পত্র পত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
মেগা প্রকল্পের অর্থ লুট করে দেশ ধ্বংস করা হচ্ছে : আব্দুল্লাহ আল নোমান
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৫ জুলাই সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
-
খালেদা জিয়াকে টুস করে ফেলে দেওয়ার কথাটি হিউমার: ওবায়দুল কাদের-দৈনিক প্রথম আলো
- সরকারের ওপর প্রভাব বিস্তার করবে নির্বাচন কমিশন: সিইসি–ইত্তেফাক
- খোলাবাজারে ডলার ১০৫ টাকা-মানবজমিন
- মেগা প্রকল্পের অর্থ লুট করে দেশ ধ্বংস করা হচ্ছে : আব্দুল্লাহ আল নোমান- দৈনিক নয়া দিগন্ত
- মন্ত্রিসভার সদস্যসহ সবাইকে কৃচ্ছ্রতা সাধনের নির্দেশ প্রধানমন্ত্রীর-যুগান্তর
- টেকনাফের সেই ইউএনওকে ওএসডি করার নির্দেশ -কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- পার্থকে ভর্তি নিল না ভুবনেশ্বর এমস! স্বাস্থ্য পরীক্ষার পর জানাল, গুরুতর সমস্যা নেই-আনন্দবাজার
- হালে পানি পেতে SSC আন্দোলন ‘হাইজ্যাক’ বিজেপির, তোপ সিপিএমের-সংবাদ প্রতিদিন
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
খালেদা জিয়াকে টুস করে ফেলে দেওয়ার কথাটি হিউমার: ওবায়দুল কাদের-দৈনিক প্রথম আলো
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়ার কথাটি ছিল হিউমার (হাস্যরসাত্মক)। তিনি আরও বলেছেন, বিএনপি ঘেরাও করতে এলে চা খাওয়ানোর কথাটিও হিউমার ছিল। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
মন্ত্রিসভার বৈঠক শেষে একজন সাংবাদিক ওবায়দুল কাদেরকে প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপিকে চা খাওয়ার দাওয়াতের কথা বলে আসলে সংলাপের দরজা খুলতে চাইছেন কি না। জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দেখুন, এ তো পলিটিক্যাল হিউমার। যেমন বেগম খালেদা জিয়াকে টুপ করে ফেলে দেওয়ার কথাটি হিউমার। তারা (বিএনপি) ঘেরাও করবে, আন্দোলন করবে—এটারই জবাবে হিউমারের দিক থেকে বলেছেন।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি নেতা মির্জা ফখরুলেরা ঘেরাও করতে এলে চা খাওয়ালে অসুবিধা কী?’
টেকনাফের সেই ইউএনওকে ওএসডি করার নির্দেশ -কালের কণ্ঠ
সাংবাদিককে গালাগালি করা কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরুকে ওএসডি করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, তাকে (টেকনাফের ইউএনও) ওএসডি করার নির্দেশ দিয়েছি। আদালতের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজারের টেকনাফে উপহারের ঘর নির্মাণ নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে গালিগালাজ করেন ইউএনও মোহাম্মদ কায়সার খসরু।
মন্ত্রিসভার সদস্যসহ সবাইকে কৃচ্ছ্রতা সাধনের নির্দেশ প্রধানমন্ত্রীর-যুগান্তর
মন্ত্রিসভার সদস্যসহ সবাইকে কৃচ্ছ্রতা সাধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠক থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রীর এ অনুশাসনের কথা জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ছোটাছুটি না করে মন্ত্রিদের ভার্চুয়াল মিটিংয়ের প্রতি জোর দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সংকট চলছে। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বের কারণে সংকট সামাল দিতে পেরেছে বাংলাদেশ। তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের কোনো সিদ্ধান্ত হয়নি। আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায়। আমরা মনে প্রাণে চাই বিএনপি নির্বাচনে আসুক।
সরকারের ওপর প্রভাব বিস্তার করবে নির্বাচন কমিশন: সিইসি–ইত্তেফাক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনকালীন যেই সরকারই থাকুক না কেন তাদের ওপর প্রভাব বিস্তার করবে কমিশন। সেই সময় সরকার যদি সহযোগিতা না করে তবে ভোট প্রশ্নবিদ্ধ হবে।
সোমবার (২৫ জুলাই) বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে সংলাপের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাবিবুল আউয়াল আরও বলেন, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকলেও তাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকবে ইসির হাতে।
সিইসি বলেন, সরকারের কাছ থেকে যে সহযোগিতা সাহায্য চাইবো সেটি কিন্তু আইনের আলোকেই চাইবো এবং সে বিষয়েও আমাদের ভূমিকাটা দেখবেন। সত্যি সত্যি আমাদের ওপরে আরোপিত ক্ষমতাটার কমান্ড আমার হাতে, শক্তিটা পুলিশ, বিজিবি’র হাতে, সেনাবাহিনীর হাতে মূল শক্তিটা। শক্তিটা আমার হাতে নয়। কমান্ডটা আমার হাতে আছে। আমরা কমান্ড করলে যেন শক্তিটা রেসপন্স করে সেই ধরনের অবস্থা আমাদের সৃষ্টি করতে হবে। নির্বাচনের প্রয়োজনেই সেটি অপরীহার্যভাবে প্রয়োজন।
খোলাবাজারে ডলার ১০৫ টাকা-মানবজমিন
গতকাল অন্তত ২.৫ টাকা বেড়ে খোলাবাজারে ডলার ১০৩ টাকা ৫০ পয়সা থেকে ১০৫ টাকার মধ্যে কেনাবেচা হয়েছে। গত বৃহস্পতিবারও ঢাকার মতিঝিল, পল্টন ও বায়তুল মোকাররম এলাকার খোলাবাজারে ১০২.৫০ টাকায় বিক্রি হয়েছে ডলার। দেশের খোলাবাজারে এর আগে গত মে মাসে ডলারের দাম ১০৪ টাকা পর্যন্ত উঠেছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।মতিঝিলের দোহার মানি চেঞ্জারের মালিক হাসান বলেন, সকাল থেকে আমাদের কাছে ডলার কেনার জন্য অনেক ক্রেতাই আসছেন। ডলারের সংকট চলছে সবখানে। আমরাও এর বাইরে নই। এ কারণেই দাম বাড়ছে। রাজধানীর পল্টন, মতিঝিল ও বায়তুল মোকাররম এলাকার বেশ কয়েকটি মানি চেঞ্জার প্রতিষ্ঠান জানিয়েছে, গতকাল সকাল থেকে তারা ডলার কিনছে ১০৩-১০৪ টাকা দরে। শুধু ডলারই নয়, অন্য বৈদেশিক মুদ্রার দামও বাড়ছে তাল মিলিয়ে। সৌদি রিয়াল ২৮ টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় রুপি বিক্রি হচ্ছে ১.৩০ টাকায়, এক সপ্তাহ আগেও ১.২৫ টাকায় রুপি বিক্রি হয়েছে।
চবি’তে ছাত্রী হেনস্তা : জড়িত শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার- দৈনিক নয়া দিগন্ত
মেগা প্রকল্পের অর্থে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উন্নতি হচ্ছে মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, আজকে মেগা প্রকল্প থেকে যে অর্থ লুট হচ্ছে তার মাধ্যমে দুর্নীতি করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ২০০৮ সাল থেকে আজ পর্যন্ত ১৯টি মেগা প্রকল্পের হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। ‘তারেক রহমান ঐক্য পরিষদ’ নামে একটি সংগঠনের উদ্যোগে ‘বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে’ শীর্ষক এই আলোচনাসভা হয়। আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘এই মেগা প্রকল্পের উন্নয়নে সাধারণ মানুষের উন্নয়ন হচ্ছে না, তারা শুধুমাত্র হয়রানির শিকার হয়েছে, তাদের অর্থ লুট করা হচ্ছে। মেগা প্রকল্পের টাকার অংশীদার হয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।’
পার্থকে ভর্তি নিল না ভুবনেশ্বর এমস! স্বাস্থ্য পরীক্ষার পর জানাল, গুরুতর সমস্যা নেই-আনন্দবাজার
পার্থ চট্টোপাধ্যায়ের তেমন কোনও গুরুতর সমস্যা নেই। তবে কিছু পুরনো সমস্যা রয়েছে। তাঁকে ছেড়ে দেওয়া হবে সোমবারই। জানিয়ে দিল ভুবনেশ্বরের এমস।
কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনে সময়ের মধ্যেই রিপোর্ট দিয়েছে ভুবনেশ্বরের এমস। সোমবার এমসের ডিরেক্টর একজিউটিভ ডাঃ আশুতোষ বিশ্বাস বলেন, ‘‘ওঁর ৪-৫ রকম রোগ রয়েছে। দীর্ঘ দিন ধরে উনি অনেক ওষুধ খাচ্ছেন। তাঁর অসুস্থতা ‘সিরিয়াস’ নয়। আমরা তাঁকে দ্রুত ছেড়ে দেব।’’তিনি আরও বলেন, ‘‘কিছু নিয়মিত সমস্যায় ভুগছেন। ওষুধ খেয়ে যেতে হবে। তবে হাসপাতালে ভর্তি রাখার দরকার নেই।’’ এইমসের এই রিপোর্ট তুলে দেওয়া হয়েছে মেডিক্যাল অফিসার এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে।
হালে পানি পেতে SSC আন্দোলন ‘হাইজ্যাক’ বিজেপির, তোপ সিপিএমের-সংবাদ প্রতিদিন
এসএসসি-র মাধ্যমে শিক্ষক নিয়োগে দুর্নীতির (SSC Scam) অভিযোগের প্রেক্ষিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেপ্তার-পর্বে বিরোধী হিসাবে বিজেপির কোনও ভূমিকাই নেই বলে সাফ জানিয়ে দিল বাম শিবির। গোটা লড়াইয়ের কৃতিত্ব শুধুই বামেদের বলে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি ইস্যু নিয়ে এসএসসি-র চাকরিপ্রার্থীদের আন্দোলনে বামেরা প্রথম থেকেই পাশে রয়েছে ছাত্রছাত্রীদের। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের পর এসএসসি-র (SSC) চাকরি প্রার্থীদের ওই আন্দোলন ‘হাইজ্যাক’ করতে মাঠে নেমে পড়তে দেখা গিয়েছে গেরুয়া শিবিরকে।
বিজেপির এই সক্রিয়তাকে কটাক্ষ করে রবিবার সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “বিজেপি শুধু সুযোগের অপেক্ষায় থাকে।” সুজন দাবি করেন, বিজেপি শুধুই প্রচার নিতে চাইছে। আসল লড়াইটা লড়েছে বামেরাই। ব্যাপম কেলেঙ্কারি নিয়েও বিজেপিকে এদিন তীব্র আক্রমণ করেছেন সিপিএমের এই শীর্ষ নেতা। তিনি বলেন, “ব্যাপম কেলেঙ্কারি বিজেপি করেছে। আর পশ্চিমবঙ্গে এসে ওরা (বিজেপি) সাধু সাজছে।”
পার্সটুডে/বাবুল আখতার/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।