সড়কপথে ভারতে পণ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে তালেবান: নয়াদিল্লি
https://parstoday.ir/bn/news/world-i96212-সড়কপথে_ভারতে_পণ্য_সরবরাহ_বন্ধ_করে_দিয়েছে_তালেবান_নয়াদিল্লি
পাকিস্তানের ভেতর দিয়ে সড়কপথে আফগানিস্তানের পণ্য ভারতে পাঠানোর প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে তালেবান। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, তালেবান এমন সময় এ পদক্ষেপ নিয়েছে যখন আফগানিস্তানে উৎপাদিত পণ্য ভারতে সবচেয়ে বেশি রপ্তানি হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২১, ২০২১ ০১:২১ Asia/Dhaka
  • পাকিস্তানের ওয়াগাহ সীমান্ত ক্রসিং দিয়ে আফগান পণ্য ভারতে প্রবেশ করে (ফাইল ছবি)
    পাকিস্তানের ওয়াগাহ সীমান্ত ক্রসিং দিয়ে আফগান পণ্য ভারতে প্রবেশ করে (ফাইল ছবি)

পাকিস্তানের ভেতর দিয়ে সড়কপথে আফগানিস্তানের পণ্য ভারতে পাঠানোর প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে তালেবান। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, তালেবান এমন সময় এ পদক্ষেপ নিয়েছে যখন আফগানিস্তানে উৎপাদিত পণ্য ভারতে সবচেয়ে বেশি রপ্তানি হয়।

ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন্সের মহাপরিচালক অজয় সাহাই বলেছেন, তালেবান সড়কপথে বাণিজ্যের পথ বন্ধ করে দিয়েছে এবং ভারত অভিমুখী পণ্য পাকিস্তানে প্রবেশের ট্রানজিট রুটে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তবে, দুবাইয়ের মাধ্যমে আফগানিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যিক লেনদেন অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

আফগানিস্তানের নিরপেক্ষ কোনো সূত্র থেকে ভারতীয় কর্মকর্তার এ দাবির সত্যতা যাচাই করা যায়নি। 

ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন্সের মহাপরিচালক অজয় সাহাই

গত ১৫ আগস্ট রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর তালেবান তাদের দেশের পুনর্গঠন কাজে ভূমিকা রাখার জন্য ভারতকে ধন্যবাদ জানানোর পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডে ভারতের অংশগ্রহণ অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে। তবে একইসঙ্গে আফগানিস্তানে কোনো সামরিক অভিলাষের ব্যাপারে নয়াদিল্লিকে সতর্ক করে দেয় তালেবান।

তালেবানের প্রধান সমর্থক হিসেবে অভিযুক্ত পাকিস্তান দাবি করছে, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।