মে ২৮, ২০২২ ১২:০৯ Asia/Dhaka
  • ইউক্রেনে সহায়তা নয়, যুক্তরাষ্ট্রের উচিত স্কুলের নিরাপত্তা বাড়ানো- ট্রাম্পের মন্তব্য

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৮ মে শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:

  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব-নিত্যপণ্য আমদানিও কমছে, খরচ বেড়েছে-প্রথম আলো

  • আজাদি মার্চে মানুষ কম হওয়ায় দলীয় নেতাদের ওপর ক্ষুব্ধ ইমরান-মানবজমিন
  • খোমেনি স্টাইলে বিপ্লব করার দুঃস্বপ্ন দেখছে বিএনপি: কাদের-যুগান্তর
  • ইউক্রেনে সহায়তা নয়, যুক্তরাষ্ট্রের উচিত স্কুলের নিরাপত্তা বাড়ানো – ট্রাম্পের মন্তব্য- ইত্তেফাক
  • আক্রমণ হলে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি গয়েশ্বরের-কালের কণ্ঠ

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • ৮ বছরে বাপু ও প্যাটেলের স্বপ্নের ভারত গড়ে তুলতে চেয়েছি’, গুজরাটের সভায় মন্তব্য মোদির-দৈনিক সংবাদ প্রতিদিন
  • যোগীর মুখে বাংলার নিন্দা, পাল্টা দিল তৃণমূল -আজকাল
  • এ বার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ভিজিটর’ পদ থেকেও রাজ্যপালকে সরানোর ভাবনা নবান্নের- আনন্দবাজার পত্রিকা

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব-নিত্যপণ্য আমদানিও কমছে, খরচ বেড়েছে-প্রথম আলো

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির উৎস কমেছে। তাতে কমে গেছে আমদানির পরিমাণ। তার বিপরীতে অবশ্য আমদানি খরচ বেড়েছে। আমদানি খরচ বেড়ে যাওয়ায় বাজার থেকে আমদানিনির্ভর নানা পণ্য কিনতে বাড়তি খরচ করতে হচ্ছে ক্রেতাদের। ফলে যুদ্ধক্ষেত্র থেকে ৫ হাজার ৮০০ কিলোমিটার দূরে থাকা এ দেশের সাধারণ মানুষও ভুক্তভোগী হচ্ছে যুদ্ধের কারণে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। ওই যুদ্ধ শুরুর পর ১ মার্চ থেকে ২০ মে পর্যন্ত ৭টি পণ্যের আমদানির তথ্যে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় এসব পণ্যের আমদানি কমেছে গড়ে ১৯ শতাংশ। এই সাতটি পণ্য হলো সয়াবিন ও পাম তেল, গম, চিনি, মটর ডাল, মসুর ডাল ও ছোলা। এসব পণ্যের আমদানি কমলেও আমদানিতে আগের বছরের তুলনায় কেজিপ্রতি গড়ে সাড়ে ১২ টাকা খরচ বেড়েছে।

আক্রমণ হলে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি গয়েশ্বরের-কালের কণ্ঠ

আক্রমণ হলে পাল্টা আক্রমন ছাড়া বিকল্প পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র নেতারা। তারা বলেন, ছাত্রদলের নারীনেত্রীসহ নেতাকর্মীদের ওপর যে হামলা হয়েছে, এটা আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে হয়েছে। এখন আক্রমন হলে পাল্টা আক্রমন করতে হবে-এর বিকল্প কোনো পথ নেই।  

আজ শনিবার (২৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কমিটির প্রথম সমাবেশে বিএনপি নেতারা এসব কথা বলেন। 

খোমেনি স্টাইলে বিপ্লব করার দুঃস্বপ্ন দেখছে বিএনপি: কাদের-যুগান্তর

ইরানি বিপ্লবের স্টাইলে এদেশেও বিপ্লবের দুঃস্বপ্ন বিএনপি দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, কথিত গণআন্দোলন সৃষ্টি করে দণ্ডিত পলাতক আসামি তারেক রহমানকে টেমস নদীর ওপার থেকে দেশে ফিরিয়ে এনে খোমেনি স্টাইলে বিপ্লব করার দুঃস্বপ্ন দেখছে বিএনপি।  শনিবার রাজধানীর সরকারি বাসভবনে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ‘ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে নেমেছে’— মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের শাসনামলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একসময় বলেছিলেন বিরোধী দলকে ঠেকানোর জন্য ছাত্রদলই যথেষ্ট। তিনি বলেন, গণ-আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে বিএনপি।

ইউক্রেনে সহায়তা নয়, যুক্তরাষ্ট্রের উচিত স্কুলের নিরাপত্তা বাড়ানো’–ইত্তেফাক

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাইমারি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় এবার জো বাইডেন প্রশাসনের নিন্দা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ইউক্রেনে সহায়তা পাঠানোর আগে যুক্তরাষ্ট্রের উচিত স্কুলের নিরাপত্তা বাড়াতে তহবিল গঠন করায় গুরুত্ব দেওয়া। খবর প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, হোস্টনে একটি বৈঠকের আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বন্দুক গ্রুপ জাতীয় রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ)। সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনে বিলিয়ন ডলার পাঠাতে পারে, তাহলে নিজ দেশে শিশুদের নিরাপদে রাখতে আমাদের যে কোনো ব্যবস্থা নেওয়ার সক্ষমতা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা ইরাক ও আফগানিস্তানে ট্রিলিয়ন ডলার খরচ করেছি। কিন্তু সেখান থেকে কিছুই পাইনি। বিশ্বের অন্যান্য দেশে জাতি গঠনের পূর্বে আমাদের উচিত দেশে শিশুদের জন্য নিরাপদ স্কুল নিশ্চিত করা।’

আজাদি মার্চে মানুষ কম হওয়ায় দলীয় নেতাদের ওপর ক্ষুব্ধ ইমরান-মানবজমিন

আজাদি মার্চে আশানুরূপ সমর্থক জড়ো করতে না পারায় দলের নেতাদের ওপরে ক্ষুব্ধ পিটিআই প্রধান ইমরান খান। তার ঘোষণা করা ওই মার্চে যে পরিমাণ মানুষ আসবেন বলে তিনি আশা করেছিলেন বাস্তবে তা দেখা যায়নি। আর এ জন্য দলের নেতাদের ব্যর্থতাকেই দায়ী করছেন ইমরান। জিও টিভির রিপোর্টে বলা হয়েছে, পিটিআই সরকার যখন ক্ষমতাচ্যুত হয়েছিল তখন মানুষ নিজে থেকে যেভাবে ইমরান খানের সমাবেশে যোগ দিয়েছে, আজাদি মার্চে সেরকম না হওয়ায় হতাশ তিনি। পাঞ্জাবে পিটিআই’র জাতীয় পরিষদে ৮৩ আসন এবং প্রাদেশিক পরিষদে ১৫৯ আসন রয়েছে। অথচ সেখানে শুধু লাহোরে কিছু মানুষ আজাদি মার্চের সমর্থনে জড়ো হয়, যা সংখ্যায় ছিল ধারনার তুলনায় অনেক কম। সিন্ধু প্রদেশে পিটিআই নেতারা কোনো রাজনৈতিক কার্যক্রমই করেন নি। অপরদিকে রাওয়ালপিন্ডি থেকেও কেউ আজাদি মার্চে যোগ দেয়নি। কিছু কিছু ক্ষেত্রে পিটিআই নেতাদেরই খুঁজে পাওয়া যায়নি। এসব নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ ইমরান খান। 

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি: 

 ৮ বছরে বাপু ও প্যাটেলের স্বপ্নের ভারত গড়ে তুলতে চেয়েছি’, গুজরাটের সভায় মন্তব্য মোদির

আর কয়েক মাস। ডিসেম্বরেই গুজরাটের বিধানসভা (Gujarat Election 2022) নির্বাচন। বেজে গিয়েছে ভোটের দামামা। এই অবস্থায় দু’দিনের সফরে রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ওয়াকিবহাল মহলের মতে, পাতিদার গোষ্ঠীকে কাছে টানতেই মোদির এই সফর। আর প্রথম দিনই মোদির ঘোষণা, ”আমি আজ যা হয়েছি তা গুজরাটের জন্যই।” পাশাপাশি হাসপাতাল তৈরির প্রসঙ্গেও কার্যত পাতিদার গোষ্ঠীরই প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি,। এদিন আটকোটে মোদিকে বলতে শোনা গিয়েছে, ”এই ৮ বছরে আমাদের সৎ প্রচেষ্টা ছিল বাপু ও সর্দার পটেলের স্বপ্নের ভারত গড়ে তোলার। যেখানে দরিদ্র, দলিত, আক্রান্ত, উপজাতি, মহিলারা ক্ষমতাবান হবেন। যেখানে স্বাস্থ্যবিধি ও সুস্বাস্থ্য হবে জীবনধারণের একটি উপায়।” পাশাপাশি মোদি জানিয়েছেন, দরিদ্র ও মধ্যবিত্তদের জীবনযাত্রাকে সহজ করে তুলতেই নিরলস কাজ করে চলেছে তাঁর সরকার।

এ বার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ভিজিটর’ পদ থেকেও রাজ্যপালকে সরানোর ভাবনা নবান্নের- আনন্দবাজার পত্রিকা

রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্যের পদ থেকে রাজ্যপালকে সরানোর জন্য ইতিমধ্যে অনুমোদন মিলেছে রাজ্য মন্ত্রিসভার। তাঁর জায়গায় আচার্যপদে মুখ্যমন্ত্রীকে বসাতে আনা হচ্ছে বিল। এ বার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ভিজিটর’ পদ থেকেও সরানো হতে পারে রাজ্যপালকে। ওই জায়গা নিতে পারেন রাজ্যের শিক্ষামন্ত্রী। নবান্ন সূত্রে এমন সম্ভাবনার কথাই উঠে আসছে।জানা গিয়েছে, ইতিমধ্যে এ নিয়ে এক প্রস্ত আলোচনা হয়েছে মন্ত্রিসভায়। সূত্রের খবর, তার পরেই বিষয়টিতে সবুজ সঙ্কেত দিয়েছে নবান্ন।  বিশিষ্টদের একাংশ বলছেন, আচার্য পদে মুখ্যমন্ত্রী, ভিজিটর পদে শিক্ষামন্ত্রীকে বসানো হলে শিক্ষাঙ্গনে প্রবল ভাবে রাজনীতি ঢুকে পড়বে। বিরোধী রাজ্যনৈতিক দলগুলি বলছে, শিক্ষাঙ্গনের সমস্ত বিষয়ে ‘খবরদারি’ করার জন্যই এই সিদ্ধান্ত নিচ্ছে তৃণমূল সরকার। 

যোগীর মুখে বাংলার নিন্দা, পাল্টা দিল তৃণমূল -আজকাল

উত্তরপ্রদেশে আইন–শৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে।

তা নিয়ে বিরোধীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে যোগী আদিত্যনাথ সরকারকে। সেই আক্রমণ থেকে বাঁচতে যোগী এবার বাংলার নিন্দা করে বসলেন। শুক্রবার বিধানসভায় বাজেট পেশের পর যোগী বাংলায় বিজেপির তোলা অভিযোগের উল্লেখ করে বলেন, ‘‌বাংলায় ভোট পরবর্তী সময়ে ১২ হাজার হিংসার ঘটনা ঘটেছে। ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৪২টি কেন্দ্র থেকেই অভিযোগ এসেছে। বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে।’‌ তৃণমূল অবশ্য যোগীর মন্তব্যের বিরোধিতা করে বলেছে, উনি বরাবর বাংলা সম্পর্কে অসত‌্য বলে থাকেন। যোগীর তথ্যের কোনও ভিত্তি নেই। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন ‘‌বাংলার উন্নয়নের কাছে দশ গোল খেয়ে মিথ্যাচার করছে বিজেপি। 

পার্সটুডে/বাবুল আখতার/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।