সরবরাহ করার জন্য ইরানের ব্যাপক প্রশাংসা করা হয়েছে।

গতকাল (সোমবার) প্রকাশিত ভিডিও বার্তার একাংশে বলা হয়েছে, ইরান ও ভেনিজুয়েলা সম্মান এবং মার্যাদার সঙ্গে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করছে। ভিডিও বার্তার ক্যাপশনে বলা হয়েছে- “আমাদের লড়াই সফল হবে এবং আমরা বিজয়ী হব। বন্ধুত্বের জন্য ইরানের জনগণকে ধন্যবাদ।”

ভিডিওতে দেখা যাচ্ছে- ভেনিজুয়েলার কয়েকটি জঙ্গিবিমান তেলবাহী ইরানি দ্বিতীয় জাহাজ ‘ফরেস্ট’কে এস্কর্ট দিয়ে নিয়ে যাচ্ছে। বলা হচ্ছে- মার্কিন নিষেধাজ্ঞার কারণে জ্বালানি সংকটে ভুগছে ভেনিজুয়েলা। ইরান থেকে এই জ্বালানি তেল সরবরাহ করার কারণে ভেনিজুয়েলার জনজীবনে অনেকটা স্বস্তি ফিরে আসবে।

ভেনিজুয়েলার জঙ্গিবিমান ইরানি তেলবাহী জাহাজকে এস্কর্ট দিয়ে নিয়ে যাচ্ছে

ভেনিজুয়েলা তেলসমৃদ্ধ দেশ হলেও সাম্প্রতিক সময়ে দেশটির তেল শোধানাগারগুলো অচল হয়ে পড়ার কারণে পরিশোধিত তেলের অভাবে পড়ে দেশটি। এ অবস্থায় সম্প্রতি দু’দেশের ওপর আমেরিকার অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের পাঁচটি তেল ট্যাংকার ভেনিজুয়েলার জন্য ৪৩ মিলিয়ন লিটার পরিশোধিত তেল ও তেলজাত পণ্য নিয়ে দেশটির উদ্দেশে যাত্রা করে। 

তেহরানের স্থানীয় সময় আজ (সোমবার) সকাল সাড়ে ৬টার দিকে ভেনিজুয়েলার পানিসীমায় প্রবেশ করার পর দেশটির নৌ ও বিমান বাহিনীর সেনারা ইরানি তেল ট্যাংকারকে এস্কর্ট করে ভূ-ভাগের দিকে নিয়ে যায়। এসময় আশপাশে মার্কিন কোনো যুদ্ধজাহাজকে দেখা যায় নি।

এর একদিন আগে অর্থাৎ রোববার সকালে ইরানের প্রথম তেল ট্যাংকার ‘ফরচুন’ ভেনিজুয়েলার পানিসীমায় প্রবেশ করে। সর্বশেষ খবর অনুযায়ী- ইতোমধ্যে দুটো ট্যাংকারই ভেনিজুয়েলার ইআই পালিটো বন্দরে পৌঁছে গেছে। ‘ক্ল্যাভেল’, ‘ফ্যাকসন’ ও ‘পতুনিয়া’ নামের অপর তিনটি তেল ট্যাংকার ভেনিজুয়েলার পানিসীমার দিকে এগিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/২৫