জুলাই ২৭, ২০২২ ১৩:১৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৭ জুলাই বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • যে কারণে প্রদীপের স্ত্রী চুমকির সাজা বেশি-দৈনিক প্রথম আলো
  • ভরা মৌসুমেও পদ্মায় মাছের দেখা নেই, জেলেরা অসহায়–ইত্তেফাক
  • দেশে ৩২ দিনের ডিজেল মজুত আছে: বিপিসি-মানবজমিন

  • রাষ্ট্রযন্ত্রের সকল অস্ত্র বিএনপি’র বিরুদ্ধে ব্যবহার হচ্ছে : মির্জা ফখরুল- দৈনিক নয়া দিগন্ত
  • বিএনপির বিদ্যুৎ নিয়ে বিক্ষোভ বছরের সেরা কৌতুক: ওবায়দুল কাদের-যুগান্তর
  • প্রধানমন্ত্রী বলেছেন-নিত্যপণ্যের দাম অধিকাংশ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক, পার্থ নিয়ে কি সিদ্ধান্ত নিতে পারেন মমতা? জল্পনা তুঙ্গে-আনন্দবাজার
  •  ঠিক বলেছেন মমতা, কলকাতা ফিরেই বললেন পার্থ-দৈনিক আজকাল
  • বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে ৩৮ তৃণমূল বিধায়ক’, বিস্ফোরক দাবি মিঠুনের- দৈনিক সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

যে কারণে প্রদীপের স্ত্রী চুমকির সাজা বেশি-দৈনিক প্রথম আলো

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের চেয়ে তাঁর স্ত্রী চুমকি কারণের সাজা বেশি হয়েছে।

মামলায় রায়ে প্রদীপের ২০ বছর কারাদণ্ড হয়েছে। আর তাঁর স্ত্রী চুমকির হয়েছে ২১ বছরের কারাদণ্ড। আজ বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসি আবদুল মজিদ এই রায় ঘোষণা করেন।

প্রদীপ কুমার দাশ ও স্ত্রী চুমকি কারণ

প্রদীপের চেয়ে তাঁর স্ত্রী চুমকির সাজা বেশি হওয়ার বিষয়ে দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, প্রদীপ তিনটি ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁর স্ত্রী চুমকি দোষী সাব্যস্ত হয়েছেন চারটি ধারায়।

মাহমুদুল হক জানান, তিনটি ধারায় প্রদীপ ও চুমকি একই সাজা পেয়েছেন। একটি ধারায় ৮ বছর, আরেকটি ধারায় ২ বছর ও অপর ধারায় তাঁদের ১০ বছর করে কারাদণ্ড হয়েছে। সব কটি সাজা একসঙ্গে চলবে।

একই সঙ্গে অবৈধভাবে যে সম্পদের মালিক দুজন হয়েছেন, তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছে আদালত। এ বিষয়ে জেলা প্রশাসক ও দুদককে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন-নিত্যপণ্যের দাম অধিকাংশ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে-কালের কণ্ঠ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের মতো দেশগুলো যুদ্ধের প্রভাব সবচেয়ে বেশি বহন করছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অধিকাংশ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। আমাদের সবার উচিত সাহসের সঙ্গে এই মানবিক সংকট মোকাবেলায় এগিয়ে আসা। ’ 

আজ বুধবার (২৭ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অর্থনৈতিক সহযোগিতামূলক আন্তর্জাতিক জোট ডি-৮-এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং ডি-৮ পররাষ্ট্রমন্ত্রীদের ২০তম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘যে সময় আমরা সবাই কভিড-১৯ মহামারিতে বিপর্যস্ত ছিলাম, সে সময় রাশিয়া-ইউক্রেন সংঘাত বিশ্বকে নতুন করে বিপদে ঠেলে দিয়েছে। সংঘাত এবং পরবর্তী নিষেধাজ্ঞা এবং পাল্টা নিষেধাজ্ঞা খাদ্য, সার, শক্তি ও বিদ্যুৎ এবং অন্যান্য পণ্যের উৎপাদন ও সরবরাহ ব্যাহত করেছে। ’

বিএনপির বিদ্যুৎ নিয়ে বিক্ষোভ বছরের সেরা কৌতুক: ওবায়দুল কাদের-যুগান্তর

বিএনপির বিদ্যুৎ নিয়ে বিক্ষোভ বছরের সেরা কৌতুক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের 

বুধবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। বিএনপি নেতারা বিশ্ব অর্থনীতির সাম্প্রতিক গতিধারা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব, কোভিডপরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার দেখছে না, তারা দেখে শুধু শেখ হাসিনা সরকারের তথাকথিত ব্যর্থতা আর স্বপ্ন দেখে ক্ষমতার মসনদ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি এখন উটপাখির নীতিতে চলছে।তিনি বলেন, বিএনপি বিশ্ব সংকটে বালুতে মাথা গুঁজে আছে আর চিরাচরিত সরকারবিরোধী বিষোদগার অব্যাহত রেখেছে। তাদের রাজনীতিতে নুতনত্ব নেই, জনমানুষের কল্যাণে নেই কোনো ভাবনা। বিশ্ববাজারে তেল, গ্যাস, ভোজ্যতেল, সারের দাম এখনো অস্থির জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার জনকল্যাণে ভর্তুকি দিয়ে সাপ্লাই চেইন ঠিক রাখার অব্যাহত প্রয়াস চালিয়ে যাচ্ছে। 

দেশে ৩২ দিনের ডিজেল মজুত আছে: বিপিসি-মানবজমিন

দেশে ৩২ দিনের চাহিদার সমপরিমাণ ডিজেল মজুত আছে। এছাড়া আমদানি সূচি আগামী ৬ মাসের জন্য নিশ্চিত করা আছে। তাই দেশে কোনো ধরনের জ্বালানি সংকট নেই। কোনো পেট্রল পাম্প প্রয়োজনের চেয়ে কম দিতে চাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-বিপিসি চেয়ারম্যান এ বি এম আজাদ। আজ এক সংবাদ সম্মেলনে তিনি জ্বালানি মজুতের তথ্য তুলে ধরেন। বলেন, জ্বালানি আমদানির স্বাভাবিক সূচি ঠিক আছে। এই মুহূর্তে কোনো সঙ্কট নেই। পাম্পে কম তেল বিক্রি করতে কোনো নির্দেশনা দেয়া হয়নি। কেউ যাতে এমনটি না করে।এ বি এম আজাদ বলেন, দেশে ৪ লাখ ৩১ হাজার ৮৩৫ মেট্রিক টন ডিজেল রয়েছে। আগামী ৩০ জুলাই আরও ৩০ হাজার মেট্রিক টন ডিজেল এখানে পৌঁছবে।

ভরা মৌসুমেও পদ্মায় মাছের দেখা নেই, জেলেরা অসহায়–ইত্তেফাক

ভরা বর্ষা মৌসুমেও ঈশ্বরদীস্থ পদ্মায় মাছের দেখা নেই। আষাঢ়-শ্রাবণ মাসে পদ্মার  উতাল-পাতাল ঢেউ দুকূলে আছড়ে পড়ে। কিন্তু এবার পদ্মায় পানি নেই। পানির প্রবাহ না থাকায় মাছ ধরার ব্যস্ততাও নেই জেলেদের। নৌকা ও জাল নিয়ে জেলেরা নদীতে দিন-রাত চষে বেড়ালেও মাছের দেখা মিলছে না। 

জেলেরা জানিয়েছেন, পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্ট, সাঁড়া ঘাট ও লক্ষ্মীকুন্ডায় জেলেদের জালে খুব একটা মাছ উঠছে না। মাছ না পেয়ে পাকশী গুড়িপাড়া, সাঁড়া ব্লকপাড়া, ৫ নম্বর ঘাট ও লক্ষ্মীকুন্ডার জেলেরা দুর্বিষহ জীবনযাপন করছেন। বুধবার (২৭ জুলাই) সকালে সরেজমিনে পদ্মার সাঁড়া ঘাটে গিয়ে দেখা যায়, রাতভর জেলেরা মাছ ধরে একে একে নৌকা নিয়ে ঘাটে ফিরছেন। রাতের ধরা মাছ সাঁড়া ঘাটে বিক্রির জন্য নিয়ে আসছেন। সারারাত জালে ধরা পড়া মাছ দেখে জেলেরাই হতাশ। এ মাছ বিক্রি করে তাদের দিন হাজিরা উঠছে না।

রাষ্ট্রযন্ত্রের সকল অস্ত্র বিএনপি’র বিরুদ্ধে ব্যবহার হচ্ছে : মির্জা ফখরুল- দৈনিক নয়া দিগন্ত

রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের সকল অস্ত্র এখন বিএনপি’র বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। গত ২২ জুলাই একটি বক্তব্যকে বিকৃত করে রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি নেতা বাবুল হোসেন, মো: শিমুল সরকার, শামীম সরকার, মো: মুকুল হোসেন, হেলাল উদ্দিন রিয়াল ও জাহাঙ্গীর আলমের নামে রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতার দায়ের করা মিথ্যা ও বানোয়াট মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল এ বিবৃতি দেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের সকল অস্ত্র এখন বিএনপি’র বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। হত্যা, গুম থেকে শুরু করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর মতো কর্মসূচি অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করছে আওয়ামী সরকার।

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক, পার্থ নিয়ে কি সিদ্ধান্ত নিতে পারেন মমতা? জল্পনা তুঙ্গে-আনন্দবাজার

গত শনিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর গ্রেফতারির পর পাঁচদিন কেটে গেলেও তাঁকে দলের মহাসচিব পদ বা মন্ত্রিত্ব থেকে সরাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিরোধীদের তরফে চাপ তৈরি করা হচ্ছে পার্থকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার। ইতিমধ্যে মঙ্গলবার পার্থ তাঁর মন্ত্রীর গাড়ি চাবি-সহ বিধানসভায় ফিরিয়ে দিয়েছেন। সেই ঘটনার সূত্রেও জল্পনা ছড়িয়েছে তাঁর মন্ত্রিত্বের ভবিষ্যৎ নিয়ে। তৃণমূলের মুখপত্রেও পার্থকে আর এখন ‘মহাসচিব’ বা ‘মন্ত্রী’ বলে লেখা হচ্ছে না।

এই টানাপড়েনের মধ্যেই বৃহস্পতিবার দুপুরে নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। মন্ত্রীদের কাছে ইতিমধ্যেই সেই বার্তা পৌঁছে গিয়েছে। সেই বৈঠকে যে বেহালা পশ্চিমের বিধায়ক তথা রাজ্যের তিনটি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী পার্থর যোগ দেওয়া হবে না, তা স্পষ্ট হয়ে গিয়েছে। তাই প্রশাসনিক মহল এবং রাজনীতির কারবারিরা মনে করছেন, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা পার্থকে নিয়ে বেশকিছু সিদ্ধান্ত নিতে পারেন।

ঠিক বলেছেন মমতা, কলকাতা ফিরেই বললেন পার্থ-দৈনিক আজকাল

ঠিক বলেছেন মমতা ব্যানার্জি।

কলকাতা ফিরে দলনেত্রীর বক্তব্যেই সায় দিলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ১০ দিন ইডির হেফাজতে থাকবেন তিনি। কলকাতা হাইকোর্টের নির্দেশে গতকাল তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল ভুবনেশ্বর এইমস-এ। আজ কলকাতা ফেরার পর তাঁকে সোজা নিয়ে যাওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সে। 

এদিকে পার্থ যখন ভুবনেশ্বর এইমস-এর স্পেশ্যাল কেবিনে, তখন বাংলায় দুর্নীতি নিয়ে মঞ্চে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার রাজ্যে বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ এবং মহানায়ক সম্মান, ২০২২-এর অনুষ্ঠান ছিল। রাজ্যের মন্ত্রীর গ্রেপ্তারির পর, গতকাল অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে প্রথম মুখ খোলেন মুখ্যমন্ত্রী।

সেখানে তিনি বলেন, "আমি আজ শোকাহত। সবাই সাধু বলছি না। কেউ যদি দোষী হয়, যাবজ্জীবন কারাদণ্ড হলেও আই ডোন্ট মাইন্ড।" ভুবনেশ্বর থেকে আজ সকালেই কলকাতায় পৌঁছেছেন পার্থ চ্যাটার্জি। বিমান বন্দর থেকে বেরনোর সময় তাঁকে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। তার উত্তরে প্রাক্তন শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ঠিক বলেছেন। উল্লেখ্য তৃণমূলের তরফ থেকে এই মামলার দ্রুত নিষ্পত্তির আর্জি জানানো হয়েছে।

বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে ৩৮ তৃণমূল বিধায়ক’, বিস্ফোরক দাবি মিঠুনের- দৈনিক সংবাদ প্রতিদিন

বারবার তৃণমূল (TMC) নেতৃত্ব দাবি করে, একাধিক বিজেপি সাংসদ-বিধায়ক ঘাসফুল শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছে। দলবদলের জন্য পা বাড়িয়ে রয়েছেন তাঁরা। বুধবার পালটা দাবি করলেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakrabarty)। তাঁর দাবি, “৩৮ জন তৃণমূল বিধায়ক আমাদের সঙ্গে ভাল যোগাযোগ রাখছে। ২১ জন তো সরাসরি আমার সঙ্গে যোগাযোগ রাখছে।” স্বাভাবিকভাবেই বলিউড তারকার তথা বিজেপি নেতার এহেন মন্তব্যে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। যদিও মিঠুনের দাবি উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব।

বুধবার হেস্টিংসে বিজেপি বিধায়কদের নিয়ে বৈঠক করেন মিঠুন। সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক (সাংগঠনিক) সতীশ ধন্দ। এরপরই সতীশ ধন্দ এবং অভিনেতা রুদ্রনীল ঘোষকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন মিঠুন। সেখান থেকেই একাধিক বিস্ফোরক মন্তব্য করলেন বলিউডের সুপারস্টার। 

পার্সটুডে/বাবুল আখতার/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।