কথাবার্তা
ট্রেনের ধাক্কায় ১১ জন নিহত : প্রাণে বেঁচে যাওয়া ইমনের শ্বাসরুদ্ধকর বর্ণনা
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৩০ জুলাই শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম:
বাংলাদেশের শিরোনাম:
- লাশ দেখে তিন বছরের মেয়েটি বলে উঠল ‘বাবা, বাবা’-দৈনিক প্রথম আলো
- ইইউ পার্লামেন্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান-মানবজমিন
- সড়কে নৈরাজ্যে প্রতিদিন শত শত মানুষ প্রাণ হারাচ্ছেন : মির্জা ফখরুল- দৈনিক নয়া দিগন্ত
- তারা নিজেদের নেত্রীকে মুক্ত করতে আন্দোলন করতে পারে না: ওবায়দুল কাদের -যুগান্তর
- ট্রেনের ধাক্কায় ১১ জন নিহত : প্রাণে বেঁচে যাওয়া ইমনের শ্বাসরুদ্ধকর বর্ণনা-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- বিপুল কর ফাঁকি দেওয়ার অভিযোগ! কসবায় অর্পিতার ‘ইচ্ছে’ নিয়ে তদন্তের নির্দেশ মেয়র ফিরহাদের-আনন্দবাজার
- সন্ত্রাসবাদ বরদাস্ত নয়’, এসসিও বৈঠকে স্পষ্ট বার্তা ভারতের-দৈনিক সংবাদ প্রতিদিন
- SSC নিয়োগ: জট খোলার চেষ্টায় অভিষেক, কেন পরিস্থিতি জটিল করছেন? বিরোধীদের প্রশ্ন কুণালের- দৈনিক সংবাদ প্রতিদিন
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত
লাশ দেখে তিন বছরের মেয়েটি বলে উঠল ‘বাবা, বাবা’-দৈনিক প্রথম আলো
অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে খাটে তোলা হচ্ছিল মিরসরাইয়ে রেলক্রসিংয়ে দুর্ঘটনায় নিহত মাইক্রোবাসের চালক ২৬ বছরের গোলাম মোস্তফার লাশ। বাবাকে এমন অবস্থায় দেখে কাঁদছিল স্বজনের কোলে থাকা মোস্তফার তিন বছরের ছোট্ট মেয়েটি। ডাকছিল ‘বাবা বাবা’ বলে।
আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার খন্দকিয়া গ্রামে গিয়ে দেখা যায় এমন দৃশ্য। গতকাল শুক্রবার সকালে মিরসরাই থেকে ফেরার পথে বড়তাকিয়া স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত হন ১১ জন। আহত হন অন্তত পাঁচজন। নিহত ব্যক্তিদের মধ্যে মাইক্রোবাসের চালক, সহকারী ও কোচিং সেন্টারের শিক্ষক-ছাত্ররা ছিলেন। রাতে নিহত ব্যক্তিদের স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের লাশ হস্তান্তর করে রেলওয়ে পুলিশ।
ট্রেনের ধাক্কায় ১১ জন নিহত : প্রাণে বেঁচে যাওয়া ইমনের শ্বাসরুদ্ধকর বর্ণনা-কালের কণ্ঠ
ট্রেন আসতেছিল, ড্রাইভার খেয়াল করে নাই। ব্যারিকেডও ছিল না। রেল লাইনে ওঠার সঙ্গে ট্রেন এসে আমাদেরকে মারি দিছে। তারপর আমি পড়ি গেছি। পেছনে আমরা যারা বসছি, যেখানে ট্রেন মারছে সেখানেই পড়ে গেছি। মাইক্রোটাকে নিয়ে ট্রেন সামনে চলে গেছে। ’ মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেন ও মাইক্রোবাস দুর্ঘটনায় বেঁচে যাওয়ায় ইমন এভাবেই শ্বাসরুদ্ধকর বর্ণনা দিচ্ছিলেন। তিনি দুর্ঘটনা কবলিত ওই মাইক্রোবাসের পেছনে থাকায় প্রাণে বেঁচে যান।
পিকনিকে যাওয়া শিক্ষার্থীদের একজন ইমন। ইমন দাবি করেন রেল লাইনে কোনো ব্যারিকেড ছিল না, ছিল না কোনো বাঁশ। গেটকিপারও ছিলেন না দাবি করে দায়িত্ব অবহেলার অভিযোগে গেটকিপারের বিচারও চাইলেন তিনি। ওই মাইক্রোবাসে মোট ১৮ জন ছিলেন বলে জানান ইমন। ইমন বলেন, ওই সময় কোনো লোকজনই ছিল না। দায়িত্বে অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে, আমার বন্ধুরা চলে গেছে, স্যারও চলে গেছে। আমি বিচার চাই, গেটম্যানের বিচার চাই।
সড়কে নৈরাজ্যে প্রতিদিন শত শত মানুষ প্রাণ হারাচ্ছেন : মির্জা ফখরুল- দৈনিক নয়া দিগন্ত
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনি তো গোটা সড়ক ব্যবস্থাকে নৈরাজ্যের মধ্যে ফেলে দিয়েছেন। প্রতিদিন শত শত মানুষ এই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন। গতকাল মাইক্রোবাস করে ১১ জন শিক্ষার্থী যাচ্ছিল ট্রেন সবাইকে হত্যা করেছে। এমন অসংখ্য নজির আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ বিদ্যুৎ, গ্যাস পাচ্ছে না। আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। রাজনীতি, বিচারবিভাগকে ধ্বংসের পর এবার অর্থনীতিকে শেষ করছে। এটা তাদের চরিত্র। সরকার উন্নয়নের মিথ তুলে ধরে জনগণকে বিভ্রান্ত করছে।’
তারা নিজেদের নেত্রীকে মুক্ত করতে আন্দোলন করতে পারে না: ওবায়দুল কাদের -যুগান্তর
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে দল নিজেদের নেত্রীকে মুক্ত করার জন্য আন্দোলন করতে পারে না তারা নাকি আবার সরকার পতন ঘটাবে- এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। শনিবার সকালে বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
মানুষকে জেগে ওঠতে বিএনপি নেতারা যে বক্তব্য দিয়েছেন তার জবাবে ওবায়দুল কাদের বলেন, মানুষ ঠিকই জেগে আছে; কেউ ঘুমিয়ে নেই বরং বিএনপি নেতারাই জেগে জেগে ঘুমাচ্ছেন। আন্দোলনের ফানুস উড়িয়ে তারা গভীর শীত নিন্দ্রায় চলে যাচ্ছেন এমন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সরকার পতন আন্দোলন মানে নিজ দলের নেতাকর্মীদের মাঝেই এক গভীর দীর্ঘশ্বাস আর হতাশার বহিঃপ্রকাশ। তিনি বলেন, কিছু একটা বলতে হবে তাই এসব হাই সাউন্ডিং শব্দ তারা ব্যবহার করে, বাস্তবে তাদের সক্ষমতা কতটুকু তা আমরা জানি, আন্দোলনের বস্তুগত পরিস্থিতিও বিরাজমান কিনা সেটাও বিএনপি নেতারা জানে না।
ইইউ পার্লামেন্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান-মানবজমিন
ইউরোপীয় পার্লামেন্ট বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করেছে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছে। গত ১৯শে জুলাই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উপদেষ্টা ভ্যালেরিও বালজামো এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ম্যানেল মসালমির সহায়তায় ইপিপি গ্রুপ এবং পার্লামেন্ট সদস্য ও হোস্ট ফুলভিও মার্তুসিলো কর্তৃক "বাংলাদেশে গণতন্ত্র হুমকির মুখে এবং মানবাধিকারের লঙ্ঘন" শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে এমন আহ্বান জানানো হয়।
দ্য ইউরোপীয়ান টাইমস এ খবর নিশ্চিত করে জানায়ঃ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর কথা বলতে ইইউ প্রতিনিধিদলের সাম্প্রতিক বাংলাদেশ সফরের পাশাপাশি এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই প্রতিনিধিদলটি শ্রম অধিকার নিয়ে আলোচনা করেছিল। ইউরোপ প্রবাসী বাঙালিদের উপস্থিতিতে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা বাংলাদেশের মানবাধিকারকর্মী এবং বাংলাদেশের রাজনৈতিক কর্মীদের সাথে নিয়ে মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র প্রধানত আসন্ন নির্বাচন এবং সংখ্যালঘুদের বিষয়ে আলোচনা করেন।
বিপুল কর ফাঁকি দেওয়ার অভিযোগ! কসবায় অর্পিতার ‘ইচ্ছে’ নিয়ে তদন্তের নির্দেশ মেয়র ফিরহাদের-আনন্দবাজার
ইচ্ছে’ করে কর ফাঁকি দিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়! কসবার রাজডাঙা মেইন রোডের উপর ‘ইচ্ছে’ বাড়িটি নিয়ে এ বার তদন্তের নির্দেশ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের। এই জমিতে বাড়ি তৈরি করার পর পুরসভাকে বিপুল পরিমাণ কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। দোষ প্রমাণ হলে কড়া ব্যবস্থার ইঙ্গিত কেএমডিএর চেয়ারম্যান ফিরহাদের।
বিতর্কের কেন্দ্রে কসবায় ৯৫ নম্বর রাজডাঙা মেইন রোডের তিনটি প্লট। পুরসভার কর ও রাজস্ব খাতা অনুযায়ী তার নম্বর ১০, ১১ এবং ১২। ১১ নম্বরে প্লটে রয়েছে ‘ইচ্ছে’ বাড়িটি। ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতার সেই বাড়িটিতেও অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এ ছাড়া ১০ এবং ১২ প্লটে বাড়ি থাকলেও পুরসভার খাতায় ফাঁকা জমি হিসেবেই চিহ্নিত আছে। ১১ নম্বর প্লটে ‘ইচ্ছে’ বাড়িটি ২ কাঠা ৯ ছটাক জমির উপর তৈরি। তার জন্য পুরসভা বাৎসরিক কর পায় ২,৩৫৬ টাকা। অথচ, বাড়ি-সহ এই জায়গার প্রকৃত পুরকর হওয়া উচিত ১ লক্ষ ৭৫ হাজার টাকারও বেশি! অর্থাৎ, অভিযোগ শুধুমাত্র একটি জমিতেই পুরসভার বিপুল কর ফাঁকি দেওয়া হয়েছে। একই প্রশ্ন রয়েছে অন্য দু’টি প্লট নিয়েও।
SSC নিয়োগ: জট খোলার চেষ্টায় অভিষেক, কেন পরিস্থিতি জটিল করছেন? বিরোধীদের প্রশ্ন কুণালের- দৈনিক সংবাদ প্রতিদিন
তিনি সাংসদ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও। তবে প্রশাসনিক কোনও পদে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তা সত্ত্বেও কেন ক্যামাক স্ট্রিটের অফিসে এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করলেন তিনি? আর কীভাবেই বা মেধাতালিকায় থাকা সকলকে দিলেন চাকরির আশ্বাস? শাসকদল তৃণমূলের দিকে একের পর এক সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বিরোধীরা। শনিবার সকালে সাংবাদিক বৈঠক করে বিরোধীদের পালটা জবাব দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কেবলমাত্র নিয়োগ সংক্রান্ত জট কাটানোর চেষ্টায় অভিষেক এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন বলেই সাফ জানালেন তিনি। কেন অযথা জটিলতা তৈরি করছেন, বিরোধীদের পালটা প্রশ্নও ছুঁড়ে দিলেন কুণাল।
সন্ত্রাসবাদ বরদাস্ত নয়’, এসসিও বৈঠকে স্পষ্ট বার্তা ভারতের-দৈনিক সংবাদ প্রতিদিন
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েই চলতে হবে। উজবেকিস্তানে এসসিও (SCO) সদস্যভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের সম্মেলনে এমনটাই জানালেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। সেই সঙ্গে কোভিড ও ইউক্রেন সংঘাতের ফলে বিশ্বজুড়ে সৃষ্টি হওয়া খাদ্য সঙ্কট এবং জ্বালানি সঙ্কটের দ্রুত নিষ্পত্তি হওয়ার প্রয়োজনীয়তার দিকেও দৃষ্টি আকর্ষণ করলেন তিনি। প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে এই গোষ্ঠীর সদস্য হয় ভারত।
বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এসসিও বৈঠক। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই, রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ও পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোদের সঙ্গে এই বৈঠকে যোগ দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রীও। কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ এই বৈঠকের দিকে নজর ছিল ওয়াকিবহাল মহলের। আর এই বৈঠকেই সন্ত্রাসবাদ ও ইউক্রেন যুদ্ধের মতো বিষয়ের পাশাপাশি চাবাহার বন্দর নিয়েও কথা বলতে দেখা গেল জয়শংকরকে। ইরানের চাবাহারের বন্দরকে মধ্য এশিয়ার বাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার ডাক দিতে দেখা গিয়েছে তাঁকে।#
পার্সটুডে/বাবুল আখতার/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।