কথাবার্তা
বিপর্যয় ঠেকাতে পুলিশের গোপন প্রতিবেদন: সরকারি মূল্যে সার পাচ্ছে না কৃষক
শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে ১৭ ডিসেম্বরের কথাবার্তার আসর শুরু করছি আমি আশরাফুর রহমান। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ঢাকা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনের খবর বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। তবে কোলকাতা থেকে প্রকাশিত আজকের জাতীয় দৈনিকগুলোর প্রিন্ট ও অনলাইন সংস্করণে একক কোনো খবর শীর্ষ শিরোনাম হিসেবে প্রকাশিত হয়নি। প্রথমেই বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনামগুলো তুলে ধরছি।
- অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ- শেখ হাসিনা বললেন: দেশবাসীকে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বসভায় মাথা উঁচু করে চলতে হবে : বাংলাদেশ প্রতিদিন
- মুক্তিযুদ্ধকে ধারণ করে এমন বাংলাদেশকেই সমর্থন দেবে ভারত: রাষ্ট্রপতি কোবিন্দ- সমকাল
- ৬ বছরে ৪ লাখ কোটি টাকা পাচার: জিএফআই প্রতিবেদন: যুগান্তর
- দেশের টাকা পাচার করে বেগম পাড়া তৈরি হচ্ছে: জিএম কাদের- ইত্তেফাক
- র্যাবের ভূমিকায় সন্ত্রাস কমেছে বাংলাদেশে : যুক্তরাষ্ট্রের প্রতিবেদন- কালেরকণ্ঠ
- বিপর্যয় ঠেকাতে পুলিশের গোপন প্রতিবেদন: সরকারি মূল্যে সার পাচ্ছে না কৃষক- নয়াদিগন্ত
- শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ায় মেয়রের বিরুদ্ধে মামলা- ভোরের কাগজ
এবার কোলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম তুলে ধরছি:
- পেগাসাস-কাণ্ডের তদন্তে মমতার গড়া কমিশনে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট- আনন্দবাজার
- রাজ্যের মুকুটে নয়া পালক, প্রাথমিক শিক্ষায় দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ, স্বীকৃতি কেন্দ্রের- আজকাল
- ‘কলকাতা পুরভোটে বাইরে থেকে লোক আনছে TMC’, অভিযোগ সুকান্তর, পালটা দিলেন ফিরহাদ
- ধর্ষণ আটকাতে না পারলে উপভোগ করুন: বিধানসভায় বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার- বর্তমান পত্রিকা
শ্রোতাবন্ধুরা, বাংলাদেশ ও ভারতের বাংলা দৈনিকগুলোতে প্রকাশিত গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম শুনলেন। এবার কয়েকটি খবরের বিস্তারিত জানা যাক। প্রথমেই বাংলাদেশ।
দেশবাসীকে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বসভায় মাথা উঁচু করে চলতে হবে : শেখ হাসিনা
'অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার শপথ' শিরোনামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ছেপেছে বাংলাদেশ প্রতিদিন। এতে বলা হয়েছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বিশ্বসভায় মাথা উঁচু করে চলতে দেশবাসীকে বঙ্গবন্ধুর আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তোলার শপথ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথ পাঠ করানোর আগে বক্তব্যে তিনি বলেন, লাখো শহীদের রক্ত এ জাতি বৃথা যেতে দেবে না।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে বৃহস্পতি ও শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের প্রথম দিন গতকাল প্রধানমন্ত্রী সবাইকে শপথ বাক্য পাঠ করান।
মুক্তিযুদ্ধকে ধারণ করে এমন বাংলাদেশকেই সমর্থন দেবে ভারত: রাষ্ট্রপতি কোবিন্দ-সমকাল
মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে- এমন একটি বাংলাদেশকেই ভারত সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। শুক্রবার ঢাকার সোনারগাঁও হোটেলে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশে প্রবাসী ভারতীয় এবং ঢাকায় ‘ভারতীয় বন্ধুদের’ জন্য এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, বাংলাদেশকেই ভারতের সমর্থনের এই বিষয়ে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন। তিনি বলেন, আমি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছি, ভারত এমন একটি বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে।
সফরের শেষ দিন আজ শুক্রবার রামনাথ কোবিন্দ ঢাকার রমনায় কালী মন্দিরের সদ্য সংস্কার করা অংশের উদ্বোধন এবং মন্দিরটি পরিদর্শন করেন। দুপুরে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
৬ বছরে ৪ লাখ কোটি টাকা পাচার: জিএফআই প্রতিবেদন: যুগান্তর
'৬ বছরে ৪ লাখ কোটি টাকা পাচার' শিরোনামে দৈনিক যুগান্তরে প্রথম পাতায় তিন কলাম জুড়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ থেকে টাকা পাচারের হার আরও বেড়েছে। গত ৬ বছরে দেশের চার লাখ ৩৬ হাজার কোটি টাকা (৪৯৬৫ কোটি ডলার) বিদেশে পাচার হয়েছে। এ হিসাবে গড়ে প্রতি বছর পাচার হচ্ছে প্রায় ৭৩ হাজার কোটি টাকা। এর মধ্যে ২০১৫ সালেই পাচার হয়েছে এক লাখ কোটি টাকার বেশি।
বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জিএফআইর প্রতিবেদনে বলা হয়, ২টি প্রক্রিয়ায় এই অর্থ পাচার হয়েছে। এর মধ্যে আছে বিদেশ থেকে পণ্য আমদানির মূল্য বেশি দেখানো (ওভার ইনভয়েসিং) এবং রপ্তানিতে মূল্য কম দেখানো (আন্ডার ইনভয়েসিং)। তবে ২০১৮ সাল পর্যন্ত বিশ্বের অন্যান্য দেশের তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। কিন্তু ২০১৫ সালের তথ্য দিয়ে বাংলাদেশের রিপোর্ট তৈরি করা হয়েছে। কারণ এ সময়ের পর জাতিসংঘকে বৈদেশিক বাণিজ্যের কোনো তথ্য দেয়নি বাংলাদেশ।
দেশের টাকা পাচার করে বেগম পাড়া তৈরি হচ্ছে: জিএম কাদের- ইত্তেফাক
এদিকে, জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, নেতৃত্বের দুর্বলতার কারণে স্বাধীনতার পঞ্চাশ বছরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি। যারা বারবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি বলেই এখনো সমাজের প্রতিটি স্তরে শোষণ ও বৈষম্য।
গতকা সকালে উত্তরার রবীন্দ্র সরণির মুক্তমঞ্চে উত্তরা কালচারাল সোসাইটি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি চেয়ারম্যান এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘এখনো শোষণ চলছে, প্রতি বছর হাজার কোটি টাকা পাচার হচ্ছে। দেশের টাকা পাচার করে বেগম পাড়া তৈরি হচ্ছে। তাই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের সংগ্রাম এখনো শেষ হয়নি। আগামী প্রজন্মের জন্য শোষণ ও বৈষম্যহীন একটি দেশ গড়তেই আমাদের রাজনীতি।’
র্যাবের ভূমিকায় সন্ত্রাস কমেছে বাংলাদেশে : যুক্তরাষ্ট্রের প্রতিবেদন- কালেরকণ্ঠ
যুক্তরাষ্ট্র সরকারের নতুন এক প্রতিবেদনে বাংলাদেশে সন্ত্রাস নিয়ন্ত্রণে র্যাবের ভূমিকাকে ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, র্যাবের ভূমিকায় বাংলাদেশে সন্ত্রাস কমেছে। র্যাব ও এর সাবেক ও বর্তমান সাত শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রায় এক সপ্তাহ পর গতকাল বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ওই প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়েছে, ‘২০২০ সালে বাংলাদেশে সন্ত্রাস-সংশ্লিষ্ট ঘটনার তদন্ত ও গ্রেপ্তার বেড়েছে, কমেছে সন্ত্রাসী কর্মকাণ্ড।’ প্রতিবেদনের আরেকটি অংশে বলা হয়েছে, ‘‘২০২০ সালজুড়ে র্যাব এবং ‘কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসিইউ)’ কমিউনিটি পুলিশি কার্যক্রম ও সন্দেহভাজন বিদেশি সন্ত্রাসী যোদ্ধাদের গ্রেপ্তারের পাশাপাশি উগ্রবাদ মোকাবিলা ও পুনর্বাসন কর্মসূচি চালু করে।’'
ওই প্রতিবেদনটি প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
বিপর্যয় ঠেকাতে পুলিশের গোপন প্রতিবেদন: সরকারি মূল্যে সার পাচ্ছে না কৃষক- নয়াদিগন্ত
কৃষিপ্রধান দেশ হিসেবে সার একটি অত্যাবশ্যকীয় পণ্য। সুলভ মূল্যে কৃষকের কাছে সার পৌঁছাতে বিপুল পরিমাণ ভর্তুকি দিচ্ছে সরকার। তবুও সুফল মিলছে না। আমদানিকারক, পরিবহন ঠিকাদার ও ডিলারদের অসাধু সিন্ডিকেট, গুদামের সার আত্মসাৎ ইত্যাদি কারণে কৃষকরা সরকার নির্ধারিত দামের অতিরিক্ত খরচে সার ক্রয় করতে বাধ্য হচ্ছে। ফলে উৎপাদন ব্যয় বেড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। অবিলম্বে এই সমস্যার সমাধান করা না গেলে আগামীতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবেদনে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সম্প্রতি বাণিজ্যমন্ত্রীর কাছে এমন গোপনীয় প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ।
শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ায় মেয়রের বিরুদ্ধে মামলা- ভোরের কাগজ
জামালপুরের দেওয়ানগঞ্জে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার ঘটনায় পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহর বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ৯টায় ভুক্তভোগী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ বাদী হয়ে মামলাটি করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর। তিনি বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে দায়িত্ব পালনকালে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় ও লাঞ্ছিতের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় মেয়রকে একমাত্র আসামি করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে।
শ্রোতাবন্ধুরা, বাংলাদেশের পর এবার ভারতের বাংলা দৈনিকগুলোতে প্রকাশিত গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি।
পেগাসাস-কাণ্ডের তদন্তে মমতার গড়া কমিশনে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট- আনন্দবাজার
পেগাসাস-কাণ্ডের তদন্তে পশ্চিমবঙ্গ সরকারের কমিশন গড়ার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। জুলাই মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইজরায়েলি স্পাইওয়্যারের সাহায্যে ফোনে আড়ি পাতার ঘটনায় তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি মদন লোকুরের নেতৃত্বে দুই সদস্যের ওই তদন্ত কমিশন গড়েছিলেন।
ইজরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করে বিরোধী দলগুলির নেতা-নেত্রীদের ফোনে আড়ি পাতার ঘটনায় নিয়ে ইতিমধ্যেই নরেন্দ্রে মোদী সরকারের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। এ বিষয়ে ‘জাতীয় নিরাপত্তা’ নিয়ে কেন্দ্রের যুক্তিও খারিজ করেছে প্রধান বিচারপতি এনভি রমণার বেঞ্চ। গত অক্টোবরে পেগাসাস-কাণ্ডের তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে সুপ্রিম কোর্ট। অবসরপ্রাপ্ত বিচারপতি আর ভি রবীন্দ্রনের নেতৃত্বাধীন ওই কমিটি রয়েছেন দুই সাইবার বিশেষজ্ঞও।
এই পরিস্থিতিতে আপাতত অবসরপ্রাপ্ত বিচারপতি লোকুরের নেতৃত্বাধীন তদন্ত কমিশনের সমান্তরাল তদন্তের প্রয়োজন নেই বলে শুক্রবার জানিয়েছে প্রধান বিচারপতি রমণার বেঞ্চ। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পেগাসাস-তদন্ত শুরু হওয়ায় পশ্চিমবঙ্গ সরকারের কমিশনের পৃথক তদন্ত প্রয়োজন নেই বলে শীর্ষ আদালতে জানান কেন্দ্রে কৌঁসুলি হরিশ সালভে।
রাজ্যের মুকুটে নয়া পালক, প্রাথমিক শিক্ষায় দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ, স্বীকৃতি কেন্দ্রের- আজকাল
রাজ্যের মুকুটে আরও এক পালক। প্রাথমিক শিক্ষায় দেশের মধ্যে শীর্ষস্থান দখল করল পশ্চিমবঙ্গ। প্রধানমন্ত্রী ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের রিপোর্টে এই স্বীকৃতি দেওয়া হল রাজ্যকে। পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পাঁচটি মানদণ্ডের নিরিখে এই মূল্যায়ন করা হয়েছে। অক্ষর জ্ঞান এবং সংখ্যা জ্ঞান, অর্থাৎ জাতীয় র্যাঙ্কিংয়ে ফাউন্ডেশনাল লিটারেসি ও নিউমেরেসি সূচকে এক নম্বরে বাংলা। আর এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই টুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের জন্য দারুণ খবর। আমরা ফাউন্ডেশনাল লিটারেসি ও নিউমেরেসি সূচকে এক নম্বর স্থান দখল করেছি। সকল শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা দপ্তরের সমস্ত সদস্যদের অভিনন্দন জানাই।’ সেই টুইট রিটুইটও করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
কলকাতা পুরভোটে বাইরে থেকে লোক আনছে TMC’, অভিযোগ সুকান্তর, পালটা দিলেন ফিরহাদ
রবিবারই কলকাতার পুরভোট। আজ অর্থাৎ শুক্রবার চলছে শেষ মুহূর্তের প্রচার। তাঁর ফাঁকেই তৃণমূলকে আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। অভিযোগ করলেন, ভোটের জন্য বহিরাগতদের কলকাতায় আনছে তৃণমূল। পালটা দিয়েছেন ফিরহাদ হাকিম।
মাঝে মাত্র একদিন। রবিবারই কলকাতার পুরভোট। ভাগ্য নির্ধারিত হবে প্রার্থীদের। শুক্রবারই শেষ প্রচার। তাই এদিন সকাল থেকেই নিজের এলাকায় জনসংযোগ সারছেন প্রার্থীরা। সঙ্গে রয়েছেন দলের নেতা-কর্মীরা। এদিন কলকাতায় পুরভোটের প্রচার করেন সুকান্ত মজুমদার। সেখান থেকেই তিনি বলেন, “কলকাতায় ভোটের জন্য বহিরাগতদের আনা হচ্ছে। গতকাল রাতে কলকাতা থেকে নেতা-কর্মীরা যাওয়ার সময় দেখেছেন ডানকুনি থেকে প্রচুর লোক আনা হয়েছে।”
ধর্ষণ আটকাতে না পারলে উপভোগ করুন: বিধানসভায় বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার- বর্তমান পত্রিকা
ধর্ষণ আটকাতে না পারলে উপভোগ করুন। এমনই বিতর্কিত মন্তব্য করে বিতর্কে জড়ালেন কর্নাটকের এক প্রবীণ কংগ্রেস নেতা। গতকাল, বৃহস্পতিবার কর্নাটক বিধানসভায় ওই মন্তব্য করেন তিনি। কর্নাটক বিধানসভার শীতকালীন অধিবেশনে এদিন কৃষক আন্দোলন নিয়ে কথা বলতে উঠেছিলেন বিধানসভার প্রাক্তন স্পিকার তথা প্রবীণ কংগ্রেস নেতা কে আর রমেশ কুমার। সেখানে তিনি কৃষকদের সমস্যা নিয়ে আলোচনায় অনিচ্ছাকৃত সম্মতির সঙ্গে ধর্ষণের বিষয়টি উদাহরণ হিসেবে টেনে আনেন। তাঁর বক্তব্য, যখন ধর্ষণ অনিবার্য, তখন শুয়ে পড় এবং উপভোগ কর। সেই পরিস্থিতিতে এটাই একমাত্র করণীয়। তবে এই প্রথম নারী বিদ্বেষী মন্তব্য করেননি কংগ্রেস নেতা। আগেও দুর্নীতিতে নাম জড়ানোয় নিজেকে ধর্ষিতার সঙ্গে তুলনা করে বিতর্ক উস্কে দিয়েছিলেন রমেশ কুমার।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।