মে ২৭, ২০১৬ ১৬:৪৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৭ মে শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকা:

বিএনপির ষড়যন্ত্র রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে: কাদের-প্রথম আলো

আইএস'র দায় স্বীকারে যোগসূত্র-আসলামকে ১০ দিনের রিমান্ড আবেদন- যুগান্তর

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাই বেকারত্ব দূর করার অন্যতম পথ -শিক্ষামন্ত্রী- কালের কন্ঠ

মাদারীপুরে ব্রিজের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৯- সমকাল

‘আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা উদ্দেশ্যমূলক’-মানবজমিন

প্রেমে ব্যর্থ হয়ে 'প্রেমিকার' বান্ধবীকে খুন, ঘাতক আটক-বাংলাদেশ প্রতিদিন

জঙ্গিবাদে অর্থায়নে সিঙ্গাপুরে অভিযুক্ত ৬ বাংলাদেশি - ইত্তেফাক

বিএনপি-জামায়াত রাষ্ট্র-সংবিধানের বিরুদ্ধে এখনো যুদ্ধ বন্ধ করেনি : ইনু -নয়া দিগন্ত

‘তাৎক্ষণিক বিচারে জনগণের মাঝে আস্থা বৃদ্ধি পেয়েছে’-মানবকন্ঠ

ভ্যাট নির্ভর বাজেট-ইনকিলাব

সৌদি আরবে স্ত্রীকে সন্তানপ্রসবে সাহায্য করায় পুরুষ চিকিৎসকে গুলি-জনকন্ঠ

কোলকাতা:

শপথ নিয়েই নবান্নে বৈঠক, মমতার দ্বিতীয় ইনিংস শুরু- আনন্দবাজার

আধপেটা খেয়েই তিন কন্যার যুদ্ধজয়- সংবাদ প্রতিদিন

সবপথ মিশেছে রেড রোডে -এইসময় অনলাইন

ফেডারেল ফ্রন্টের ডাক দিলেন লালু - দৈনিক আজকাল

নীতীশের গাঁধী ময়দানকে ছাপিয়ে গেল মমতার রেড রোড -বর্তমান

শ্রোতাবন্ধুরা/ পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

আজ শুরুতেই সারাদেশে ঘটে যাওয়া অনেক হত্যা-খুনের ঘটনা থেকে প্রথম আলোয় প্রকাশিত কয়েকটি ঘটনা তুলে ধরছি।

রংপুরে কৃষককে কুপিয়ে হত্যা-প্রথম আলো

রংপুরের পীরগাছা উপজেলায় রাসেল মিয়া (৩০) নামের এক কৃষককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার কান্দি ইউনিয়নের মনিরামপুর গ্রামে বাড়ির পাশের ধানখেত থেকে পুলিশ রাসেলের লাশ উদ্ধার করেছে।

স্কুলছাত্রীদের ওপর হাঁসুয়া নিয়ে হামলা, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুরে চার স্কুলছাত্রীর ওপর হাঁসুয়া নিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়েছে এক ব্যক্তি। হাঁসুয়ার কোপে দশম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে তার সহপাঠী আরও তিন ছাত্রী। আজ শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে এ ঘটনার পরই এলাকাবাসী আব্দুল মালেক নামে ওই ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছে।

ছাগলনাইয়ায় বিএনপি নেতার লাশ উদ্ধার

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার হিচাছড়া গ্রামে স্থানীয় ছোট একটি খাল থেকে আজ শুক্রবার সকালে একরামুল হক মজুমদার (৬০) নামে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ বলছে, তিনি ওই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

মনপুরায় স্ত্রীকে পিটিয়ে হত্যা!

ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গগন মেম্বারের বাড়িতে গত বুধবার বিকেলে ছয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ফাতেমাকে (১৫) পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁর স্বামী মনিরুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, তাকে রিমান্ডে নেয়ার পর নানামুখী খবর দৈনিকগুলোর পাতায় ছাপা হয়েছে। আজকের ইত্তেফাকে লেখা হয়েছে

আসলাম চৌধুরীর সঙ্গে অনেকেই জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী-ইত্তেফাক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতা শুধু বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীরই নয়। তাঁর সঙ্গে কয়েকটি রাজনৈতিক দলের বড় নেতারাও জড়িত।’

তিনি বলেন, আমরা অনেক কিছুই পেয়েছি, যা হয়তো অনেকেরই বিস্ময় হবে। এখন আমাদের অনুসন্ধানটা করে নিই। তদন্ত শেষে আমরা জানাব।’

‘আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা উদ্দেশ্যমূলক-রিজভী-মানবজমিন’

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে সরকার উদ্দেশ্যমূলকভাবে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তার আরেকটি বক্তব্য ছাপা হয়েছে প্রথম আলোয়।শিরোনামটি এরকম-

ট্রানজিট, অল্প দামে স্বাধীনতা বিক্রি : রিজভী-প্রথম আলো

ভারতকে ট্রানজিট দেয়ার সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এটি হচ্ছে অল্প দামে দেশের স্বাধীনতা বিক্রি করে দেয়া। ট্রানজিটের কারণে দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

খালেদাকে কেন গ্রেপ্তার করতে যাব: নাসিম-প্রথম আলো

বিএনপি নেতাদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘বেগম খালেদা জিয়াকে কেন আমরা গ্রেপ্তার করতে যাব। আওয়ামী লীগ যদি প্রতিহিংসাপরায়ণ হতো তাহলে বঙ্গবন্ধু হত্যার বিচার ট্রাইব্যুনালে হতো। কিন্তু আমরা তা করিনি। কাউকে গ্রেপ্তার করার ইচ্ছা আমাদের নেই।আর সেতুমন্ত্রী বলেছেন, খালেদাকে গ্রেপ্তারের পরিকল্পনা তাদের নেই।

গম ও চাল সংগ্রহে দুর্নীতি-কারীদের ক্ষমা নেই: ভূমিমন্ত্রী-ইত্তেফাক

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, 'কৃষকের ঘামঝরা উৎপাদিত ফসল গম ও চাল কেনায় যারা দুর্নীতি করবে তাদের কোন ক্ষমা নেই।' তাদের সমাজ থেকে বয়কট করার জন্য ভূমিমন্ত্রী আহ্বান জানান।

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় দেয় না।

ইয়াবায় পুড়ছে ৪৮ হাজার কোটি টাকা, আসক্তির সংখ্যা ছাড়িয়েছে ৩০ লাখ জড়াচ্ছে ব্যবসায়ী চাকরিজীবীরাও: বাংলাদেশ প্রতিদিন

দেশে সর্বপ্রথম ইয়াবা ঢোকে ২০০১ সালে। তখন দেশের একশ্রেণির উচ্চাভিলাষী সেবনকারীর কাছে ইয়াবা মাদক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। এরই মধ্যে পেরিয়ে গেছে ১৫ বছর। হালে সর্বগ্রাসী রূপ নিয়েছে এ মাদক। শহর-বন্দর-গ্রাম— সবখানেই এখন হাত বাড়ালেই মিলছে মরণনেশা ইয়াবা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের হিসাবমতে, বাংলাদেশে মাদকসেবীর সংখ্যা ৬০ লাখ। ইয়াবার পেছনে সেবনকারীরা দিনে খরচ করছেন প্রায় ১৩৫ কোটি টাকা। বছরে এ অঙ্ক দাঁড়ায় ৪৮ হাজার ৬০০ কোটি টাকা। আর এ টাকা জোগাড় করতে ইয়াবা সেবনকারীরা সহিংস হয়ে ওঠেন। খুন-খারাবি থেকে শুরু করে ছিনতাই, ডাকাতি, চুরির মতো অপরাধে জড়িয়ে পড়ছেন তারা। সংশ্লিষ্টরা বলছেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী আর তরুণ-তরুণী শুধু নয়; ছোট-বড় ব্যবসায়ী, সরকারি-বেসরকারি চাকরিজীবীর একটি অংশ এখন ইয়াবায় আসক্ত। ভয়ঙ্কর মাদক ইয়াবার থাবায় বিপন্ন হয়ে পড়েছে বহু পরিবারের সন্তানের জীবন। নেশায় আসক্ত হয়ে পড়া ছেলেমেয়েদের মায়ের কান্নাও থামছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝেমধ্যে ইয়াবার চালান আটক করলেও বন্ধ করা যাচ্ছে না এ বাণিজ্য। মাদক সিন্ডিকেটের জাল সারা দেশে ছড়ানো।

পাঠক ! বাংলাদেশের পর এবার ভারতের গুরুত্বপূর্ণ খবরের চুম্বক অংশ তুলে ধরছি।

শপথ নিয়েই নবান্নে বৈঠক, মমতার দ্বিতীয় ইনিংস শুরু-সংবাদ প্রতিদিন

পাঁচবছর আগে ২০১১ সালে পরিবর্তন দিয়ে যে সরকারের পথচলা শুরু হয়েছিল, তার দ্বিতীয় ইনিংস শুরু হল আজ৷ প্রত্যাবর্তনের সরকারের প্রকাশ্য শপথগ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে৷ এবং আজ থেকেই বাংলার মানুষের শুরু হল আরও বড় প্রত্যাশা পূরণের প্রতীক্ষা৷ যা সফল করতে এখন থেকেই প্রস্তুত নতুন সরকার৷ আগামী পাঁচবছরের রোডম্যাপ নিয়ে তৈরি বিভিন্ন দফতরের সচিবরা৷ দুপুরে শপথের পরেই মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবান্নে পৌঁছে যান মুখ্যমন্ত্রী৷

নবান্নে ঢোকার মুখে সাংবাদিকদের মমতা বলেন, “আমি একজন এল-আই-পি। লেস ইম্পরটেন্ট পার্সন৷ আমি মানুষের জন্য কাজ করে যাব৷” পাশাপাশি বাংলার মানুষকে সহযোগিতা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানিয়েছেন তিনি৷

ফেডারেল ফ্রন্টের ডাক দিলেন লালু-আজকাল

শপথে এসে শেষ পর্যন্ত নজর কেড়ে নিলেন লালুপ্রসাদ যাদব। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব তৃণমূলের ৪২ জন মন্ত্রী আজ শপথ নিলেন রেড রোডে। সেই শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষেই কলকাতায় হাজির হয়েছেন জেটলি, কেজরিওয়াল, লালু থেকে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে। তারকার মেলার মাঝেই সবার মাঝে নজর কাড়লেন লালু প্রসাদ যাদব। বিহারে নীতিশ কুমারের সঙ্গে জোট বেঁধে বি জে পি–কে আটকেছেন, পশ্চিমবঙ্গেও বি জে পি আটকানোর জন্য প্রাথমিক ভাবে ধন্যবাদ জানালেন মমতাকে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ