বিশ্বব্যাপী কুদস দিবস পালিত, ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন
বিশ্বজুড়ে আজ পবিত্র কুদস দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে মিছিল সমাবেশের আয়োজন করা হয়। এ সমস্ত সমাবেশ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন এবং ইহুদিবাদী ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়েছে।
ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর বিপ্লবের নেতা ইমাম খোমেনী (রহ) ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং পবিত্র বায়তুল মুকাদ্দাস মুক্ত করার লক্ষ্য নিয়ে রমজান মাসের শেষ শুক্রবারকে আন্তর্জাতিক কুদস দিবস ঘোষণা করেন।
এবারের কুদস দিবসে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক এবং ধর্মীয় নেতারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সংহতি জানিয়েছেন এবং ইহুদিবাদী ইসরাইলের বর্বরতার বিরুদ্ধে মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
চলতি বছর প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর কারণে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে অনলাইনে কুদস দিবস উপলক্ষে নানা আলোচনা, সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।
ইরানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সত্ত্বেও বেশ কিছু লোককে রাজধানী তেহরানের রাস্তায় বিক্ষোভ করতে এবং ইহুদিবাদী ইসরাইলের পতাকা পোড়াতে দেখা যায়। তেহরানের ফিলিস্তিন চত্বরে বিক্ষোভকারীরা ইসরাইল ধ্বংস হোক' শ্লোগান দেন।
এছাড়া ইরানের মাশাদ, আহওয়াজ, কেরমান ও ইস্ফাহান শহরে একই ধরনের বিক্ষোভ হয়েছে।
আফগানিস্তানের রাজধানী কাবুলে ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে বহু সংখ্যক তরুণ গাড়ি নিয়ে মিছিল বের করে। গতকাল পাকিস্তানের করাচি শহরে কুদস দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
একইভাবে ইরাকেও আন্তর্জাতিক কুদস দিবস পালিত হয়েছে। এর উদ্যোক্তারা বলেছেন, সমস্ত ঘটনা থেকে পরিষ্কার হচ্ছে- ইসরাইলের শক্তি দিন দিন কমছে এবং ক্ষমতার ভারসাম্য দিন দিন ফিলিস্তিনিদের দিকে ঝুঁকে পড়ছে। ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী অন্যতম সংগঠন আসাইব আহলুল হকের নেতা বলেছেন, ফিলিস্তিন ইস্যুটি শুধু কুদস দিবসের ভিতরে সীমাবদ্ধ থাকা উচিত নয় বরং প্রতিটি দিনেই ফিলিস্তিন ইস্যু গুরুত্ব পাওয়া উচিত।#
পার্সটুডে/এসআইবি/৭