ফেব্রুয়ারি ০২, ২০২২ ১১:২১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২ ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • নিষেধাজ্ঞায় নতুন শঙ্কা পোশাক খাতে-মানবজমিন
  • রাবিতে শিক্ষার্থী ট্রাকচাপায় নিহত: চাপের মুখে প্রক্টরিয়াল বডি প্রত্যাহার-ইত্তেফাক
  • আলু বাম্পার ফলন হলেও চিন্তায় কৃষক–যুগান্তর
  • ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ৩০০ কোটি রুপি- প্রথম আলো
  • মার্কিন কংগ্রেসম্যান আরো বাংলাদেশির ওপর নিষেধাজ্ঞার তৎপরতা চলছে -কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • তৃণমূলের চেয়ারপার্সন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত মমতা, ঘোষণা করলেন পার্থ -আনন্দবাজার
  • আমরা কি ওঁর চাকর? রাজ্যপালকে টুইটারে ব্লক করে দিলেন মুখ্যমন্ত্রী  -আজকাল
  • উত্তরপ্রদেশকে অপমান করেছেন নির্মলা সীতারমণ! অর্থমন্ত্রীকে তোপ প্রিয়াঙ্কা গান্ধীর -সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

রাবিতে শিক্ষার্থী ট্রাকচাপায় নিহত: চাপের মুখে প্রক্টরিয়াল বডি প্রত্যাহার-ইত্তেফাক

মাহমুদ হাবীব হিমেল

বিস্তারিত খবরে লেখা হয়েছে,  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় গ্রাফিক্স ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদ হাবীব হিমেলের নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনে মুখে প্রক্টরিয়াল বডি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এসময় উপাচার্য নিহত শিক্ষার্থীর মৃত্যুতে শোক প্রকাশ করেন। এদিকে,মাহমুদ হাবীব হিমেলের জানাজা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। সেখানে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষক-শিক্ষার্থী। পুরো প্রাঙ্গণটি কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল। প্রথম আলো লিখেছে বুক ভাঙা কান্নায় মাহমুদকে বিদায় দিলেন সহপাঠীরা। আর জানাজার আগে রাবি ভিসি নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন।

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ৩০০ কোটি রুপি-প্রথম আলো

বাংলাদেশ -ভারত

২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেছে ভারত। অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এ বাজেট ঘোষণা করেন। এই বাজেটে এবার বাংলাদেশের জন্য আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে। এবার ভারতের বাজেটে বাংলাদেশের জন্য ৩০০ কোটি রুপি আর্থিক সহায়তা রাখা হয়েছে।গত বাজেটেও বাংলাদেশের জন্য প্রথমে ২০০ কোটি রুপি বরাদ্দ করা হয়।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মারফত এ অর্থ আগামী অর্থবছরে বাংলাদেশে খরচ করা হবে।নরেন্দ্র মোদি সরকারের বাজেটে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর জন্য আগের মতোই অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

আলু চাষীরা মূল্য নিয়ে বিপাকে

কৃষি খবরে দৈনিক যুগান্তরের শিরোনাম এরকম- আলু বাম্পার ফলন হলেও চিন্তায় কৃষক। এ খবরে বলা হয়েছে, খরচ তোলার সংশয়ে কৃষকরা জমি থেকে আলু তুলছেন না। অথচ এখন আলুর ভরা মৌসুম; তা সত্ত্বেও মৌসুমে আলু নিয়ে বিপাকে পড়েছেন নীলফামারীর সৈয়দপুরের কৃষকরা। লাভ তো দূরের কথা, খরচ তোলা নিয়ে সংশয়ে রয়েছেন অনেক কৃষক। যার কারণে জমি থেকে আলু তুলতে চাচ্ছেন না তারা। কৃষকরা বলছেন, বিঘাপ্রতি আলু উৎপাদনে খরচ ১৫-১৬ হাজার টাকা। যেখানে বর্তমান বাজারদর ৫ টাকা কেজি দরে বিক্রি করলে বিঘাপ্রতি আসে ১২ হাজার টাকার কিছু বেশি। সে হিসাবে লোকসান গুনতে হবে আলুতে।

 নিষেধাজ্ঞায় নতুন শঙ্কা পোশাক খাতে-মানবজমিন

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্তমান ও সাবেক ৭ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞার পর নতুন শঙ্কা দেখা দিয়েছে পোশাক খাতে। যুক্তরাজ্যের ক্রেতারা নিষেধাজ্ঞার কারণ দেখিয়ে আমদানি-রপ্তানিতে ব্যবহার হওয়া ঋণপত্রে (এলসি) বিশেষ একটি ধারা যুক্ত করে দিচ্ছেন। অতি সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন ধারাযুক্ত ঋণপত্র পাঠানো হয়েছে দেশের একজন গার্মেন্ট ব্যবসায়ীর কাছে। যুক্ত হওয়া ধারাটির কারণে বিদেশি ক্রেতাদের সঙ্গে অর্থ আদান-প্রদানে জটিলতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, মার্কিন কংগ্রেসম্যান গ্রেগরি মিকস  বলেছেন, আরো বাংলাদেশির ওপর নিষেধাজ্ঞার তৎপরতা চলছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের আরো কর্মকর্তা ও রাজনীতিবিদের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য বাংলাদেশের ভেতরে ও বাইরে জোরালো তৎপরতা (লবিং) চলছে।

৫৭ দেশে অমিক্রনের অতি সংক্রামক উপধরন: ডব্লিউএইচও-প্রথম আলোর করোনা সম্পর্কিত এ খবরে লেখা হয়েছে, করোনাভাইরাসের অতি সংক্রামক অমিক্রনের একটি উপধরন (বিএ.২) বিশ্বের ৫৭টি দেশে শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। ইতিমধ্যে কিছু গবেষণা ইঙ্গিত দিয়েছে, অমিক্রনের মূল ধরনের চেয়ে উপধরন ‘বিএ.২’অনেক বেশি সংক্রামক হতে পারে। ডব্লিউএইচওর করোনাবিষয়ক শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভে সাংবাদিকদের বলেন, মানুষকে বোঝাতে হবে, সতর্ক করতে হবে যে ভাইরাসের বিস্তার অব্যাহত আছে। ক্রমাগত ভাইরাসের বিবর্তন ঘটছে।সবাইকে সতর্ক হতে হবে।

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

তৃণমূলের চেয়ারপার্সন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত মমতা, ঘোষণা করলেন পার্থ-আনন্দবাজার পত্রিকার এ খবরে বলা হয়েছে, পাঁচ বছর পর হচ্ছে তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। দলের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুনর্নির্বাচন হওয়ার কথা। বুধবার দুপুর ১২ টা থেকে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া। তৃণমূলের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়ার সাক্ষী হওয়ার জন্য বিরোধী দলগুলিকেও আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূলের তরফে। তবে এই আমন্ত্রণ তালিকায় নাম নেই বিজেপি-র। দলের সাংগঠনিক ঐ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্মলা সীতারামন

সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, উত্তরপ্রদেশকে অপমান করেছেন নির্মলা সীতারমণ! অর্থমন্ত্রীকে তোপ প্রিয়াঙ্কা গান্ধীর। বিস্তারিত খবরে লেখা হয়েছে, সামনেই উত্তরপ্রদেশের নির্বাচন । ভোটের দামামা বেজে ওঠার আগেই আক্রমণের সুর চড়াল কংগ্রেস। এবার প্রিয়াঙ্কা গান্ধী কাঠগড়ায় তুললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে ।

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী

মঙ্গলবার বাজেট পেশের পরে সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী উত্তরপ্রদেশ প্রসঙ্গে ‘ইউপি টাইপ’ বলে যে শব্দবন্ধ ব্যবহার করেছিলেন তা নিয়েই তাঁকে কটাক্ষ করেন কংগ্রেস নেত্রী।

আমরা কি ওঁর চাকর? রাজ্যপালকে টুইটারে ব্লক করে দিলেন মুখ্যমন্ত্রী  -আজকাল

রাজ্যপাল ধনখড়কে টুইটারে ব্লক করলেন মমতা বন্দোপাধ্যায়

রাজ্যের আইন-শৃঙ্খলা, শাসকদলের কার্যকলাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করে চলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শাসকদলের তরফেও পালটা জবাব দেওয়া হয়েছে। কিন্তু ঝামেলা এবার তুঙ্গে উঠল। রাজ্যপালকে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, 'আমি ক্ষমা চাইছি, এটা করতে বাধ্য হলাম।' মমতা বললেন, 'উনি যখনই পারছেন আমায় গালাগালি করছেন, আমার দলের লোকদের গালাগালি করছেন। আমাদের ‘অ্যাকিউস’ করছেন, ‘অ্যাবিউস’ করছেন, আমাদের ওর ইনস্ট্রাকশন মতো চলতে বলছেন। আমরা কি ওর বন্ডেড লেবার, চাকর-বাকর? বাধ্য হয়েছি ব্লক করতে, এর জন্য ক্ষমা চাইছি।# 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২