‘২০ বছরের অর্জন ধরে রাখতে’ তালেবানের সঙ্গে আলোচনা প্রয়োজন: মার্কেল
https://parstoday.ir/bn/news/world-i96434-২০_বছরের_অর্জন_ধরে_রাখতে’_তালেবানের_সঙ্গে_আলোচনা_প্রয়োজন_মার্কেল
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল আফগানিস্তানের চলমান পরিস্থিতিকে ‘তিক্ত বাস্তবতা’ বলে অভিহিত করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, দেশটিতে তার ভাষায় ‘গত ২০ বছরের অর্জন ধরে রাখতে’ তালেবানের সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
আগস্ট ২৬, ২০২১ ০৯:৫২ Asia/Dhaka
  • জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল
    জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল আফগানিস্তানের চলমান পরিস্থিতিকে ‘তিক্ত বাস্তবতা’ বলে অভিহিত করেছেন। একইসঙ্গে তিনি বলেছেন, দেশটিতে তার ভাষায় ‘গত ২০ বছরের অর্জন ধরে রাখতে’ তালেবানের সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন।

তিনি গতকাল (বুধবার) জার্মান পার্লামেন্টে দেয়া বক্তব্যে বলেন, “গত ২০ বছরে আফগানিস্তানে যে পরিবর্তন এসেছে তা যথাসম্ভব ধরে রাখার জন্য আমাদের চেষ্টা করা উচিত। আর তা করতে আন্তর্জাতিক সমাজের উচিত তালেবানের সঙ্গে সংলাপে বসা।”

আগামী ৩১ আগস্ট আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও তিনি আফগানিস্তানের জনগণকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মার্কেল বলেন, ওই তারিখ পর্যন্ত আফগানিস্তান থেকে আমাদের আফগান সহকর্মীদের বের করে আনার জন্য জন্য নিরবচ্ছিন্নভাবে কাজ করে যেতে হবে।

জার্মান চ্যান্সেলরও অন্যান্য দেশের নেতাদের মতো স্বীকার করেন, পশ্চিমা দেশগুলো আফগানিস্তানে তালেবানের অগ্রাভিযানকে অবহেলা করেছিল।

তালেবান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার এবং কাবুল বিমানবন্দরে তাদের অবস্থানের মেয়াদ বাড়ানো হবে না। আগামী ৩১ আগস্ট এই সময়সীমা শেষ হওয়ার কথা রয়েছে যদিও আমেরিকা বুধবার দাবি করেছে, তালেবান ওই সময়সীমা অতিক্রান্ত হওয়র পরও মার্কিন সেনাদের কিছু বলবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।