পত্র পত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
কথাবার্তা: চবিতে ছাত্রী হেনস্তা : জড়িত শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৩ জুলাই শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- শেখ হাসিনা দেশবাসীকে ভিক্ষুকের জাতি থেকে মুক্তি দিয়েছেন: স্থানীয় সরকার মন্ত্রী–ইত্তেফাক
- গণতন্ত্র ছাড়া ধর্মনিরপেক্ষতা সম্ভব নয়: আকবর আলি খান-মানবজমিন
- চবি’তে ছাত্রী হেনস্তা : জড়িত শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার- দৈনিক নয়া দিগন্ত
- শক্তি যত ম্লান হচ্ছে ততই মিডিয়ায় তাদের হুঙ্কার বাড়ছে: কাদের-যুগান্তর
- ইউরোপ-আমেরিকার অবস্থাই এখন করুণ : প্রধানমন্ত্রী -কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- মন্ত্রিসভা ভেঙে নতুন করে সাজান মমতা, পার্থ-কাণ্ডের পর দাবি উঠছে তৃণমূলের অন্দরে-আনন্দবাজার
- পুরো ছবি এখনও বাকি’, কটাক্ষ শুভেন্দুর-আজকাল
- এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
চবি’তে ছাত্রী হেনস্তা : জড়িত শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার- দৈনিক নয়া দিগন্ত
ছাত্রীকে যৌন নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অভিযুক্ত তিন ছাত্রকে আগামীকাল রোববারের মধ্যে আজীবনের জন্য বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শিরীণ আখতার।
শনিবার বেলা পৌনে ২টায় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম বার্ষিক সিনেট সভায় তিনি এ ঘোষণা দেন।তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করা হবে সেটি কোনোভাবেই মেনে নেয়া হবে না।
অধ্যাপক ড. শিরীণ আখতার আরো বলেন, ঘটনার পর থেকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। যেসব বহিরাগত যুবক বিশ্ববিদ্যালয় ছাত্রদের সাথে যৌন নিপীড়নের ঘটনায় জড়িত, তাদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ করা হবে। সেই সাথে আইনি প্রক্রিয়ায় তাদের বিচারকাজ চলবে বলেও জানান তিনি।
ইউরোপ-আমেরিকার অবস্থাই এখন করুণ : প্রধানমন্ত্রী -কালের কণ্ঠ
সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেগুলো আমাদের মোকাবেলা কেরতে হবে। বিশ্বব্যাপী যেখানে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। ইউক্রেন যুদ্ধ তারপর স্যাংশন, করোনাভাইরাস সবমিলে সেখান থেকেও অবশ্যই উত্তরণ আমাদের ঘটবে। কারণ আমাদের প্রশাসনে যারা আছেন, তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন, তারাই এটি সফলভাবে করতে পারবেন।
আজ শনিবার (২৩ জুলাই) রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।
প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবেলা, যুদ্ধের সঙ্গে সঙ্গে আবার আমেরিকা রাশিয়ার ওপর দিল স্যাংশন (নিষেধাজ্ঞা)। ডলারে টাকা আদান-প্রদান, সুইফট বন্ধ করে দেওয়া। শুধু আমাদের মতো দেশ না আজকে উন্নত দেশগুলো সবাই এখন ভুক্তভোগী। এই একটা সিদ্ধান্তের কারণে আমাদের সার, খাদ্য, জ্বালানি তেল কেনা সব ক্ষেত্র বাধাগ্রস্ত হচ্ছে।
শক্তি যত ম্লান হচ্ছে ততই মিডিয়ায় তাদের হুঙ্কার বাড়ছে: কাদের-যুগান্তর
বিএনপির রাজপথের শক্তি যত ম্লান হচ্ছে ততই মিডিয়ার সামনে তাদের হুঙ্কার বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি শনিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মাধ্যমে বিএনপি মানসিক দেউলিয়াত্বের চিত্র ফুটে উঠেছে
বিএনপি মহাসচিব বারবার নির্বাচনে না আসার মতো শিশুসুলভ বক্তব্য দিয়ে যাচ্ছেন, অন্যদিকে আওয়ামী লীগ বারবার বলে যাচ্ছে দেশের সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে। nওবায়দুল কাদের বলেন, নির্বাচনে জনগণের ভোটের রায়ে ক্ষমতার পরিবর্তন হবে।কোন শর্ত দিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে বাক্সবন্দি করার ষড়যন্ত্র ও অগণতান্ত্রিক অশুভ অপশক্তির হাতে রাষ্ট্রক্ষমতা প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না।
শেখ হাসিনা দেশবাসীকে ভিক্ষুকের জাতি থেকে মুক্তি দিয়েছেন: স্থানীয় সরকার মন্ত্রী–ইত্তেফাক
শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশ ভিক্ষুকের জাতি থেকে মুক্তি পেয়েছে উল্লেখ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পন্ন হয়েছে। এ বাংলাদেশ জাতির জনকের হাতে গড়া, তার সুযোগ্য কন্যা নিজ যোগ্যতায় এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’
শনিবার (২৩ জুলাই) সকাল ১১টায় কুমিল্লার মনোহরগঞ্জে পোমগাঁওস্থ নিজ বাড়িতে জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার সরকার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বইসহ অন্যান্য সুযোগ সুবিধা চালু করায় আজ রিক্সাওয়ালার ছেলে, কৃষকের মেয়ে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছে। কমিউনিটি ক্লিনিক করে তৃণমুল পর্যায়ে স্বাস্থসেবা নিশ্চিত করা হয়েছে। যোগাযোগ, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। দেশে শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। শিক্ষকদের বেতন বৃদ্ধি, দারিদ্র বিমোচন, ইন্টারনেট সুবিধা সবই শেখ হাসিনার মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।’
গণতন্ত্র ছাড়া ধর্মনিরপেক্ষতা সম্ভব নয়: আকবর আলি খান-মানবজমিন
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। গণতন্ত্র ছাড়া ধর্মনিরপেক্ষতা সম্ভব নয়। বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রের মাধ্যমে। তিনি বলেন, বাংলাদেশের মূল স্তম্ভ গণতন্ত্র। গণতন্ত্র বাংলাদেশের ইতিহাসের অভ্যন্তরে রয়েছে।এমাজউদ্দীন আহমদ রিসার্চ সেন্টার আয়োজিত অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মারক বক্তৃতায় একথা বলেন তিনি।
আকবর আলি খান বলেন, প্রাচীনযুগের শাসক গোপাল সিংহাসন আরোহণ করেছিলেন গণতান্ত্রিক ভোটপদ্ধতির মাধ্যমে। বৌদ্ধরাও (পাল যুগে) গণতান্ত্রিক পদ্ধতি শাসনব্যবস্থা পরিচালনায় ব্যবহার করতেন। গণতন্ত্রের কাজ চার দশক ধরে করেছেন এমাজউদ্দীন আহমদ তাঁর লেখার মাধ্যমে, কর্মের মাধ্যমে মন্তব্য করে আকবর আলি খান বলেন, অধ্যাপক এমাজউদ্দীন বেসামরিক এবং সামরিক আমলাদের ভূমিকা কি তা নিয়ে আলোচনা করেছেন। তিনি গণতন্ত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করেছেন।
মন্ত্রিসভা ভেঙে নতুন করে সাজান মমতা, পার্থ-কাণ্ডের পর দাবি উঠছে তৃণমূলের অন্দরে-আনন্দবাজার
দুর্নীতির অভিযোগ রয়েছে এমন নেতাদের মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার দাবি অনেক আগেই উঠেছিল তৃণমূলে। এখন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করার পরে সেই পুরনো দাবি নতুন করে উঠতে শুরু করেছে। দলের একাংশের বক্তব্য, সমস্ত মন্ত্রী ইস্তফা দিন। তার পর মন্ত্রিসভা ঢেলে সাজান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মন্ত্রিসভা ঢেলে সাজার যে দাবি, তা মূলত তুলতে শুরু করেছেন দলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হিসাবে পরিচিতরা। দলীয় সূত্রের খবর, তৃণমূলের অন্দরে এঁরা একটি ‘প্রেসার গ্রুপ’ তৈরির চেষ্টা করছেন। যাতে ‘কলুষহীন’ এবং ‘স্বচ্ছ ভাবমূর্তি’র মন্ত্রিসভা গঠন করা যায়।
প্রসঙ্গত, অতীতে বেশ কয়েকজনকে মন্ত্রী না-করার দাবি তুলেছিলেন অভিষেক। তাঁর আপত্তি ছিল মূলত সেই নেতাদের মন্ত্রী করা নিয়ে, যাঁরা বিভিন্ন সময়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন।
পুরো ছবি এখনও বাকি’, কটাক্ষ শুভেন্দুর-আজকাল
রাজ্যের মন্ত্রী ঘনিষ্ঠ মডেল অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রায় ২১ কোটি টাকা উদ্ধার করেছে ইডি।
তাঁকে আটকও করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেপ্তার করেছে ইডি।এসএসসি দুর্নীতি মামলা নয়া মোড় নিয়েছে। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইট করেছেন, ‘এটা তো শুধু ট্রেলার। পুরো ছবি এখনও বাকি।’ শুভেন্দুর টুইটের কয়েক ঘণ্টা পরেই গ্রেপ্তার করা হয় পার্থকে। টুইটের পাশাপাশি একটি ছবিও পোস্ট করেছেন শুভেন্দু। সেই ছবিতে দেখা যাচ্ছে নাকতলা উদয়ন সংঘের দুর্গাপুজোর সময় মঞ্চে হাজির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঞ্চে আছেন, সুব্রত বক্সি, পার্থ ও অর্পিতা। আরও একটি ছবিও পোস্ট করেছেন শুভেন্দু। যে ছবিতে দেখা যাচ্ছে, মমতা ব্যানার্জির সঙ্গে একান্ত আলাপচারিতায় অর্পিতা। ঠিক পাশেই রয়েছেন পার্থ। যদিও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ‘কেন্দ্রের বিজেপি সরকার তৃণমূল নেতাদের অপদস্থ করার খেলায় নেমেছে।’ তবে কুণাল ঘোষ বলেছেন, ‘এই টাকার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। যাঁর থেকে এই টাকা উদ্ধার হয়েছে, তিনি বা তাঁর আইনজীবীরা এই টাকার উৎস সম্পর্কে বলতে পারবেন।’
পার্সটুডে/বাবুল আখতার/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।