ইউক্রেনকে ২৫ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে আমেরিকা
-
ইউক্রেনকে আবার সামরিক সহায়তা দেবে আমেরিকা
মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন জানিয়েছে, তারা আবার ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া শুরু করছে এবং এর আওতায় দেশটিকে শিগগিরই ২৫ কোটি ডলার সহায়তা বরাদ্দ দেবে।
পেন্টাগনের ঘোষণা অনুযায়ী মার্কিন সামরিক সহায়তা ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো, আকাশ এবং সমুদ্র নজরদারি, যোগাযোগ ও সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা এবং কথিত রাশিয়ার সাইবার হামলা মোকাবেলায় জন্য ব্যয় করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্ট প্রক্রিয়া স্থগিত হয়ে যাওয়ার পর আমেরিকার পক্ষ থেকে ইউক্রেনের জন্য এই সাহায্য বরাদ্দের ঘোষণা এলো। এছাড়া পেন্টাগন এই নিশ্চয়তা দিচ্ছে যে, ইউক্রেনের সামরিক খাতে যে ধরনের সংস্কার প্রয়োজন ছিল দেশটি তা করেছে। মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা এবং ইউক্রেনের মধ্যকার স্থবির হয়ে পড়া প্রতিরক্ষা সম্পর্কের নিশ্চয়তা দিচ্ছে এই বিবৃতি।
পেন্টাগন বলছে, আমেরিকা থেকে ইউক্রেনের জন্য বরাদ্দ দেয়া সাড়ে ১২ কোটি ডলার দেশটির সামরিক খাতে সংস্কার করার শর্ত দেয়া হচ্ছে যার দরুন ইউক্রেনকে সামরিক প্রশিক্ষণ এবং বিভিন্ন রকমের অভিযান চালানোর জন্য নানা ধরনের সামরিক সরঞ্জাম দেয়া হবে।
২০১৪ সালে গণভোটের মাধ্যমে ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়া সংযুক্ত করে নিলে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্পর্কের ব্যাপক অবনতি হয় এবং সে সময় থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে আমেরিকা। তবে মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার ছেলের দুর্নীতির ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করার জন্য ইউক্রেনের প্রেসিডেন্টের ওপর চাপ সৃষ্টি করলে তা নিয়ে আমেরিকা এবং ইউক্রেনের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়। এ নিয়ে ক্ষমতার অপব্যবহারের জন্য ইমপিচমেন্ট প্রক্রিয়ার মুখে পড়েন ট্রাম্প। এ অবস্থায় ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া বন্ধ রাখে।#
পার্সটুডে/এসআইবি/১২