জুলাই ২৯, ২০২২ ১৩:৪৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৯ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম:

বাংলাদেশের শিরোনাম:

  • মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহত-দৈনিক প্রথম আলো
  • কূটনীতিকদের মুখ বন্ধ করতে দূতাবাসগুলোতে চিঠি-মানবজমিন
  • সময় নেই এখন জেগে উঠতে হবে : ফখরুল- দৈনিক নয়া দিগন্ত
  • শিখন ঘাটতি পূরণে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে: শিক্ষামন্ত্রী -যুগান্তর
  • মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে ৫৬৮২ টাকা-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • ‘আমি ষড়যন্ত্রের শিকার’, অপসারণের পর মুখোশ নামিয়ে বললেন প্রাক্তন মন্ত্রী পার্থ-আনন্দবাজার
  • ‘শুভেন্দুর বাড়িতে এজেন্সি গেলে গুপ্তধন পেত’, বিস্ফোরক অভিযোগ এনে গ্রেপ্তারির দাবি কুণালের-দৈনিক আজকাল
  • বাড়িতে বসে আন্দোলন হয় না, চাকরিপ্রার্থীদের ভর্ৎসনা কলকাতা হাই কোর্টের- দৈনিক সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহত-দৈনিক প্রথম আলো

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে মিসরাই বড়তাকিয়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলে ১১ জন মারা যান। আহত হন তিনজন। হতাহতদের বাড়ি হাটহাজারীর আমানবাজার এলাকায় বলে জানা গেছে।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খৈয়াছড়া ঝরনা নামের পর্যটন স্পট থেকে গোসল করে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ধাক্কা দেওয়ার পর মাইক্রোবাসটিকে প্রায় এক কিলোমিটার ঠেলে নিয়ে যায়। হতাহত সবাই মাইক্রোবাসের যাত্রী।

রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটি ছিল ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী জানান, ট্রেনটি বড়তাকিয়া ক্রস করার সময় লাইনে উঠে যায় মাইক্রোবাসটি। এ সময় ইঞ্জিনের ধাক্কায় মাইক্রোবাসটি কিছু দূর চলে যায়। লেবেল ক্রসিংয়ের বাঁশ ঠেলে মাইক্রোবাসটি লাইনে ওঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, এ ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে ৫৬৮২ টাকা-কালের কণ্ঠ

বাংলাদেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে আগেরবারের তুলনায় ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু বার্ষিক বৈদেশিক ঋণের পরিমাণ বেড়েছে। এক অর্থবছরে এই ঋণের পরিমাণ পাঁচ হাজার ৬৮২ টাকা বা ৬০ ডলার। বর্তমান বাজারদর (প্রতি ডলার ৯৪.৭০ টাকা ধরে) অনুযায়ী আগের অর্থবছর মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ছিল চার হাজার ২৭১ টাকা। অর্থাৎ আগের বছরের চেয়ে ২০২১-২২ অর্থবছর এক হাজার ৪১১ টাকা মাথাপিছু ঋণ বাড়ল। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সব শেষ হালনাগাদ প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে এই হিসাব পাওয়া গেছে।

২০২১-২২ অর্থবছরে উন্নয়ন সহযোগী সংস্থারা বাংলাদেশকে ঋণ দিয়েছে মোট ৯২ হাজার ৯০৭ কোটি ৮৯ লাখ ৭২ হাজার টাকা বা ৯৮১ কোটি সাত লাখ ৬০ হাজার ডলার। এসব অর্থের বেশির ভাগ মূলত গেছে কভিডভিত্তিক প্রকল্প ও কর্মসংস্থানের জন্য। এর আগের অর্থবছর বৈদেশিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলো ঋণের অর্থ ছাড় করেছিল ৭৪৪ কোটি ৮৬ লাখ ৮০ হাজার কোটি ডলার।

সময় নেই এখন জেগে উঠতে হবে : ফখরুল- দৈনিক নয়া দিগন্ত

বিএন‌পির নেতাকর্মী‌দের উদ্দেশে বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব‌লে‌ছেন, আর সময় নেই এখন জেগে উঠতে হবে। এই ভয়াবহ ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজ সরকারকে একটা ধাক্কা দিতে হবে। ‘দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান’।

‌তি‌নি ব‌লেন, এখন আর অনেক দফাটফা নাই। এখন একটাই দফা, এক দাবি এই মুহূর্তে পদত্যাগ করো। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করো। একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এই সংসদ বাতিল করো এবং নতুন নির্বাচন কমিশনের অধীনে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দাও।

শুক্রবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জ্বালানি, গ্যাসের মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তব্যকালে এই মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের পতনঘণ্টা বাজতে শুরু করেছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখন বিদ্যুৎ, এর পরে জ্বালানি তেল, এর পর দেখবেন খাজাঞ্চিখানা শূন্য হচ্ছে, রিজার্ভ শেষ হচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে আকাশচুম্বী হয়ে।’

শিখন ঘাটতি পূরণে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে: শিক্ষামন্ত্রী -যুগান্তর

করোনাকালীন শিখন ঘাটতি পূরণে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের ফ্যামিলি ডে অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, করোনাকালে শিক্ষার্থীদের শিখন ঘাটতি কোথায় কী হয়েছে এ বিষয়ে গবেষণায় যে ফল পাওয়া গেছে, সে বিষয়ে বিশেষজ্ঞ দল ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে যারা জড়িত তাদের সমন্বয়ে পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাদের এই শিখন ঘাটতি হয়েছে, তাদের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে কীভাবে এই ঘাটতি পূরণ করব, কোথায় আমরা রেমিডিয়াল ক্লাস করব, কোথায় আমরা অ্যাসাইনমেন্টের মাধ্যমে দেব—এ বিষয়ে সব পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সপ্তাহেই মন্ত্রী পর্যায়ের একটি বৈঠক রয়েছে। বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়ে বাস্তবায়ন শুরু হয়ে যাবে।

কূটনীতিকদের মুখ বন্ধ করতে দূতাবাসগুলোতে চিঠি-মানবজমিন

ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের ‘কূটনৈতিক শিষ্টাচার ও রীতিনীতি’ মেনে চলার তাগিদ দিয়েছে সরকার। ঢাকার সব দূতাবাস, জাতিসংঘ কার্যালয় এবং আন্তর্জাতিক সংস্থার অফিসে এ সংক্রান্ত অভিন্ন নোট ভারবাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই চিঠির একটি কপি পেয়েছে মানবজমিন। যেখানে ১৮ই জুলাই ডেটলাইন রয়েছে। অবশ্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকার একাধিক কূটনৈতিক মিশন সূত্র বলছে, নোট ভারবালটি বিদায়ী সপ্তাহেই মিশনে মিশনে পৌঁছেছে। চিঠিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সাম্প্রতিক কিছু ঘটনায় আমরা সকলকে সম্মানের সঙ্গে এটা স্মরণ করাতে চাই যে, সরকারি ও বেসরকারি পর্যায়ে যোগাযোগ বা কাজে কূটনৈতিক সুবিধাপ্রাপ্তদের ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন এবং ১৯৬৩ সালের কনস্যুলার নীতি পুরোপুরি মেনে চলা উচিত। বিদেশি কূটনীতিকদের শিষ্টাচার মেনে চলার তাগিদ দিয়ে প্রায়শই এমন নোট পাঠানোর দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। নোট ভারবাল পাঠানোর আগে এবং পরে একাধিকবার গণমাধ্যমের সঙ্গে আলাপেও তিনি বিদেশিদের তৎপরতায় উষ্মা প্রকাশ করেন। কিন্তু বিদেশিদের মুখে কুলুপ আঁটতে মিশনে মিশনে চিঠি পাঠানোর এমন নজির বাংলাদেশে খুব একটা নেই বলে মনে করেন পেশাদার কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

‘আমি ষড়যন্ত্রের শিকার’, অপসারণের পর মুখোশ নামিয়ে বললেন প্রাক্তন মন্ত্রী পার্থ-আনন্দবাজার

মন্ত্রিত্ব তো গিয়েইছে। দল থেকেও সাসপেন্ড করা হয়েছে তাঁকে। কেড়ে নেওয়া হয়েছে যাবতীয় দলীয় পদ। বৃহস্পতিবারের ওই ঘটনাপ্রবাহের পর শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় বলে দিলেন, তিনি ষড়যন্ত্রের শিকার! শুক্রবার স্বাস্থ্যপরীক্ষার জন্য তাঁকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়ি থেকে নামিয়ে হুইলচেয়ারে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে মুখের মাস্ক (মুখোশ) নামিয়ে পার্থ সংক্ষিপ্ত মন্তব্য করেন, ‘‘আমি ষড়যন্ত্রের শিকার।’’

পার্থের ওই মন্তব্য সংক্ষিপ্ত হলেও ‘তাৎপর্যপূর্ণ’। কারণ, পার্থ কারও নাম করেননি। ফলে তিনি ‘ষড়যন্ত্র’ বলতে কী বোঝাতে চেয়েছেন, তার স্পষ্ট নয়। তিনি কি তাঁকে গ্রেফতারির কথা বোঝাতে চেয়েছেন? নাকি তিনি তাঁর সঙ্গে তৃণমূল যে ‘দূরত্ব’ রচনা করেছে, তার কথা বলতে চেয়েছেন? পার্থ তা স্পষ্ট করেননি। স্পষ্ট করেননি বলেই দ্রুত জল্পনা শুরু হয়ে গিয়েছে। কাকে ‘দায়ী’ করতে চাইছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূলের প্রাক্তন পদাধিকারী!

বাড়িতে বসে আন্দোলন হয় না, চাকরিপ্রার্থীদের ভর্ৎসনা কলকাতা হাই কোর্টের- দৈনিক সংবাদ প্রতিদিন

বাড়িতে বসে আন্দোলন হয় না। বঞ্চিত থেকেও আন্দোলনে নেই, এমনটা চলবে না। নবম-দশম শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় এভাবেই চাকরিপ্রার্থীদের তীব্র ভর্ৎসনা করলেন কলকাতা হাই কোর্টের (Calcutta HC) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

যোগ্যতা থাকলেও মেলেনি চাকরি। তাই এক বছরেরও বেশি সময় ধরে মেয়ো রোডে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। রোদ-ঝড়-বৃষ্টিতেও ঠাঁই বসে রয়েছেন সুবিচারের দাবিতে। আজ, শুক্রবার সেই আন্দোলনের ৫০২ দিন। কিন্তু অনেকে সরাসরি আন্দোলনে শামিল হলেও বহু চাকরিপ্রার্থী ধরনা মঞ্চে অনুপস্থিত। অথচ এই আন্দোলনকারীদের সামনে রেখেই তাঁরাও ন্যায্য চাকরি দাবি করছেন ধরনায় না বসেই। এসএসসি নবম-দশম শ্রেণির দুর্নীতি মামলায় (SSC Scam) এদিন এই বিষয়টি নিয়েই আপত্তি করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলে দেন, “বাড়িতে বসে আন্দোলন হয় না। আমি বঞ্চিত, অথচ আমি আন্দোলনে নেই। তাদের আবেদনে কেন সাড়া দেবে আদালত?” এরপরই রীতিমতো ভর্ৎসনার সুরে বলেন, “মোমবাতি নিয়ে মিছিল করলাম আর সামাজিক মাধ্যমে একটা করে বার্তা দিলাম। এভাবে আন্দোলন হয় না।”#

 

পার্সটুডে/বাবুল আখতার/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।