জুলাই ০২, ২০২২ ১২:১২ Asia/Dhaka
  • শুক্রবার পদ্মা সেতুতে সর্বোচ্চ ৩ কোটি ১৬ লাখ টাকার টোল আদায়

রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২ জুলাই শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • শিক্ষক হত্যা: জিতুর পর সেই ছাত্রীও বহিষ্কার-কালের কণ্ঠ
  • শুক্রবার পদ্মা সেতুতে সর্বোচ্চ ৩ কোটি ১৬ লাখ টাকার টোল আদায়-মানবজমিন
  • ২৩ লাখ টাকা নিয়ে আটক সার্ভেয়ারকে আদালতে প্রেরণ, তদন্ত করবে দুদক- প্রথম আলো
  • ই-কমার্স সেক্টরে বিশাল ক্ষেত্র তৈরি হয়েছে: পরিকল্পনামন্ত্রী-যুগান্তর
  • পথে পথে ব্যারিকেড, ত্রাণ না দিয়েই ঢাকায় ফিরলেন বিএনপি নেতারা-দৈনিক সমকাল
  • গণহত্যার ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় ভারত দ্বিতীয়, আমেরিকার উদ্বেগ-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • নূপুরের হয়ে পোস্ট! কুপিয়ে খুন রসায়নবিদকে, এনআইএ তদন্তের নির্দেশ শাহের-আনন্দবাজার
  • মণিপুরে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বাড়ছে, এখনও নিখোঁজ বহু  -দৈনিক আজকাল
  • উদয়পুর হত্যাকাণ্ডের ধৃতকে মালা পরিয়েছিলেন বিজেপি নেতা! ছবি ঘিরে শুরু বিতর্ক-সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

২৩ লাখ টাকা নিয়ে আটক সার্ভেয়ারকে আদালতে প্রেরণ, তদন্ত করবে দুদক- প্রথম আলো

ব্যাগে ভরে ২৩ লাখ টাকা নিয়ে ঢাকায় এসে ধরা পড়া কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সার্ভেয়ার আতিকুর রহমানকে (৪০) আদালতে পাঠিয়েছে পুলিশ। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আজ শনিবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজের সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সার্ভেয়ার আতিকুর রহমানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। যেহেতু তিনি (সার্ভেয়ার) সরকারি কর্মচারী, বিপুল পরিমাণ টাকাসহ ধরা পড়েছেন, সেহেতু এ ঘটনার তদন্ত ও মামলার দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের (দুদক)। এ বিষয়ে দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালককে জানানো হয়েছে।

শিক্ষক হত্যা: জিতুর পর সেই ছাত্রীও বহিষ্কার-কালের কণ্ঠ

আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার হত্যাকাণ্ডের মূল আসামী আশরাফুল ইসলাম জিতুকে (১৯) স্থায়ী বহিষ্কারের পর এবার এক ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বহিষ্কৃত এই ছাত্রী জিতুর প্রেমিকা ছিল বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

আজ শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী কলেজের অধ্যক্ষ মো. সাইফুল হাসান।

তিনি বলেন, জিতু একজন শিক্ষককে হত্যা করেছে, প্রতিষ্ঠানের সবাই স্বচক্ষে বিষয়টি দেখেছে।

শৃঙ্খলা বিরোধী কাজ করায় বখাটে তাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। জানতে পেরেছি তার জবানবন্দিতে সে এও উল্লেখ করেছে যে, মেয়েটার উসকানিতে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এবং ছাত্রছাত্রীদের মুখে বর্তমানে এটাই প্রচলিত। ওটাই সত্য বলে সবাই মনে করছে। অধ্যক্ষ আরো বলেন, অনেকগুলো প্রমাণ পাওয়া যাচ্ছে। এই মূহুর্তে মেয়েটি ক্লাসে আসলে তার নিরাপত্তার শঙ্কা দেখা দিবে এবং ছাত্রছাত্রীদের মধ্যে একটা অসহিষ্ণুতা তৈরি হতে পারে। বিষয়টি আদালতে গড়াক, যেহেতু বিষয়টি তদন্তাধীন আছে সেহেতু যদি তার নাম পাওয়া যায় তাহলে তাকে স্থায়ী বহিষ্কার করা হবে আর যদি সত্যি সত্যি দেখা যায় সে নির্দোষ তাহলে তার বহিষ্কার আদেশ আমরা তুলে নিব। পরে সে আবার ক্লাস করতে পারবে।

শুক্রবার পদ্মা সেতুতে সর্বোচ্চ ৩ কোটি ১৬ লাখ টাকার টোল আদায়-মানবজমিন

১লা জুলাই শুক্রবার ছিল ছুটির দিন। ওই দিন পদ্মা সেতুতে  সর্বোচ্চ ৩ কোটি ১৬ লাখ টাকা টোল আদায় হয়েছে। সেতু খুলে দেয়ার পর এটাই টোল আদায়ের রেকর্ড। এদিন সেতু দিয়ে যানবাহন পারাপার করেছে ২৬ হাজার ৩৯৮টি। পদ্মা সেতুর টোলপ্লাজা সূত্রে এ তথ্য জানা গেছে।   শুক্রবার পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১৩ হাজার ৮০১টি। টোল আদায় হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ১০০ টাকা। জাজিরা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১২ হাজার ৫৯৭টি। টোল আদায় করা হয়েছে ১ কোটি ৫১ লাখ ১১ হাজার ১০০ টাকা।

এর আগে ২৬শে জুন সেতু খুলে দেয়ার পর ১ দিনে ৬১ হাজারের বেশি যানবাহন চলাচল করেছিল। আর টোল আদায় হয়েছিল প্রায় পৌনে তিন কোটি টাকা। তবে ওই দিন পার হওয়া যানবাহনের ৭৫ শতাংশ ছিল মোটরসাইকেল। ২৭ জুন থেকে সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার বন্ধ করে দেওয়া হয়। এরপর যানবাহন ও টোল কমে যায়। গতকাল প্রথম সপ্তাহের শেষ দিনে আবার যানবাহন বেড়েছে।

পথে পথে ব্যারিকেড, ত্রাণ না দিয়েই ঢাকায় ফিরলেন বিএনপি নেতারা-দৈনিক সমকাল

ফেনীর ফুলগাজীর দৌলতপুর গ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ দেয়ার কর্মসূচি ছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির। কিন্তু তাদের অভিযোগ, শনিবার সকাল থেকে ফুলগাজী যাওবার পথে কয়েক স্থানে যুবলীগ ও ছাত্রলীগ ব্যারিকেড বসানোর কারণে দৌলতপুর পৌঁছতে পারেনি বিএনপি। পরে ফেনীতে করা সংবাদ সম্মেলনে স্থানীয় নেতাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে নেতারা ঢাকায় ফিরে যান।

জানা গেছে, সকাল ১০টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতারা দলের আহবায়ক আবদুস সালামের নেতৃত্বে ফেনী পৌঁছান। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু জানান, ফেনীর মহিপাল ফ্লাইওভারের কাছে তাদের বহর থামায় পুলিশ। পরে পুলিশ তাদেরকে  ফুলগাজীতে ১৪৪ ধারা জারি রয়েছে জানিয়ে ঢাকায় ফেরত যেতে বলে । এরপর ফেনী জেলা বিএনপি কার্যালয়ে একান্ত বৈঠকে মিলিত হয়ে উদ্ভূত’ত পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় নেতারা ফেনী বিএনপির সাথে আলোচনায় বসেন। পরে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  ফুলগাজী না যাওয়ার  সিদ্ধান্ত ঘোষণা করা হয় এবং ত্রাণ সামগ্রী জেলা বিএনপির হাতে হস্তান্তর করা হয়। সংবাদ সম্মেলনে আবদুস সালাম বলেন, সরকার বানভাষী মানুষদের সহায়তা করেনি। এখন বিএনপিকেও সহায়তা করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে।

ই-কমার্স সেক্টরে বিশাল ক্ষেত্র তৈরি হয়েছে: পরিকল্পনামন্ত্রী-যুগান্তর

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ডিজিটাল বাংলাদেশে নিত্য-নতুন ব্যবসার ক্ষেত্র তৈরি হচ্ছে, নানা ধরনের স্টার্টআপ নতুন উদ্যোগ বাজারে আসছে। ই-কমার্স সেক্টরে বিশাল একটি ক্ষেত্র তৈরি হয়েছে বাংলাদেশে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ ই-কমার্স থেকে কেনাকাটা করতে আগ্রহবোধ করছে, স্বচ্ছন্দ্যবোধ করছে। যদিও এটা বলতেই হয় যে, দু’একটি ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে, যেটা আমরা আশা করি না। সার্বিকভাবে ই-কমার্স প্রতিষ্ঠানের দিন দিন উন্নতি আরও বাড়বে। শনিবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁয়ের পদ্মা হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন। 

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, নতুন ই-কমার্স প্রতিষ্ঠান পদ্মা বাজার ডটকম বাজারে প্রবেশ করেছে। আমি আশা করছি তারা যে সৎ উদ্দেশ্যে এই ব্যবসায় এসেছে সেটা স্বার্থক হবে, সফল হবে। তারা নিজেরা ও ভোক্তারা লাভবান হবে। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় পদ্মা বাজার ডটকম।

গণহত্যার ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় ভারত দ্বিতীয়, আমেরিকার উদ্বেগ-দৈনিক নয়াদিগন্ত

ভারতে গণহত্যার ঘটনা ঘটার ঝুঁকি রয়েছে। এমনই আশঙ্কা প্রকাশ করলেন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন দূত রাশাদ হুসেন। গণহত্যার ঝুঁকি রয়েছে, এমন দেশের তালিকায় ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। তার বক্তব্য, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার খর্বের যাবতীয় ‘উপকরণ’ রয়েছে ভারতে। রাশাদ জানান, আমেরিকা নিজেদের উদ্বেগ নিয়ে সরাসরি ভারতের সাথে কথা বলছে।

ভারতে ধর্মীয় স্বাধীনতার একটি প্যানেলে বক্তৃতা রাখার সময় মার্কিন এ কর্মকর্তা বলেন, হলোকাস্ট মিউজিয়ামের ‘আর্লি ওয়ার্নিং প্রজেক্ট’ (প্রারম্ভিক সতর্কীকরণ প্রকল্প) ভারতকে গণহত্যার ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রেখেছে।

তিনি নাগরিকত্ব (সংশোধনী) আইনের উল্লেখ করেন। পাশাপাশি খুলে আম ‘গণহত্যার আহ্বান’-এর উল্লেখও করেছেন নিজের বক্তৃতায়।

তিনি বলেন, ‘আমরা গীর্জার উপর হামলা দেখেছি, ঘরবাড়ি ধ্বংস হতে দেখেছি; হিজাবের উপর নিষেধাজ্ঞা রয়েছে; এমন সব বক্তব্য প্রকাশ্যে ব্যবহার করা হচ্ছে যা মানুষের প্রতি খুবই অমানবিক। দেশের একজন মন্ত্রী মুসলমানদেরকে উইপোকা বলে উল্লেখ করেছেন।’

রাশাদ হুসেন বলেন, যেকোনো সমাজকে মুসলিম, খ্রিস্টান, শিখ, দলিত ও উপজাতিদের অধিকার সুরক্ষিত করতে হবে।তিনি বলেন, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হলো এমন একটি দেশ, যেখানে আমাদের দেশের মতোই, আমরা জোর দিই, আমরা নিশ্চিত করতে চাই যে আমরা আমাদের মূল্যবোধ অনুযায়ী বাঁচি যাতে আমরা আমাদের সম্ভাবনা পূরণ করতে পারি। এটা তখনই ঘটতে পারে যদি আমাদের পূর্ণ অংশগ্রহণ থাকে, সকল মানুষের সমান অংশগ্রহণ থাকে।’

নূপুরের হয়ে পোস্ট! কুপিয়ে খুন রসায়নবিদকে, এনআইএ তদন্তের নির্দেশ শাহের-আনন্দবাজার

বিজেপির সাসপেন্ডেড (নিলম্বিত) জাতীয় মুখপাত্র নূপুর শর্মার সমর্থনে নেটমাধ্যমে পোস্ট করার ‘অপরাধে’ ৫৪ বছর বয়সি এক রসায়নবিদকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠল মহারাষ্ট্রের অমরাবতীতে। ওই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

স্থানীয় পুলিশের বক্তব্য, ঘটনাটি ঘটেছে গত ২১ জুন। উমেশ প্রহ্লাদরাও কোলহে নামে এক রসায়নবিদ খুন হন অমরাবতীতে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নুপূরের সমর্থনে নেটমাধ্যমে পোস্ট করার ফলেই ওই ব্যক্তিকে খুন করা হয়েছে। ওই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে। অমরাবতীর পুলিশ কমিশনার আরতি সিংহ বলেছেন, ‘‘রসায়নবিদকে হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত ইরফান খানের (৩২) খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।’’ ইরফান একটি এনজিও চালান বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

মণিপুরে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বাড়ছে, এখনও নিখোঁজ বহু  -দৈনিক আজকাল

ভয়াবহ ধস মণিপুরে।

এখনও পর্যন্ত মৃত ৮১। নিখোঁজ প্রায় ৫৫ জন। রাজ্যের ইতিহাসে ‘সবচেয়ে খারাপ ঘটনা’‌–মণিপুরে ভয়াবহ ধস প্রসঙ্গে এই কথাই বলেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। উদ্ধারকাজ সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, পরিস্থিতি এতটাই জটিল যে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়েও সব মৃতদেহ উদ্ধার করতে এখনও দু’‌তিনদিন লাগবে। জানা গেছে মৃতদের মধ্যে ১৮ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান। উদ্ধারকাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা। ঘটনাস্থলে প্রচুর কাদা থাকায় গাড়ি চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। ইতিমধ্যেই মণিপুর সরকারের তরফে মৃতদের পরিবারকে ৫ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে ধস নামে মণিপুরের ননে জেলার টুপুল রেল স্টেশনের কাছে। সেখানেই ভারতীয় সেনার ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্প ছিল। জওয়ানরা এলাকার গুরুত্বপূর্ণ রেললাইন নির্মাণকাজ পাহারায় ছিলেন। এদিকে, ভারতীয় সেনার তরফে বলা হয়েছে, ‘টেরিটোরিয়াল আর্মির জওয়ানদের দেহ সসম্মানে তাঁদের বাড়িতে পাঠানো হচ্ছে। এখনও ১৫ জন জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ অনেক বাসিন্দা। উদ্ধারকাজ চালানো হচ্ছে।’ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও।

উদয়পুর হত্যাকাণ্ডের ধৃতকে মালা পরিয়েছিলেন বিজেপি নেতা! ছবি ঘিরে শুরু বিতর্ক-সংবাদ প্রতিদিন

উদয়পুরের নৃশংস হত্যাকাণ্ডের (Udaipur Violence) পরে কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন। গ্রেপ্তার করা হয়েছে প্রধান দুই অভিযুক্তকে। চলছে জিজ্ঞাসাবাদ। এর মধ্যেই চাঞ্চল্যকর তথ্য উঠে এল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, গত তিন বছর ধরে বিজেপিতে (BJP) যোগ দেওয়ার চেষ্টা করছিল রিয়াজ আটারি ও মহম্মদ ঘাউস! এমনকী, ২০১৯ সালের একটি ছবিতে রিয়াজকে মালা পরাতেও দেখা যাচ্ছে ইরশাদ চেনওয়ালা নামের এক বিজেপি নেতাকে।

ওই বিজেপি নেতা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় স্বীকারও করে নিয়েছেন ছবিতে তাঁকে দেখা যাচ্ছে। তিনিই মালা পরিয়েছিলেন রিয়াজকে। তিনি জানিয়েছেন, ”হ্য়াঁ, এটা আমিই। আমি ওকে মালা পরিয়েছিলাম। কেননা ২০১৯ সালে ও সৌদি আরব থেকে হজ করে ফিরেছিল।” সেই সঙ্গে চেনওয়ালা আরও জানিয়েছেন, বিভিন্ন সময়ে বিজেপির নানা অনুষ্ঠানে দেখা যেত রিয়াজকে। ”রিয়াজ নিজে থেকেই আসত। ও বিজেপির হয়ে কাজ করতে চেয়েছিল।”

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস বিজেপিকে কটাক্ষ করেছে। হাত শিবিরের নেত্রী ও প্রাক্তন সাংসদ রেণুকা চৌধুরী ওই সংক্রান্ত একটি পোস্ট টুইটারে শেয়ার করে লেখেন, ”আমি অবাক নই। আপনারা?” যে পোস্টটি তিনি শেয়ার করেছিলেন, তাতে সন্দেহ প্রকাশ করা হয়েছে, তবে কি উদয়পুরের ঘটনার সঙ্গে বিজেপি জড়িত।

পার্সটুডে/বাবুল আখতার/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।